চিঠিপত্র
স্বাধীনতাআমাদের মহান স্বাধীনতা দিবসের ৩৯তম বার্ষিকীতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব জাতীয় বীরদের—মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজের জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। তাঁরা সবাই আমাদের একটি নতুন সূর্যের স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নকে বাস্তবায়নের প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন, তাঁদের মহত্ এ স্বপ্নকে ধারণ করেই আমরা উদ্বুদ্ধ হই দেশপ্রেমে, আমাদের মধ্যে সঞ্জীবনী সুধা হিসেবে কাজ করে তাঁদের ত্যাগের এই অবিস্মরণীয় নিদর্শন। আরও একবার সবার প্রতি লাল সালাম। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৩৯ বছর পর যখন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি, তখন হতাশ না হয়ে আমাদের কোনো উপায় আছে কি? মহান মুক্তিযোদ্ধারা যে আশার স্বপ্নচারী ছিলেন এই দীর্ঘ সময়ে আমরা কতটুকু পেরেছি সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে? তাহলে কেন আমরা এখনো পারিনি সেসব হায়েনাদের বিচার করতে, যাদের প্রত্যক্ষ মদদে লাখো বাঙালির প্রাণ বিসর্জিত হয়েছে, মা-বোনেরা হয়েছে নির্যাতিত। সর্বোপরি বুদ্ধিজীবীদের হত্যা করে একটি দেশকে অঙ্কুরেই বিনষ্ট করার হীন চেষ্টায় তারা মেতে উঠেছিল। এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে! যখন দেখি, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের গাড়িতে লাল-সবুজ পতাকা উড়ছে। মহান মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মা কী শান্তি পাবে এসব কর্মকাণ্ড দেখে, নাকি তাঁরা আমাদের ক্ষমা করবেন কখনো? বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারে উদ্যোগী হয়েছে। এখন যথাসম্ভব দ্রুত তা সম্পন্ন করা দরকার। শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, সাম্প্রতিক সময় এমন কোনো জাতীয় ইস্যু খুঁজে পাওয়া কঠিন, যেখানে সব রাজনৈতিক দলের নেতারা মতৈক্যে পৌঁছাতে পেরেছেন। পার্শ্ববর্তী অনেক দেশ যখন কম সময়েই উন্নতির শিখরে আরোহণ করেছে, তখন আমরা তলানিতেই পড়ে আছি শুধু রাজনৈতিক নেতাদের পারস্পরিক প্রতিহিংসার কারণে। এ দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের অনেক নেতাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে। তাহলে এখন কেন তাঁরা দ্বিধাবিভক্ত? দেশের কল্যাণের জন্য যে মহত্ চেতনায় উজ্জীবিত হয়ে তাঁরা যুদ্ধ করেছিলেন, সেই চেতনার নিদর্শন কেন ধরে রাখতে পারছেন না দেশের স্বার্থে? গড্ডলিকা প্রবাহের মতো যে রীতি ৩৯ বছর ধরে চলে আসছে, তার ব্যত্যয় ঘটাতে দরকার কিছুটা ত্যাগ; যে ত্যাগের মহিমা মহান মুক্তিযুদ্ধে প্রদর্শিত হয়েছে, এ ক্ষেত্রে তার কিয়দংশই যথেষ্ট। তাই সবার কাছে অুনরোধ, শুধু বিশেষ দিনে নতুন করে শপথ নিয়ে নয়, তা অন্তরে ধারণ করে একটু পরিবর্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে ব্রত হই প্রিয় দেশটাকে বাঁচাতে। আমরা আর বহির্বিশ্বের মুখাপেক্ষী হতে চাই না। মো. মোহসীনুল ফিরোজ ঢাকা। সড়ক পাকা চাইগাজীপুর জেলা সদরের ছয়দানা মালেকের বাড়ি থেকে জাঝর পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি অবস্থানগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু হয়ে সড়কটি জাঝর এলাকায় ঢাকা বাইপাস সড়কের সঙ্গে মিলিত হয়েছে। স্থানীয় গাছা ইউনিয়ন পরিষদ ১৯৮৭ সালে সড়কটি নির্মাণ করে। তখন সড়কটি কাঁচা ছিল। ১৯৯৩ ও ১৯৯৬ সালে এলজিইডি দুই দফায় রাস্তাটিতে দুই কিলোমিটার ইট বসায়। এর পর গত ১৪ বছরে সড়কটির নির্মাণ বা সংস্কার কিছুই হয়নি। স্থানীয় ছয়দানা, গুতিয়ারা, বালিয়ারা, সাক্রাউড়ি, জাঝর গ্রামের নয় হাজার লোকের যাতায়াতের একমাত্র সড়ক এটি। আশপাশে শিল্পাঞ্চল গড়ে ওঠায় এ সড়কের ওপর চাপ বেড়েছে। সড়কটি এখন শুধু যান চলাচল নয়, লোক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। তিন কিলোমিটার সড়কজুড়ে ছোট-বড় গর্ত। এলাকার লোকজন বিশেষ করে চাকরিজীবী ও শিক্ষার্থীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত বছরের ২৭ জানুয়ারি গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল সড়কটির পাকাকরণের কাজ উদ্বোধন করেন। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও কাজের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে গুরুত্বপূর্ণ এ সড়কটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করি।মো. আবদুর রাজ্জাকগাজীপুর।