চিঠিপত্র
সেবার ব্রত‘আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে চাই। আমি সকলের দোয়াপ্রার্থী।’ কথাগুলো আমার নয়। কথাগুলো হচ্ছে আলোকিত শিক্ষার্থীদের পত্রিকায় প্রকাশিত সাক্ষাত্কারের। ৯ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয় সড়ক দুর্ঘটনাকবলিত অন্তঃসত্ত্বা মাহিনুর আক্তারের মর্মান্তিক কাহিনি। মাহিনুর আক্তার সড়ক দুর্ঘটনার শিকার হলে তাঁর এক প্রতিবেশী প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। কিন্তু স্থানীয় হাসপাতাল গুরুতর আহত মাহিনুর আক্তারের চিকিৎসায় অপারগতা প্রকাশ করে। প্রতিবেশী লোকটি উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিরপুর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন মাহিনুর আক্তারকে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন আগে টাকা না দিলে চিকিৎসা করা হবে না, এমনকি হাসপাতালেও ভর্তি করা হবে না। প্রতিবেশী লোকটি অনেক কাকুতি-মিনতি করেন চিকিৎসা শুরু করার জন্য। কিন্তু অর্থপিশাচ চিকিৎসক তাঁর সিদ্ধান্তে অনড়। মাহিনুর আক্তার হাসপাতালের সীমানার ভেতর থেকেই অমানবিক এ আচরণ সহ্য করে পৃথিবী ছেড়ে চলে যান। হয়তো বা অমানবিক চিকিত্সকের কারণেই বঞ্চিত হলো দুই বছরের শিশু শাওন মাতৃস্নেহ থেকে। শাওন একদিন বড় হবে। অবগত হবে মানবিক গুণাবলি বিবর্জিত চিকিৎসক সম্পর্কে। পরিচিত হবে সমাজের নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে।২ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের শিরোনাম ছিল ‘আজ বাঁ পায়ে অস্ত্রোপচার’ অর্থাত্ কনিকা রহমান নামক একজন রোগীর বাঁ পায়ে অস্ত্রোপচার করার কথা থাকলেও ঢাকায় পঙ্গু হাসপাতালের সম্মানিত চিকিত্সকেরা ভুল করে বাঁ পায়ে অস্ত্রোপচার না করে করেছেন ডান পায়ে।গত বছর একজন অসহায় দরিদ্র কৃষক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু কি নির্মম পরিহাস, তিনি হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা পাননি। সম্ভ্রান্ত শ্রেণীর চিকিত্সকেরা তাঁকে চিকিৎসা দিতে চাননি। চিকিৎসা না পেয়ে তিনি বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে।দেশে এমনও অনেক খ্যাতনামা ডাক্তার রয়েছেন যাঁদের চেম্বারে প্রবেশ করলে সময়নিষ্ঠ মানুষের উত্তম পরিচয় পাওয়া যায়। তাঁরা সময় সম্পর্কে এতটাই সচেতন যে রোগীদের সঙ্গে ঠিকমতো কথাই বলেন না। তার কারণ রোগীদের সঙ্গে কথা বলে যদি একটু সময় বেশি নষ্ট হয়ে যায় এ দিন একজন রোগী দেখা থেকে বঞ্চিত হবেন। রোগী দেখা থেকে বঞ্চিত হলে নির্দিষ্ট একটা ফি থেকেও বঞ্চিত হবেন।ইতিমধ্যে যাঁরা খ্যাতনামা চিকিৎসক হয়েছেন তাঁরাও হয়তো একসময় প্রথমে উল্লিখিত কথাগুলো দিয়েছেন। তাঁরা যদি তাঁদের দেওয়া কথাটিকে সম্মান করতেন তাহলে এ দেশ হয়তো অনেক এগিয়ে যেত।রতিন কুমার দাশশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।ডাকঘরের উন্নয়নলালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বহু মানুষ জীবিকার প্রয়োজনে দূর-দূরান্তে বাস করে। ইউনিয়নটি নানা দিক দিয়ে উন্নত হলেও এখানকার ডাকব্যবস্থা উন্নত নয়। জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরের এ ইউনিয়নে যে ডাকঘরটি আছে তার ব্যবস্থাপনা তেমন উন্নত নয়। একজন কর্মীকে একাই সব কাজ করতে হয়। জেলা সদর থেকে চিঠিপত্র প্রথমে মোগলহাট ও দুর্গাপুর—এরপর জনগণের হাতে পৌঁছায়। অনেক সময় দেখা যায়, জরুরি চিঠিপত্র ডাকঘরেই থেকে যায় তিন-চার দিন। শিক্ষার্থীদের সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয়। স্থায়ী ঠিকানা এখানে হওয়ায় চাকরিসহ অনেক দরকারি কাগজপত্র বাড়িতে পাঠানো হয়। কিন্তু চিঠি বাড়িতে পৌঁছানো এবং আমাদের বর্তমান ঠিকানায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর কার্ডটি হাতে পেলেও অনেক ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার সময় পার হয়ে যায়। তাই দুর্গাপুর ইউনিয়নের ডাকব্যবস্থা উন্নয়নে পোস্টমাস্টার জেনারেলকে অনুরোধ করছি। সুজন সরকারলালমনিরহাট।