চিঠিপত্র
এই আমাদের দেশফুলগাছে অনেক রকমের ফুল ধরে। অনেক ফুল অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। কোনো ফুল ফুটে ঝরে যায়। আবার কোনোটা মালা হয়ে মহান ব্যক্তির গলায় যায়। মানুষের জীবনটাও ফুলের মতো, কারও জীবন শুরুতেই শেষ হয়ে যায়, কারও জীবন শেষ হওয়ার আগেই শেষ হয়। আবার কারও জীবন ইতিহাস হয়ে পৃথিবীর বুকে লেখা থাকে। স্বপ্ন নিয়েই মানুষের জন্ম আর তা বাস্তবে রূপদান করার মধ্যেই তার সার্থকতা। এ স্বপ্ন নিয়েই আমাদের চিরচেনা পরিবেশ পেছনে ফেলে পড়ালেখা করতে আসি। কিন্তু বুলেটের আঘাতে যদি স্বপ্নটি ঝরে যায়, তাহলে জীবনে নেমে আসে বিষাদের কালো ছায়া। কলম ধরতে এসে অস্ত্র ধরতে হয়। আমরা মানুষ হতে আসি, কিন্তু পরিবেশ আমাদের অমানুষ বানিয়ে দেয়। ভালোভাবে বাঁচার, সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য আসি, কিন্তু সব সময়ই প্রাণের ভয়ে থাকতে হয়। এগুলো সবই পেশিশক্তির জয়গানে মুখর ছাত্ররাজনীতির ফল। বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে লক্ষ করলেই আমরা তা বুঝতে পারব, এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশের প্রশাসন সদা নির্বাক। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা জাতির নিরাপত্তার জন্য যুদ্ধ করেছেন। কিন্তু এ আমি আজ সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বাবা দেশের মাটির জন্য যুদ্ধ করেছেন, কিন্তু তাঁর ছেলে একটি ছোট্ট রুমের ছোট্ট চৌকির অর্ধেক অংশে থাকার জন্য অগণিত দিন ছাত্রনেতাদের পেছনে নির্ঘুম রাত কাটিয়েছে, এখনো কাটাচ্ছে। আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমার মতো হাজার হাজার ছাত্র যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের জন্য কি কারও কিছু করার নেই। বাংলাদেশের মহান সরকারের কাছে বাংলার গণমানুষের একটাই চাওয়া, হে বাংলাদেশের প্রশাসন, আসুন না একটু দয়া করে নামফলকের পরিবর্তন না করে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করি। অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এই ছুটে চলা আর কত দিন...?মো. নাহিদ হাসানশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।