চিকিৎসাবঞ্চিত লক্ষাধিক বনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের গর্ব। সুন্দরবন যেমন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, তেমনি দেশের অর্থনীতিতেও ব্যাপক অবদান রাখছে। ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স পরিচালিত এক জরিপ অনুযায়ী, দেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান প্রতিবছর প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। সুন্দরবন থেকে সবচেয়ে বেশি সংগ্রহ হয় মধু, মোম, গোলপাতা, মাছ, চিংড়ি, কাঁকড়া ও জ্বালানি কাঠ। অথচ যাঁরা এসব সংগ্রহ করে দিচ্ছেন, তাঁদের চিকিৎসাসেবায় সুন্দরবন এলাকায় নেই কোনো হাসপাতাল!

বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, সুন্দরবন ও সংলগ্ন বঙ্গোপসাগরে প্রতিবছরের অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শুঁটকির মৌসুম, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ইলিশ, মধু ও মোম আহরণের মৌসুম এবং বছরের অন্য সময় গোলপাতা আহরণের মৌসুম। তাই প্রায় বছরজুড়েই জীবিকার টানে এখানে ছুটে আসেন জেলে, বাওয়ালি, মৌয়ালসহ নানা পেশার লোকজন। এঁদের সংখ্যা লক্ষাধিক। এ ছাড়া রয়েছেন বনরক্ষীরা। বিশুদ্ধ পানির অভাবে, প্রাণীর আক্রমণ ও অন্যান্য কারণে তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কোনো হাসপাতাল না থাকায় চিকিৎসাসেবা পাওয়ার কোনো উপায় তাঁদের থাকে না। চিকিৎসা পাওয়ার জন্য তাঁদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা সাতক্ষীরা অথবা খুলনার হাসপাতালে যেতে হয়, যেগুলো কিনা সুন্দরবন থেকে অনেক দূর। নৌকা বা ট্রলার ছাড়া যাতায়াতের অন্য কোনো পথ নেই। এসব জায়গায় ট্রলারে করে গেলেও ১০ থেকে ১৫ ঘণ্টা সময় লাগে। ফলে গুরুতর আহত বা অসুস্থ অনেকে পথেই মারা যান। সুন্দরবনের চরগুলোতেও নেই কোনো চিকিৎসক। শুধু পাঁচ-ছয়টি ফার্মেসি আছে। সেখানে জ্বর বা ডায়রিয়ার ওষুধ ছাড়া আর কিছু পাওয়া যায় না।

মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম হচ্ছে চিকিৎসা পাওয়ার অধিকার। আর এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারেরই। অথচ সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সুন্দরবনের লাখ লাখ বনজীবী। যাঁদের বদৌলতে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করে, তাঁদের চিকিৎসাসেবার দিকে সরকারের নজর না থাকাটা শুধু দুঃখজনক নয়, বিস্ময়করও বটে।

প্রথম আলোর খবর অনুযায়ী, ১৯৯৩ সালে আন্তমন্ত্রণালয়-সংক্রান্ত এক বৈঠকে সুন্দরবনসংলগ্ন এলাকায় তিনটি মিনি হাসপাতাল নির্মাণের জন্য প্রকল্প গ্রহণের কথা বলা হয়। তবে তা আলোচনাতেই সীমাবদ্ধ থাকে। ২০১০ সালের ফেব্রুয়ারিতে বন বিভাগ সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে দুটি ভাসমান হাসপাতাল নির্মাণের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠায়। ৯ বছর পার হলেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই।

আমাদের প্রশ্ন হচ্ছে, হাসপাতাল পাওয়ার জন্য সুন্দরবনের বনজীবীদের আর কত কাল অপেক্ষা করতে হবে? আমরা এ ব্যাপারে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।