চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক বাঁচানোর দায়ঝড়-বৃষ্টি-বন্যাসহ নানান প্রাকৃতিক দুর্যোগ থেকে সন্তানের মতো আগলে রেখে ফসল উপযোগী করে তোলেন কৃষক। একদিকে অমানুষিক কায়িক পরিশ্রম, অন্যদিকে গাঁটের পয়সা খরচ করে ফসল ঘরে তোলেন। কৃষক ফসল ঘরে তুলে চোখভরে তা দেখেন—এটুকুই তাঁদের সান্ত্বনা। এরপর ফসল নিয়ে শুরু হয় বিড়ম্বনা। লাভ তো দূরের কথা, খরচ তুলে আনাও দুঃসাধ্য হয়ে পড়ে। এতে ঋণের বোঝাও বাড়তে থাকে। এ চিত্র নতুন নয়। এই পরিণতির জন্য কৃষক নন, বরং বাজার-ব্যবস্থাপনার দুর্বলতাই দায়ী। তাই কৃষকেরা আর চুপ থাকতে না পেরে অন্য রকম প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। যে টমেটো বাজারে সরবরাহের কথা, তা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় ঢেলে বলতে থাকেন, ‘রক্তঝরা পরিশ্রমের মূল্য চাই’। প্রতি কেজি টমেটো উত্পাদনে খরচ পড়ে তিন-চার টাকা; কিন্তু তা বিক্রি করতে হচ্ছে দুই টাকায়। কী খাবেন কৃষক। দেনা শোধ করবেন কী দিয়ে? পর্যাপ্ত হিমাগার না থাকায়, সর্বোপরি স্থানীয় কাঁচাবাজারের প্রতি সরকারের দৃষ্টি না থাকায় প্রতিবছর কৃষককে এ ধরনের বিপাকে পড়তে হচ্ছে। অধিকাংশ সবজি ঋতুকালীন ও সহজে পচনশীল। সবজি সংরক্ষণের যথেষ্ট ব্যবস্থা নেই। আলুর ক্ষেত্রে ভয়াবহ অবস্থা চলছে। আলু তোলার সময়ও শেষ হয়ে আসছে। বাজারে দাম নেই। কৃষক চান তাঁর পণ্য হিমাগারে রাখতে। কিন্তু দেশব্যাপী হিমাগার অপর্যাপ্ত হওয়ায় কৃষকের মাথায় হাত পড়ছে বেশ কিছুকাল ধরেই। কৃষিবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা হিমাগারের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন, কিন্তু না হয়েছে পর্যাপ্ত হিমাগারের ব্যবস্থা, না হয়েছে কৃষিপণ্য পরিবহনের সুবিধা। তাই সরকারের উচিত, পর্যাপ্ত সংরক্ষণের সুবিধা প্রদান করে কৃষককে তাঁর কৃষিপণ্যের মূল্য পাওয়ার সুযোগ করে দেওয়া। প্রয়োজনে সরকারকে প্রতিবছর উত্পাদিত ফল, সবজির ওপর মূল্য নির্ধারণ করে দিতে হবে। মোট কথা, কৃষক যেন বাঁচতে পারেন, কৃষক যেন তাঁর পরিশ্রমের সঠিক মূল্য পান, সে ব্যবস্থা করার প্রধান দায়িত্ব বর্তায় সরকারের ওপরই।হারুনুর রশিদনবীগঞ্জ, হবিগঞ্জ।গ্রন্থাগারিকদের বেতনবাংলাদেশের কলেজের গ্রন্থাগারগুলো অত্যন্ত অবহেলিত। এখানে নেই প্রয়োজনীয় জনবল, নেই জনবল নিয়োগের নির্দিষ্ট নীতিমালা। সরকারি কলেজে গ্রন্থাগারিকের পদ প্রায়ই শূন্য থাকে। অথচ নিয়োগের ব্যাপারে কারও কোনো মাথাব্যথা নেই। এতে করে শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তা আমাদের কারও বোধগম্য হয় না।গ্রন্থাগারিকদের পদমর্যাদার পরিস্থিতিটা আমার নিজের অভিজ্ঞতা থেকে উপস্থাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৮ সালের জুন মাসে জাতীয় বেতন স্কেলের ০৯ নম্বর কোডে কলেজ গ্রন্থাগারিক পদে যোগদান করি। গ্রন্থাগারিক হিসেবে ২০ বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু অদ্যাবধি আমার বেতন স্কেল ও কোড নম্বর অপরিবর্তিত রয়েছে। এ অপরিবর্তিত বেতন স্কেলে একজন পেশাদার গ্রন্থাগারিক আর্থিকভাবে বঞ্চিত, মানসিকভাবে পীড়িত ও হতাশাগ্রস্ত। একই সময় একই বেতন স্কেলে যোগদান করে একজন শিক্ষক জাতীয় বেতন স্কেলের ৬ নম্বর কোডের ১৮ হাজার টাকা স্কেলে বেতন পাচ্ছেন। জনবলকাঠামোতে স্নাতকোত্তর গ্রন্থাগারিককে একজন শিক্ষকের মর্যাদায় দেখানো হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে আকাশছোঁয়া বৈষম্য। আরও দুঃখজনক বিষয় হলো, গ্রন্থাগারিকদের সরকারিভাবে অশিক্ষক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বেতন স্কেলের নতুন নিয়মনীতিতেও গ্রন্থাগারিকেরা ভীষণ বৈষম্যের শিকার হবেন। তাঁদের আট বছর চাকরির পর একটি গ্রেডের অর্থাত্ নবম থেকে অষ্টম গ্রেডের পরিবর্তন দেখানো হয়েছে। পরবর্তী সময় আর কোনো পরিবর্তন দেখানো হয়নি। অথচ একজন শিক্ষক নবম থেকে সপ্তম, তারপর ষষ্ঠ ও পঞ্চম গ্রেডে উন্নীত হবেন। পেশাদার গ্রন্থাগারিককে শিক্ষকের সমমর্যাদায় গণ্য করা উচিত। কারণ গ্রন্থাগারিকের অবদান শিক্ষা বিস্তারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনো অংশে কম নয়। স্নাতকোত্তর গ্রন্থাগারিকদের বেতন স্কেল সংশোধনের মাধ্যমে আমাদের কর্মজীবনের দৈনন্দিন কাজ করার প্রেরণা জোগানোর আকুল আবেদন করছি।মো. আবদুল হাইবিরল, দিনাজপুর।রেলপথ সম্প্রসারণআমাদের দেশের সর্বাধিক জনপ্রিয় ভ্রমণের স্থান হলো কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপ। কিন্তু দুঃখের বিষয়, অদ্যাবধি রাজধানী ঢাকা থেকে কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মিত হয়নি। অথচ সড়কপথের তুলনায় রেলপথে ভ্রমণ শুধু সাশ্রয়ীই নয়, আরামদায়কও বটে। উপরন্তু, এ পথে রেল বিভাগের প্রচুর অর্থ উপার্জনেরও সুযোগ রয়েছে। বর্তমানে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ রয়েছে। এখন শুধু প্রয়োজন দোহাজারী থেকে টেকনাফ পর্যন্ত রেলপথটি সম্প্রসারণ। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মধ্যে এটিও হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ।মারুফ হাবীব, মিরপুর-১, ঢাকা।