চিকুনগুনিয়ার পরিস্থিতি এখন যে আকার ধারণ করেছে, তা এক দিনে হয়নি। আমাদের দুর্ভাগ্য, সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ও ঢাকার দুই সিটি করপোরেশন বিষয়টিকে শুরুর দিকে গুরুত্বই দেয়নি। গণমাধ্যমে এ নিয়ে লেখালেখি ও আক্রান্ত ব্যক্তিদের অসহনীয় দুর্ভোগের কথা যখন থেকে প্রকাশ হতে শুরু করেছিল, তাকে গুরুত্বের সঙ্গে নিলে পরিস্থিতি আজ এ পর্যায়ে যেত না। সরকার বরং ব্যস্ত থেকেছে পরিস্থিতি যে ‘মহামারি’ পর্যায়ে যায়নি, সেটা প্রতিষ্ঠা করতে।
‘মহামারি’ শব্দটি সরকার চিকুনগুনিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে চাক বা না চাক, বাস্তবতা হচ্ছে এই রোগ ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। রোগটির ব্যাপক বিস্তার ও আক্রান্ত লোকজন যে কষ্টের মধ্য দিয়ে গেল ও যাচ্ছে, তা মূলত সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার ফল। এডিস মশার মাধ্যমে এই রোগ ছড়ায় এবং এই মশার নিয়ন্ত্রণই এই রোগের বিস্তার ঠেকানোর একমাত্র পথ। এ ধরনের মশা যে বর্ষা মৌসুমে ও জমে থাকা বৃষ্টির পানিতে জন্মায়, সেটা কোনো অজানা বিষয় নয়। মশা মারার দায়িত্ব সিটি করপোরেশনগুলোর, তারা বিষয়টিকে বিবেচনায় নেয়নি। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার পর ঢাকার দুই মেয়র যে শেষ পর্যন্ত এ নিয়ে কথা বলেছেন ও মশা নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচির কথা বলছেন, এটাকেই এখন ঢাকাবাসীর বড় পাওয়া হিসেবে বিবেচনা করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে দুই মেয়রের কারও তরফেই নিজেদের কোনো ব্যর্থতা ও দায় স্বীকারের কথা শোনা গেল না। অন্যদিকে নর্দমা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ নিয়ে ওয়াসা ও সিটি করপোরেশনগুলোর দীর্ঘ দিনের সমন্বয়হীনতা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও বিস্ময়করভাবে নির্বিকার থেকে যাচ্ছে। কেউই কোনো দায় নিতে চায় না।
এডিস মশা মূলত বাড়িঘরে জমে থাকা পানিতে জন্মে। ফলে নগরবাসীর নিজেদের সচেতনতার বিষয়টি এ ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ঘরে ঘরে গিয়ে মশা মারা সম্ভব নয় বলে মন্তব্য করে ঢাকা উত্তরের মেয়র সমালোচিত হয়েছেন, পরে তিনি তাঁর বক্তব্যের জন্য দুঃখও প্রকাশ করেছেন। আক্ষরিক অর্থে কেউ তাঁদের বাড়ি বাড়ি যাওয়ার কথা বলেনি, কিন্তু এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির দায়িত্বটি কি সিটি করপোরেশনগুলো যথাযথভাবে পালন করেছে? এলাকাভিত্তিক মশা মারার উদ্যোগই বা কতটা কার্যকর ছিল?
ঢাকার দুই সিটি করপোরেশনের তরফে এখন যে বিশেষ মশা মারার কর্মসূচি ও উদ্যোগ নেওয়া হচ্ছে, তাতে সামনে পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশা করতে পারি। তবে এবার যে অভিজ্ঞতা হয়েছে, তা ভবিষ্যতে শিক্ষা হিসেবে কাজে লাগবে—সেটাই আমাদের প্রত্যাশা। জনস্বার্থ নিয়ে এ ধরনের দায়িত্বহীনতা আমরা সামনে আর দেখতে চাই না।