স্বাস্থ্যব্যবস্থা তথা দেশের সরকারি চিকিৎসাসেবার সাফল্যের দিক নিশ্চয়ই রয়েছে, কিন্তু এ ক্ষেত্রে একধরনের নৈরাজ্য যে বিরাজ করছে তা নিয়ে সন্দেহ রাখার অবকাশ নেই। জনগণের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, সরকারের দিক থেকেও অসন্তোষ রয়েছে। বিশেষ করে, চিকিৎসায় অবহেলার কারণে অব্যাহত রোগীমৃত্যু সবাইকে ভাবিয়ে তুলেছে। চিকিৎসায় অবহেলা বিষয়ে পৃথক ও পূর্ণাঙ্গ আইনের প্রয়োজন সব মহলেই অনুভূত হয়েছে। আশার কথা, আইন কমিশন এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। চিকিৎসাসেবা-সংক্রান্ত সমস্যার প্রতিকারে বিচ্ছিন্নভাবে আইনে বিভিন্ন ধারা থাকলেও সরাসরি অবহেলার প্রতিকার ও শাস্তিবিষয়ক আইন ছিল না। যেকোনো ক্ষেত্রের মতো চিকিৎসকদের দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টি একেবারেই ঐচ্ছিক হতে পারে না। আবার সচেতন অবহেলা ও পেশাগত জটিলতাজনিত বিপর্যয়ের মধ্যেও পার্থক্য রাখা দরকার। প্রথমটি শাস্তিযোগ্য অপরাধ, দ্বিতীয়টি বিশ্লেষণ ও নজরদারির বিষয়। কেবল ভোক্তা হিসেবেই নয়, নাগরিক হিসেবে মানবিক সেবা পাওয়ার অধিকারী হিসেবে প্রত্যেক রোগীরই সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার আছে। সেই অধিকার যদি চিকিৎসক কিংবা চিকিৎসার সঙ্গে জড়িত কারও জন্য ক্ষতিগ্রস্ত হয়, কিংবা দায়িত্বহীনতার কারণে যদি কোনো রোগীর জীবন ও স্বাস্থ্যের ক্ষতি হয়, তাহলে অবশ্যই তার বিহিত করার ব্যবস্থা থাকতে হবে। আলোচ্য আইনে চিকিৎসকদের জন্য একটি নীতিমালা প্রণয়ন, সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অবহেলার আইনি প্রতিকারের বিষয় থাকছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ দেওয়ানি আদালত গঠনের কথাও এতে আছে। চিকিৎসাক্ষেত্রে সংঘটিত অপরাধ বা অবহেলার সবই দেওয়ানি আদালতের বিষয়বস্তু কি না, তা ভেবে দেখা দরকার। বাংলাদেশে চিকিৎসকদের সংগঠন খুবই প্রভাবশালী। বিপরীতে সাধারণ রোগীদের অধিকার রক্ষার জন্য কোনো প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ নেই। সুতরাং চিকিৎসকদের স্বার্থরক্ষার পাশাপাশি আইনে জনগণের স্বার্থও রক্ষা করতে হবে। এ জন্য আইনটি জনগণের বিভিন্ন অংশের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হওয়া বাঞ্ছনীয়।