চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলিতের প্রতি বৈষম্য‘তোরা ছোট জাতের লোক। এত বড় অনুষ্ঠানে তোদের মানায় না। গণ্যমান্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তোরা অনুষ্ঠান থেকে বের হয়ে যা।’ কথাগুলো বলেছেন যশোরের মনিরামপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা। তাঁরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দলিত সম্প্রদায়ের ৭০ জন শিক্ষার্থীকে বের করে দিয়েছেন বিদ্যালয়ের অঙ্গন থেকে, যেখানে কিনা সুস্থ সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটানো হয়; মানুষ গড়ার কারিগর যাঁরা সেই শিক্ষকদের মুখেই এমন কথা? একবিংশ শতাব্দীতে এসেও একজন মানুষের মধ্যে যে কতটা গোঁড়ামি, কতটা রক্ষণশীলতা লুকিয়ে থাকতে পারে, তা একটু চোখ-কান খোলা রাখলেই স্পষ্ট হয়ে ওঠে। ওরা দলিত সম্প্রদায়ের, এটাই ওদের সবচেয়ে বড় অপরাধ। এইসব ছোট ছোট শিশুরা যখন হূদয় ভাঙার বেদনা নিয়ে বড় হতে থাকে, তখন মানবতা কোথায় এসে দাঁড়ায়? মলি রানী, শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।আর কত প্রাণ৪ এপ্রিল প্রথম আলোর প্রথম পাতার শিরোনাম, ‘বখাটের অত্যাচারে আবার স্কুলছাত্রীর আত্মহত্যা’। অসহায় মায়ের বিলাপ, ‘আমার মেয়েকে কেন তালা মেরে রেখেছ। ওকে জাগিয়ে দাও!’ এই হূদয়ভাঙা আর্তনাদ কি কোনো দিনও বন্ধ হবে না? আর কত কিশোরী বখাটেদের অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নেবে? ইলোরার মতো হাজারো মেয়ের জীবন গেলেও আমাদের সমাজব্যবস্থা এতটুকু বদলাবে না? এর জন্য দায়ী অভিভাবক-অসচেতনতা, দুর্বল প্রশাসনকাঠামো। মোড়ে মোড়ে বখাটেরা উৎপাত করে। এর বিরুদ্ধে আইন প্রণয়নের কথা শোনা যাচ্ছিল। বাস্তবে বিশেষ অগ্রগতি হয়নি। আর কত ইলোরা জীবন দিলে প্রশাসনের টনক নড়বে? পলাশ আহম্মেদদৌলতপুর, খুলনা।