চিঠিপত্র
দুধে ফরমালিনগত ২ এপ্রিলের প্রথম আলোয় ফরমালিন মেশানোর দায়ে বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেওয়ার ছবি ছাপানো হয়েছে। এখানে একটি বিশেষ ঘটনার কথাই শুধু উঠে এসেছে, যদিও প্রতিনিয়ত সারা দেশে কোথাও না কোথাও ফরমালিন মিশিয়ে বিক্রেতারা দুধ বিক্রি করছেন।শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতা সবাই সামর্থ্য অনুযায়ী দুধ পান করে। ফরমালিন মেশানোর কারণে দুধ তাই হাজির হয় জনস্বাস্থ্য ঝুঁকি হিসেবে। তা ছাড়া ফরমালিন-মিশ্রিত দুধ হয়তো চলে যায় মিষ্টিসহ নানা খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। ফরমালিন এমন একটি রাসায়নিক পদার্থ, যা মানবদেহে প্রবেশ করলে লিভার, কিডনি প্রভৃতি অঙ্গের ক্ষতি করে। এটা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক বিষ।সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের কিছুসংখ্যক মানুষ নিজের বিবেক বিসর্জন দিয়ে প্রতিনিয়ত শিশুসহ সব বয়সের মানুষের ক্ষতি করে যাচ্ছে। ওই সব মানুষরূপী লোভাতুর দুধ বিক্রেতাদের শুধু মাথায় দুধ ঢেলে না দিয়ে কঠোর আইন প্রণয়ন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।তানভীর মাহমুদ খান, চাঁদপুর।বিদ্যুতের রেশনিংগত সাত-আট বছরে দেশে বাড়তি উৎপাদন না হওয়ায় গ্রামে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অত্যন্ত সংকটজনক পর্যায়ে পৌঁছায়। মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করতে অনুরোধ করেছেন। বর্তমানে সেচ মৌসুমে কৃষিকাজে সেচব্যবস্থা চালু রাখতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ওপরতলার মানুষের অসন্তুষ্টি কুড়িয়ে কঠিনেরে ভালোবাসিবার যে ঝুঁকি প্রধানমন্ত্রী নিয়েছেন, তা আমাদের দেশে অনন্য।কিন্তু দেশের শহরগুলোতে কিছু ঘরবাড়ি এমনভাবে তৈরি যে জানালা খোলার উপায় নেই। এ অবস্থায় বিদ্যুতের সংকটকালে আমরা ব্যবহার নিয়ন্ত্রণের জন্য বিদ্যুতের রেশনিং করতে পারি। ডিসেম্বর মাসের ভোগকে ভিত্তি করে এর ১০, ২০ বা ৩০ শতাংশ (যতটা হলে সংকট মোকাবিলা সম্ভব) কম ব্যবহার করতে বলতে পারি। ওই সময়ের ভোগের রেকর্ড ভোক্তা ও কর্তৃপক্ষ উভয়ের কাছেই আছে। এর বেশি ব্যবহার করলে প্রথমে উচ্চহারে জরিমানা এবং একাধিকবার হলে সংযোগ বিচ্ছিন্ন করা যেতে পারে। পুনঃসংযোগে জরিমানার দ্বিগুণ হারে পুনঃসংযোগ ফি আরোপ করা যেতে পারে। এতে ভোক্তা তার মিটারের প্রতি লক্ষ রেখে বিদ্যুতের ব্যবহার সীমিত করতে সীমিতসংখ্যক বাতি ও বৈদ্যুতিক পাখা ব্যবহার করবেন, কিছু সময় পর পর পাখা ও এসি বন্ধ রাখবেন। এভাবে ‘রেড অ্যালার্ট’ জারি না করলে আবেদন-নিবেদনে কোনো কাজ দেবে বলে মনে হয় না।বিদ্যুতের ঘাটতির কারণে আমাদের জেনারেটর, আইপিএস, চার্জার ক্রয়ে প্রচুর অর্থ ব্যয় হয়। এ জন্য বিদ্যুতের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হলে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, নতুন সংযোগের ক্ষেত্রে সংযোগ ফি আরোপ, পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা যেতে পারে। সরকারি কর্মচারী ও শিল্পমালিকদের কাছে কিস্তিতে পরিশোধ্য শেয়ার বাধ্যতামূলকভাবে বিক্রি করা যেতে পারে।কোনো অবস্থাতেই যেন লো-ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করা না হয়। এতে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়। লোডশেডিংও যথাসমম্ভব এড়িয়ে চলতে হবে, যাতে জরুরি কাজ, শিশুদের লেখাপড়ায় বিঘ্ন না ঘটে। বিদ্যুতের রেশনিং সমস্যা নিয়ন্ত্রণের সহজতর পন্থা হতে পারে।আব্দুল মজিদ খান, ঢাকা।দুর্নীতিবাজ কর্মকর্তাপ্রথম আলোর ২৪ মার্চ সংখ্যার শেষ পাতায় ‘চা খেয়ে পয়সা দেন না, চাইলে মামলার ভয় দেখান’ শিরোনামের প্রতিবেদনটি দেশের এক মর্মান্তিক চিত্রের ওপর আলোকপাত করেছে। আমাদের দেশে দুর্নীতিগ্রস্ত এমন অসংখ্য পুলিশ কর্মকর্তার চরিত্র ঠিক ওই একই ধরনের। অনেক পুলিশ কর্মকর্তা তাঁদের এই দায়িত্বশীল চাকরিকে দুর্নীতি করে টাকা হাতানোর মোক্ষম সুযোগ হিসেবে গণ্য করেন। তাঁরা ন্যায়নীতিকে বিসর্জন দিয়ে আটক করা আসামিকে ব্যবহার করে টাকা আদায়ের ধান্ধায় ব্যস্ত থাকেন। আর এর উপযুক্ত প্রতিবেদনটিতে উল্লেখিত উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী।তিনি বিভিন্ন দোকান থেকে বাকিতে মাল খরিদ করেন, টাকা ধার নেন, চা খেয়ে পয়সা দেন না। বলেন, ‘একটা আসামি আটক করি, তারপর তোর টাকা দেব। টাকা আয় না হলে কীভাবে দেব?’কোনো আসামিকে আটক করলে এ ধরনের চরিত্রের পুলিশ কর্মকর্তারা আসামিকে বিপদে ফেলে কীভাবে টাকা আদায় করা যায় সেই ধান্ধায় মত্ত থাকেন। টাকা আদায়ের স্বার্থে আসামির প্রতি অমানবিক নির্যাতন, হয়রানি, রিমান্ড এমনকি মিথ্যা মামলার ভয় দেখান। গুটিকয়েক পুলিশ কর্মকর্তার কারণে গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হোক তা মেনে নেওয়া যায় না। দেশের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের স্বার্থে ঘুষখোর ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুত করা অপরিহার্য। কথায় বলে, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।’বশির আহমদআম্বরখানা, সিলেট।