চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেকশন গ্রেডঅর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ কর্তৃক জারিকৃত ৫ জুলাই ২০০৭-এর একটি স্মারকে জাতীয় বেতন স্কেল ২০০৫-এর ৭(৬) অনুচ্ছেদ অনুযায়ী ১ জানুয়ারি ২০০৫ সালে সিলেকশন গ্রেডপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন করসপন্ডিং স্কেলের পরিবর্তে সরাসরি সিলেকশন গ্রেড স্কেল নির্ধারণ করার আদেশ দেওয়া হয়। অন্যদিকে জাতীয় বেতন স্কেল, ২০০৯-এর ৬(৩) অনুচ্ছেদে অর্থ মন্ত্রণালয়ের ৫ জুলাই ২০০৭ সালের আদেশকে রহিত করা হয়েছে বলে কোনো কোনো এজি অফিস থেকে জানানো হয় এবং এর পরিপ্রেক্ষিতে ১ জানুয়ারি ২০০৫ থেকে সিলেকশন গ্রেড স্কেলপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন আবার ১ ডিসেম্বর ২০০৯ থেকে সরাসরির পরিবর্তে করসপন্ডিং স্কেলে নির্ধারণ করা হয়। আবার ইদানীং কোনো কোনো এজি অফিস অর্থ মন্ত্রণালয়ের ৫ জুলাই ২০০৭ সালের আদেশ মোতাবেক ১ জানুয়ারি ২০০৫ থেকে আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের সরাসরি সিলেকশন গ্রেড স্কেলে বেতন নির্ধারণ করেন। জাতীয় বেতন স্কেল ২০০৯-এর ৬(৩) অনুচ্ছেদে ৫ জুলাই ২০০৭ সালের আদেশকে রহিত করা হয়নি। ফলে বেতন কর্তন, পূর্ণ বেতন নির্ধারণ ইত্যাদি এমনকি এলপিআর ভোগরত কর্মকর্তাদের ভোগান্তি হচ্ছে। কাজেই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন।জাতীয় বেতন স্কেল ২০০৯ ঘোষণার পর ১ জানুয়ারি ২০০৫ থেকে প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের সিলেকশন গ্রেড স্কেলের বেতন সরাসরি না করে করসপন্ডিং স্কেলে নির্ধারণের, বেতন কর্তন ইত্যাদি বৈষম্য দূর করে অর্থ মন্ত্রণালয়ের ৫ জুলাই ২০০৭ সালের জারিকৃত আদেশ বহাল রাখর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নাম প্রকাশে অনিচ্ছুকবেড়া, পাবনা।প্রতীক্ষার পথযাত্রীসেদিন আমার দিনটা খুবই খারাপ কেটেছে। সারা দিন বাইরে ছিলাম। এখানে-ওখানে ঘুরে ক্লান্ত হয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরেছি। এত ক্লান্তির মধ্যেও একটু শান্তির বাতাস মাঝেমধ্যে মনে মৃদু দোলা দিয়ে যায়। বাসায় যাব, বিশ্রাম নেব, সঙ্গে আবার তুমিও থাকবে। কতটা যে ভালো লাগত সেদিন, তুমি বুঝলে না। আমাকে বোঝার তোমার কোনো ক্ষমতা নেই। তা না হলে এভাবে চলে যেতে না। এত অবুঝ কেন তুমি? যতক্ষণ আমার সঙ্গে থাক, দেখনি আমার চোখে আমি কতটা উল্লসিত থাকি? তবু কেন বোঝ না, নাকি না বোঝার ভান কর?সেদিন বাসায় ফিরে মা-বাবাকে বসে থাকতে দেখেছি। সামনে একটা মোমবাতি জ্বালানো। তোমার মতো প্রকৃতিও সেদিন নির্দয় ছিল। একটুও বাতাস ছিল না। ঘামে তাদের কাপড় ভিজে যাচ্ছিল। এ অবস্থায় কীভাবে তুমি তাদের ফেলে চলে গেলে! কারণে-অকারণে, সময়ে-অসময়ে দিন-রাত তোমার আসা-যাওয়া, তবু এভাবেই ফেলে চলে যাও। আমি সেদিন তোমাকে খুব বকেছি, মনে মনে এত গালি দিয়েছি, কোনো মানুষ শুনলে হয়তো হার্ট অ্যাটাকই করত। মা-বাবার বিরক্তি ভরা মুখ দেখে, আমিও অদ্ভুত এক বিরক্তি বোধ করছিলাম সেদিন। তাই এত বকেছি তোমাকে।আজও তুমি নেই, তবু মন খারাপ হচ্ছে না। জানি, এটা তোমার নিত্যদিনের অভ্যাসে দাঁড়িয়েছে। তুমি থাকবে না, এটাই স্বাভাবিক। তুমি হঠাৎ হঠাৎ কখনো আসবে। এসে আমাদের তোমার ভালোবাসার জালে ফেলে প্রতীক্ষার পথযাত্রী করে চলে যাবে। এমন করে আর কত দিন? আর কত দিন আমরা তোমার পথচেয়ে বসে থাকব? আর কত দিন আমার মতো হাজার হাজার, লাখ লাখ মানুষ তোমার ব্যবহারে অতিষ্ঠ হয়ে বকাঝকা করবে? এভাবে আর চলে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে একটু আরাম-আয়েশের জন্য তোমার প্রয়োজন অনুভব করি। সত্যি, আমাদের জীবনে তোমার গুরুত্ব অপরিহার্য। কিন্তু এর একবিন্দু দামও তুমি দিতে চাও না। আমি তোমার আচরণে ক্ষুব্ধ হয়ে একটি আইপিএস কেনার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, খুব অচিরেই কিনে ফেলব। আমার মনে হয়, এতেও খুব একটা কাজ হবে না। যা হোক, আমি না হয় কিনে ফেলব! দেশের আরও লাখ লাখ, কোটি কোটি মানুষ কী করবে? পথচেয়ে বসে থাকবে? কখন ফিরে আসবে তুমি? প্রযুক্তির অগ্রগতির এ সভ্যতায় এখনো মানুষ আদিম যুগের মতো অন্ধকারে বাস করছে। এভাবে আরও কত-শত বছর থাকতে হবে, সে ধারণা হয়তো বা জানা নেই। এই বিরহ থেকে মুক্তির উপায় কী? এই প্রশ্নটাই বা আমি কাকে করব? এম এস সাঈদসাবালিয়া।শিক্ষামন্ত্রীকে বলছি৩০তম বিসিএসের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৪ সালে যারা এইচএসসি পাস করেছে তাদের জন্য জিপিএ-৪ বা তার বেশি প্রথম শ্রেণী হিসেবে বিবেচিত হবে এবং ২০০৩ সালে যারা পাস করেছে তাদের জন্য জিপিএ-৩.৫০ প্রথম শ্রেণী হিসেবে বিবেচিত হবে।২০০১ থেকে এসএসসি পরীক্ষায় গ্রেড পদ্ধতি চালু করার পর ২০০৩ সালে সর্বপ্রথম এইচএসসি পরীক্ষায় এই পদ্ধতি চালু করা হয়। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ের গ্রেড পয়েন্ট বাদ দিয়ে জিপিএ নির্ধারণ করা হয়েছিল। ২০০১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২০০৩ সালে, তখন চতুর্থ বিষয়ের গ্রেড নম্বর বাদ দিয়ে জিপিএ হিসাব করা হয়েছিল। ২০০৩ সালের এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে বা ২০০৩ সালের খারাপ ফলের জন্য যারা ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে তাদের জিপিএ নির্ধারণের ক্ষেত্রে ২০০৩ সালের নীতি অনুসরণ করা হয়েছিল। একই বছর পাস করা শিক্ষার্থীদের জন্য ভিন্ন নীতি অনুসরণ করার কারণে ভোগান্তির শিকার হচ্ছে অনেকে। যেমন, ২০০৪ সালে আমি মান-উন্নয়ন পরীক্ষা দিলে চতুর্থ বিষয় বাদে আমার জিপিএ নির্ধারণ করা হয়। নম্বরপত্রে আমার প্রাপ্ত জিপিএ ৩.৮০ কিন্তু চতুর্থ বিষয়সহ আমার জিপিএ হওয়ার কথা ৪.২০। যারা ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে এবং পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের আবার চতুর্থ বিষয় যোগ করে জিপিএ নির্ধারণ করা হয়। এই বৈষম্য তৈরি হওয়ায় আমার মতো হাজার হাজার শিক্ষার্থী মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। জোট সরকারের শিক্ষা মন্ত্রণালয় নিত্যনতুন নীতি করার ফলে আজ চাকরির আবেদনের সময় আমার এইচএসসি ফলকে দ্বিতীয় শ্রেণী বলা হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, আমাদের এইচএসসির ফলকে ২০০৩ সালের ফল হিসেবে স্বীকৃতি দেওয়া হোক অথবা ২০০৪ সালের শিক্ষার্থীদের ফলের মতো চতুর্থ বিষয় যোগ করে ফল পুনর্নির্ধারণ করা হোক। আমরা আমাদের ফলের যথাযথ স্বীকৃতি চাই। মু. আব্দুল্লাহ আল যোবায়েরঢাকা বিশ্ববিদ্যালয়।