চিঠিপত্র
আমরা ভুলে যাইগত কয়েক মাসে ছাত্রলীগের বেপরোয়া তাণ্ডবে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাতাস ভারী হয়ে উঠেছে। অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, হল দখল, ভর্তিবাণিজ্যসহ নানা সহিংস ঘটনার নেতৃত্বে রয়েছে তারাই। তাদের তাণ্ডবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ হতে চলেছে। গুটিকয়েক ছাত্রনামধারী সন্ত্রাসীর কারণে লাখ লাখ সাধারণ শিক্ষার্থীর জীবন আজ বিপন্ন।অভিভাবকেরাও আছেন উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে। ছাত্রলীগের দৌরাত্ম্য আজ এতটাই বেড়ে গেছে যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনও তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। তারা যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেও অসহায়ত্ব প্রকাশ করছে। আমি মনে করি, এ অসহায়ত্ব শুধু তাদের একার নয়, বরং সরকারেরও। যদি তা না-ই হতো, তবে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন ছাত্রলীগের সাংগঠনিক নেতৃত্বে ইস্তফা দিলেন, সেদিনই এসব বন্ধ হয়ে যেত। ছাত্রলীগের এসব কর্মকাণ্ড সমর্থন করেননি বলেই তিনি ছাত্রলীগ ত্যাগ করেছিলেন।তার পরও এসব ঘটনার পুনরাবৃত্তি স্পটই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ছাত্রলীগ সরকারকেও মানছে না। সরকারের কর্তাব্যক্তিদের এ নিয়ে তেমন মাথাব্যথাও দেখা যায় না। এর দৃষ্টান্তও খুব স্পষ্ট—সাংবাদিক নির্যাতন, শিক্ষক পেটানো, সানি ও আবু বকর হত্যার মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলোর ক্ষেত্রে তারা যে লোক দেখানো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তা নিতান্তই তুচ্ছ। গুরু পাপে এমন লঘু দণ্ডের দৃষ্টান্ত নিঃসন্দেহে তাদের আরও বেপরোয়া ভূমিকায় অবতীর্ণ হতে অনুপ্রাণিত করেছে। একের পর এক ছাত্রলীগের এমন নৃশংস ও অসংযমী আচরণে জনমনে যে ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করছে, তার তীব্রতা সরকারের কর্তাব্যক্তিরা কি এতটুকুও অনুমান করতে পেরেছেন? যদি পেরে থাকেন, তবে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এস এম মোস্তাক আহেমদমঠবাড়িয়া, পিরোজপুর।অবাধ বৃক্ষনিধন২১ মার্চ বিশ্ব বন দিবসে প্রথম আলোয় প্রকাশিত বনাঞ্চল ধ্বংসের খবরগুলো পড়ে আঁতকে উঠলাম। যদিও এ ধরনের খবর শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তার পরেও ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত’ এই গাছগুলোর জন্য বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। ভোলার তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিন বিটে ১৯৭৮-৭৯ সালে লাগানো বন বিভাগের ১৬ হাজার ২৮৩ একর ম্যানগ্রোভ বনের মধ্যে সাড়ে তিন হাজার একরের গাছ কেটে নিয়েছে ভূমিদস্যুরা এবং এই গাছ পাচার করা হচ্ছে স্থানীয় ইটভাটায়। যেখানে একসময় মাইলের পর মাইল কেওড়া বাগান ছিল, সেখানে আজ বিরানভূমি। উপকূলীয় এই বন শুধু চরের প্রতিবেশ, পরিবেশ তথা বাস্তুসংস্থানের জন্যই গুরুত্বপূর্ণ নয়; এই বন চরের লোকজনকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ অন্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করত। এ ছাড়া কক্সবাজার জেলার দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বনে চলছে নির্বিচারে বৃক্ষনিধন, এক মাসে বনের ৪০০ গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সংরক্ষিত বনে গাছ কাটা পরিবেশ আইনের পুরো পরিপন্থী। ক্ষমতাসীন দলের লোকজনের ছত্রছায়ায় এসব ধ্বংসযজ্ঞ সংঘটিত হচ্ছে। পাশাপাশি এসব ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় প্রভাবশালী লোকজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বন বিভাগের কিছু অসাধু কর্মচারী। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় যেখানে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই, সেখানে আমাদের দেশে চলছে বৃক্ষনিধনের মহোৎসব। সরকার এক দিকে পরিবেশ সংরক্ষণের কথা বলছে, অন্যদিকে তাদের দলীয় লোকজন নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করছে। পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সরকারের এমন উদাসীনতা তাদের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই এখনই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।সুজয় সুব্রতশাবিপ্রবি, সিলেট।সড়ক সংস্কারময়মনসিংহের রাস্তাঘাট দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খোদ ময়মনসিংহ পৌরসভার চারদিকের রাস্তাগুলো, বিশেষ করে এর সংলগ্ন আমলাপাড়ার প্রধান তিনটি রাস্তায় স্থানে স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শহরটির আরও অনেক রাস্তার অবস্থাও করুণ। তা ছাড়া বৃষ্টি হলে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়তি আরেকটি সমস্যার জন্ম দিচ্ছে। এ অবস্থায় পথচারীদের আর দুর্ভোগের শেষ থাকে না। এ সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যা দূর করার জন্য বিভিন্ন সময়ে অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু জনগণ এর সফল বাস্তবায়ন আজও প্রত্যক্ষ করেনি। কর্তৃপক্ষের কাছে ময়মনসিংহবাসীর আবেদন, শহরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর আশু সংস্কার এবং জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য সঠিক পায়োনিষ্কাশন পরিকল্পনা প্রণয়ন করুন।অমিত চৌধুরীআমলাপাড়া, ময়মনসিংহ।