নৈতিকতা বিষয়টি সব পেশার জন্যই গুরুত্বপূর্ণ। সব পেশার লোককেই তার পেশাসংশ্লিষ্ট নির্দিষ্ট কিছু নীতি মেনে চলতে হয়। তবে, চিকিৎসাসেবার সঙ্গে নৈতিকতার বিষয়টি ওতপ্রতোভাবে জড়িত প্রাচীনকাল থেকেই। এটি পেশা হিসেবে গড়ে ওঠে মূলত ধর্মযাজকদের মাধ্যমে। প্রাচীন গ্রিসে দেবতাদের মন্দিরে রোগীদের সেবা দেওয়া হতো। তখন রোগকে দেখা হতো ঈশ্বরের অভিশাপ হিসেবে। প্রাচীনকালে চিকিৎসা পেশা মোটেও বিজ্ঞানভিত্তিক ছিল না, বরং এটা ধর্মীয় আচার হিসেবেই গণ্য হতো। অবশ্য চরকের সময় চিকিৎসাসেবা যথেষ্ট যুক্তিভিত্তিক হয়ে ওঠে। প্রাচীন গ্রিস বা মিসরের মতো ভারতবর্ষেও চরক ও শশ্রুতার (খ্রিষ্টপূর্ব ২০০-৫০০) মতো ধর্মযাজক বা ধর্মগুরুদের মাধ্যমেই চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। এই উপমহাদেশের দিকে তাকালেও আমরা দেখব, এ অঞ্চলের কবিরাজদের অধিকাংশই ছিলেন ধর্মপ্রাণ বা ধর্মগুরু।আধুনিককালে বিজ্ঞান ধর্মযাজকদের কাছ থেকে চিকিৎসা পেশাকে আলাদা করলেও নৈতিকতার সঙ্গে এ পেশার সম্পর্কটা থেকেই যায়। হিপোক্রেটিসের ‘ট্রিটিজ অব মেডিসিন’ এবং চরকের প্রতিজ্ঞা (‘ওথ’) পড়লে আমরা দেখব, তাঁরা দুজনই কতগুলো নৈতিক বিষয়ে চিকিৎসকদের পূর্বপ্রতিজ্ঞা বা ‘ওথ’ নেওয়ার কথা বলেছেন। এতে বোঝা যায়, তাঁরা চিকিৎসকের নৈতিকতার ওপর যথেষ্ট জোর দিয়েছেন। বিশেষ করে, তাঁরা চিকিৎসার ক্ষেত্রে নারী-পুরুষ, ধনী-দরিদ্র, দাস-দাসী, শত্রু-মিত্র সব রোগীকে সমান চোখে দেখা, রোগীর গোপনীয়তা রক্ষা করা, গর্ভপাতে সহায়তা না করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।আধুনিককালে চিকিৎসা ক্রমশ বিজ্ঞানভিত্তিক হয়ে উঠলেও চিকিৎসকের নৈতিকতা কখনো উপেক্ষিত হয়নি; বরং চিকিৎসকের এই নৈতিক অবস্থানই চিকিৎসককে রোগীর কাছে আস্থাভাজন করে তুলেছে, তাঁকে মর্যাদার আসনে বসিয়েছে। অনেক সময় এমনও দেখা গেছে, একজন চিকিৎসকই একসময় হয়ে উঠেছেন রোগীর সবচেয়ে বিশ্বাসভাজন ব্যক্তি, রোগী এমনকি তাঁর পরিবারের অভিভাবক, ফিলোসফার ও গাইড।চিকিৎসা পেশা মানুষের কাছে অনন্য এক পেশা হিসেবে মর্যাদা লাভ করেছে আরও এক কারণে। যেমন, আইন ও চিকিৎসা—এ দুটি স্বাধীন পেশা হলেও একজন আইনজীবী তাঁর মক্কেলের কেসের ধরন অনুযায়ী ফি কমবেশি করতে পারেন। কিন্তু একজন চিকিৎসক তা করেন না। রোগের ধরন অনুযায়ী বা চিকিৎসার জন্য রোগীকে প্রদত্ত সময় অনুযায়ী তাঁর ফি কমবেশি হয় না; বরং একজন চিকিৎসক যোগ্যতা অনুযায়ী যদি তাঁর ফি ২০০ টাকা নির্ধারণ করে থাকেন, তবে তা অনধিক ২০০ টাকা হিসেবেই গণ্য হয়। অর্থাৎ চিকিৎসক কোনো রোগীর কাছ থেকে তাঁর নির্ধারিত ফির চেয়ে বেশি রাখবেন না, বরং এর চেয়ে কম রাখতে পারেন। রোগীর আর্থিক সামর্থ্য বিবেচনা করে তিনি কারোর কাছ থেকে কোনো ফি নাও নিতে পারেন।আধুনিককালে চিকিৎসাসেবা একদিকে যেমন বিজ্ঞানভিত্তিক হয়ে উঠেছে, অন্যদিকে এতে প্রযুক্তির ব্যবহারও বেড়েছে। আবিষ্কৃত হয়েছে প্রাণরক্ষাকারী অনেক ওষুধ। কোনো কোনো ওষুধের রয়েছে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া, প্রযুক্তির ব্যবহারেও আছে নানারকম ঝুঁকি। রোগীকে সুস্থ করে তুলতে চিকিৎসককে কখনো কখনো কিছু ঝুঁকি নিতেই হয়। তা না হলে চিকিৎসা-প্রক্রিয়াই বাধাগ্রস্ত হবে। এর ফলে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটে না তা নয়, কিন্তু চিকিৎসকের ওপর রোগী ও তাঁর পরিবারের আস্থা ও বিশ্বাস থাকলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তা নিয়ে সাধারণত কোনো সমস্যা হয় না। অনেক সময় চিকিৎসকদের এ রকমও মনে হতে পারে যে চিকিৎসা অন্যভাবে করলেই হয়তো ভালো হতো! কিন্তু চিকিৎসক যদি চিকিৎসায় আন্তরিক হন, তিনি যদি চিকিৎসায় কোনো অবহেলা না করেন, যদি তিনি রোগী বা তাঁর পরিবারের সদস্যদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেন, তবে অনিচ্ছাকৃত ভুলের জন্য তাঁর কোনো সমস্যায় পড়ার কথা নয়। কিন্তু অতিসম্প্রতি চিত্রটা বদলাতে শুরু করেছে। চিকিৎসাকালে কোনো রোগী মারা গেলে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দেখা যায়, রোগীর আত্মীয়স্বজনেরা চিকিৎসককে লাঞ্ছিত করছেন বা হাসপাতালে ভাঙচুর চালাচ্ছেন! কেন এ রকম হচ্ছে?এর একটা বড় কারণ, চিকিৎসকের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস অনেক কমে গেছে। রোগী বা তাঁর পরিবারের সদস্যদের সংশয়, রোগীর চিকিৎসায় চিকিৎসক তাঁর সর্বোচ্চ চেষ্টা করেননি! সব চিকিৎসক যে একই রকম, তা নয়। কিন্তু তা সত্ত্বেও চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা যেন এখন অনেকটাই কমে গেছে। চিকিৎসকদের প্রতি মানুষের এই অনাস্থা এক দিনে গড়ে ওঠেনি। এই অনাস্থা তৈরি হয়েছে অনেক দিন ধরে। কয়েক দশক ধরে মানুষের মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, তা থেকে মুক্ত নন চিকিৎসকেরাও। কারণ তাঁরা এই সমাজেরই অংশ। তবে যেসব চিকিৎসক চিকিৎসাকে পণ্য বানিয়ে ফেলেছেন, আজকের এই পরিস্থিতির জন্য তাঁরাই অনেকাংশে দায়ী। তা ছাড়া চিকিৎসকদের কোনো জবাবদিহির ব্যবস্থা না থাকা, আইনের যথাযথ প্রয়োগ না হওয়াও এই পরিস্থিতির জন্য অনেকটা দায়ী।উন্নত বিশ্বে হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাকালে কোনো রোগী মারা গেলে রোগীর আত্মীয়স্বজনেরা হাসপাতাল ভাঙচুর করেছে বা চিকিৎসককে লাঞ্ছিত করেছে, এমন কথা শোনা যায় না। রোগীর স্বজনেরা যদি মনে করেন চিকিৎসায় কোনো রকম অবহেলা হয়েছে, বা রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তারা চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন। ‘ল অব টর্ট’-এর অধীন এ মামলাটিতে চিকিৎসায় কোনো অনিচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে চিকিৎসকেরা ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। এ কারণে উন্নত বিশ্বে চিকিৎসকদের ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক। এ কারণে সেখানে চিকিৎসকদের ফি বা চিকিৎসার খরচও তুলনামূলকভাবে বেশি।উন্নত বিশ্বে চিকিৎসকদের সামাজিক মর্যাদা এখনো অন্য অনেক পেশাজীবীর চেয়ে বেশি। অথচ বাংলাদেশে চিকিৎসকদের মর্যাদা দিন দিন যেন কমে যাচ্ছে। তাঁদের প্রতি রোগীদের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। এই আস্থা ও বিশ্বাস ফিরিয়ে না আনতে পারলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে বাধ্য। আমরা মনে করি, মহান এই পেশার মর্যাদা, চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থা ফিরিয়ে আনার দায়িত্বটা শুধু চিকিৎসকদের একার নয়, এ ব্যাপারে সমাজেরও কিছুটা দায়িত্ব আছে।চিকিৎসকদের যেসব সংগঠন আছে, সেগুলোও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার ঘটনা ঘটলে এবং রোগীর স্বজনদের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বসহকারে আমলে নেওয়া দরকার। তদন্তে কোনো চিকিৎসক দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে সবাই আন্তরিক হলে, আবারও চিকিৎসকদের প্রতি রোগী ও তাঁর পরিবারের সদস্যদের আস্থা ও বিশ্বাস ফিরে আসবে। আইন স্বাভাবিক গতিতে চললে, চিকিৎসকদের জবাবদিহি প্রতিষ্ঠিত হলে চিকিৎসাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা আপনা থেকেই কমে আসবে।নিজেদের পেশার মর্যাদা ও গৌরব ফিরিয়ে আনার জন্য চিকিৎসকদেরও সচেতন হতে হবে, রোগীর প্রতি সহমর্মী হতে হবে। রোগীকে এই বিশ্বাস দিতে হবে যে চিকিৎসার ক্ষেত্রে তিনি তাঁর চেষ্টায় কোনো ত্রুটি রাখছেন না! যে চিকিৎসক রোগীর সমব্যথী, যে চিকিৎসক রোগীর চিকিৎসায় আন্তরিক, তাঁকে মানুষের ভালো না বেসে উপায় কী!অধ্যাপক এ কে আজাদ খান: চিকিৎসাবিজ্ঞানী ও সমাজকর্মী। সভাপতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।ফরিদ কবির: কবি ও প্রাবন্ধিক। যুগ্ম পরিচালক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।