চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক বাঁচানোর দায় ঝড়-বৃষ্টি-বন্যাসহ নানান প্রাকৃতিক দুর্যোগ থেকে সন্তানের মতো আগলে রেখে ফসল উপযোগী করে তোলেন কৃষক। একদিকে অমানুষিক কায়িক পরিশ্রম, অন্যদিকে গাঁটের পয়সা খরচ করে ফসল ঘরে তোলেন। কৃষক ফসল ঘরে তুলে চোখভরে তা দেখেন—এটুকুই তাঁদের সান্ত্বনা। এরপর ফসল নিয়ে শুরু হয় বিড়ম্বনা। লাভ তো দূরের কথা, খরচ তুলে আনাও দুঃসাধ্য হয়ে পড়ে। এতে ঋণের বোঝাও বাড়তে থাকে। এ চিত্র নতুন নয়। এই পরিণতির জন্য কৃষক নন, বরং বাজার ব্যবস্থাপনার দুর্বলতাই দায়ী। তাই কৃষকেরা আর চুপ থাকতে না পেরে অন্যরকম প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। যে টমেটো বাজারে সরবরাহের কথা, তা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় ঢেলে বলতে থাকেন, ‘রক্তঝরা পরিশ্রমের মূল্য চাই’। প্রতি কেজি টমেটো উৎপাদনে খরচ পড়ে তিন-চার টাকা; কিন্তু তা বিক্রি করতে হচ্ছে দুই টাকায়। কী খাবেন কৃষক। দেনা শোধ করবেন কী দিয়ে? পর্যাপ্ত হিমাগার না থাকায়, সর্বোপরি স্থানীয় কাঁচাবাজারের প্রতি সরকারের দৃষ্টি না থাকায় প্রতিবছর কৃষককে এ ধরনের বিপাকে পড়তে হচ্ছে। অধিকাংশ সবজি ঋতুকালীন ও সহজে পচনশীল। সবজি সংরক্ষণের যথেষ্ট ব্যবস্থা নেই। আলুর ক্ষেত্রে ভয়াবহ অবস্থা চলছে। আলু তোলার সময়ও শেষ হয়ে আসছে। বাজারে দাম নেই। কৃষক চান তাঁর পণ্য হিমাগারে রাখতে। কিন্তু দেশব্যাপী হিমাগার অপর্যাপ্ত হওয়ায় কৃষকের মাথায় হাত পড়ছে বেশ কিছুকাল ধরেই। কৃষিবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা হিমাগারের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন, কিন্তু না হয়েছে পর্যাপ্ত হিমাগারের ব্যবস্থা, না হয়েছে কৃষিপণ্য পরিবহনের সুবিধা। তাই সরকারের উচিত, পর্যাপ্ত সংরক্ষণের সুবিধা প্রদান করে কৃষককে তাঁর কৃষিপণ্যের মূল্য পাওয়ার সুযোগ করে দেওয়া। প্রয়োজনে সরকারকে প্রতিবছর উৎপাদিত ফল, সবজির ওপর মূল্য নির্ধারণ করে দিতে হবে। মোটকথা, কৃষক যেন বাঁচতে পারেন, কৃষক যেন তাঁর পরিশ্রমের সঠিক মূল্য পান, সে ব্যবস্থা করার প্রধান দায়িত্ব বর্তায় সরকারের ওপরই।হারুনুর রশিদনবীগঞ্জ, হবিগঞ্জ।