চিকিৎসাবঞ্চিত কারাবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের ছয়টি কারাগারের চিকিৎসাসেবার যে চিত্র গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত। কারাবন্দীদের চিকিৎসার সুযোগ-সুবিধার যে আদৌ প্রয়োজন রয়েছে, সেই বিবেচনা বোধ সংশ্লিষ্টদের আছে বলে মনে হয় না।

প্রথম আলোর খবর অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলায় একটি কেন্দ্রীয় কারাগার ও পাঁচটি জেলা কারাগার রয়েছে। এসব কারাগারে বন্দীর সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। এর মধ্যে কেবল বরিশাল কেন্দ্রীয় কারাগারের ৫৮ শয্যার হাসপাতালে প্রেষণে একজন সার্বক্ষণিক চিকিৎসক রয়েছেন। কেন্দ্রীয় কারাগারের বাইরে বিভাগের পাঁচ জেলা—পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরের কারাগারগুলোতে কোনো চিকিৎসক নেই। এসব কারাগারে নার্স কিংবা ফার্মাসিস্ট দিয়ে চলে চিকিৎসাসেবা। বন্দীরা অসুস্থ হলে বাইরের হাসপাতালে নিতে হয়, এতে প্রায়ই কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও বন্দীদের বিড়ম্বনায় পড়তে হয়।

কোনো কয়েদি যদি হৃদ্‌রোগ বা জটিল কোনো রোগে আক্রান্ত হন, তাহলে ভোগান্তির আর শেষ থাকে না। এ ধরনের রোগীদের প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত নিতে হয় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যা অত্যন্ত ঝক্কির। এদিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালের জনবলকাঠামো অনুযায়ী ছয়টি পদ থাকলেও আছেন মাত্র দুজন। তাঁদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রেষণে নিয়োগপ্রাপ্ত একজন সহকারী সার্জন এখানে কর্মরত। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও ল্যাবরেটরি টেকনিশিয়ানের একটি করে এবং ডিপ্লোমা নার্সের দুটি পদ শূন্য।

চিকিৎসা পাওয়া একজন বন্দীর মৌলিক অধিকার। বন্দী রাখার মানে এই নয়, তাঁর সব মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যত বড় অপরাধীই হন না কেন, তাঁর চিকিৎসা পাওয়ার অধিকার আছে। জেলবিধি অনুযায়ী, প্রতিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান চিকিৎসা কর্মকর্তা, সার্বক্ষণিক একজন পুরুষ ও একজন নারী চিকিৎসা কর্মকর্তা থাকা বাধ্যতামূলক। জেলা কারাগারে প্রধান চিকিৎসা কর্মকর্তার পাশাপাশি একজন চিকিৎসা কর্মকর্তা থাকা বাধ্যতামূলক। কিন্তু এ বিধি যে যথাযথভাবে মানা হচ্ছে না, তা তো স্পষ্ট। চিকিৎসক নিয়োগে কারাগারগুলোর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর এ উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু বরিশাল বিভাগ নয়, দেশের সব কারাগারে চিকিৎসক-সংকট রয়েছে। এ সংকট দূর করতে হবে। কারাগারগুলোতে দ্রুত শূন্যপদে চিকিৎসক নিয়োগ দিতে হবে। চিকিৎসক বা নার্সদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়াতে হবে, যাতে করে তাঁরা কারা হাসপাতালে সেবা দিতে উৎসাহ পান। অ্যাম্বুলেন্সসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধাও নিশ্চিত করা জরুরি।

আমরা আশা করব, কারাগারের বন্দীদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত সমন্বিত উদ্যোগ নেবে। একজন কারাবন্দীও যেন চিকিৎসার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।