চিঠিপত্র
ছাত্রলীগের লাগামবাংলাদেশ ছাত্রলীগ এ দেশের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে ছাত্রদের উজ্জীবিত করে তাদের সঞ্জীবনী শক্তি হিসেবে দীর্ঘ সময় কাজ করে গেছে। আর এটা সম্ভব হয়েছিল সংগঠনটির নেতৃত্বে থাকা কিছু মানুষের কারণে, যাঁরা নিজস্ব মেধা কাজে লাগিয়ে একদিকে যেমন নিজ নিজ ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন; তেমনি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার টানে আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাঁদের মূলমন্ত্র ছিল দেশের কল্যাণ; সংগঠন চালিয়ে নিজেদের আখের গোছানো নয়।কিন্তু বর্তমানে ছাত্রলীগের সেই সোনালি অতীত এখনো বিদ্যমান আছে বলে মনে হয় না। থাকলে কেন তাদের এত খবরের শিরোনাম হতে হয়? কিছুদিন আগেই ছাত্রলীগের নেত্রীকে নিয়োগ না দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে তালাবদ্ধ করে রাখা হয়। আবার ছাত্রলীগের সদস্যদের জন্য কোটা বরাদ্দের দাবিতে এক শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। ছাত্রলীগ কি মেধাশূন্য হয়ে গেছে যে তাদের জন্য এখন অবৈধ কোটা-সুবিধা বরাদ্দ করতে হবে? এতেই বোঝা যায় যে মেধা নয়, শুধু ক্ষমতাকে হাতিয়ার হিসেবে নিয়েই অনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছেন সংগঠনটির বর্তমান নেতা-কর্মীরা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মূল বিষয় ছিল দিনবদল। কিন্তু মনে হচ্ছে ছাত্রলীগের কারণে তাদের এই দিনবদল ব্যর্থ হতে চলেছে। তা না হলে বিগত সরকারগুলোর সময় ক্ষমতাসীন ছাত্র সংগঠন যেসব অনৈতিক সুবিধা পেয়েছে, আওয়ামী লীগ কেন ছাত্রলীগকে তা থেকে নিবৃত্ত করতে পারছে না?তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, দিনবদলের কথা শুধু মুখে নয়, মনে আন্তরিকতার সঙ্গে ধারণ করে ছাত্রলীগের লাগাম এখনই টেনে ধরার ব্যবস্থা করুন। কারণ গণতান্ত্রিক দেশে শিক্ষা দেওয়ার সবচেয়ে বড় অভিভাবক কেবল জনগণ, সরকার নয়।মো. মোহসীনুল ফিরোজ, ঢাকা।উচ্চকণ্ঠ ব্যক্তিআশ্বস্ত হচ্ছি এই ভেবে যে একটি বিরাট সমস্যার কথা জোরালোভাবে বলার মতো অন্তত একজন মানুষ বাংলাদেশে আছেন—তিনি মুহম্মদ জাফর ইকবাল। ঘড়ির কাঁটা ঘোরাঘুরির মতো একটি বিশৃঙ্খল কাজ তাঁর কথায় বন্ধ হওয়ায় দেশের মানুষ শেষ পর্যন্ত স্বস্তি পেল।আরও অনেক সমস্যার কথা আমরা জানি। যেমন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, সঞ্চয়ী হিসাব ও চলতি হিসাবে ব্যাংকগুলোর সার্ভিস চার্জ আদায়, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন রকম চাঁদা, বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা ইত্যাদি দেশের মধ্যবিত্ত জনগণকে ব্যাপক ভোগাচ্ছে। এসব সমস্যা সরকার এক এক করে সমাধান করলে দেশের মানুষ অনেক স্বস্তি পেত। আফরোজা বেগমআরামবাগ, ঢাকা।