চিঠিপত্র
নতুন দিনের সূর্যআজ পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিন। এই দিনটি সবার কাছে গুরুত্বপূর্ণ ও আনন্দময়। এই দিনে মানুষ পুরোনোকে বিদায় জানায় আর নতুনকে বরণ করে নেয় হাসিমুখে।চৈত্রের অবসানের সঙ্গে সঙ্গে সমাপ্তি ঘটল একটি বছরের। প্রতিদিনের মতো এদিনেও আকাশে ওঠে একটি সূর্য। কিন্তু কী যেন একটা ভিন্নতা খুঁজে পাওয়া যায় এই সূর্যের মাঝে। যেন নতুনের সাজ! আর এই নতুনের সাজই জানিয়ে দেয়, এল নতুন দিন, এল নববর্ষ।জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই দিনটি বরণ করে নেয় সমানভাবে। সবার মুখে ফোটে হাসি। এই দিনে ব্যবসায়ীরা খোলেন হালখাতা। ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে বাকিতে সম্পন্ন হওয়া লেনদেনের সমাপ্তি ঘটানো হয়। এই দিনে ক্রেতা বিক্রেতাকে পাওনা টাকা পরিশোধ করে।নববর্ষের দিনটি ঘিরে বাংলাজুড়ে থাকে উৎসবের আমেজ। প্রকৃতিও যেন সাড়া দেয় এই উৎসবের আমেজে। প্রতিটি মানুষ মনে জাগায় নতুন আশা। সারা বাংলা রূপ নেয় এক আনন্দময় স্বপ্নের পরশে। আমরা সবাই আনন্দে মেতে উঠি এই দিনে। আর আহ্বান জানাই, আবার আসুক দুঃখ জয়ের নববর্ষ।সজীব কুমার মালাকারছাতক, সুনামগঞ্জ।তরুণেরা কোন দিকেএকটা খবরে চোখ পড়তেই মন খুব খারাপ হলো। আবার বখাটেদের উৎপাতে ঝরে গেছে একটি প্রাণ। অষ্টম শ্রেণীতে পড়া মেয়েটিকে তার জীবনের ভয়াবহতম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে এসএসসি পরীক্ষার্থী মাদকাসক্ত এক কিশোর। বখাটেদের উৎপাতে আত্মহননের খবর নিয়মিত দেখতে পাই। প্রায় প্রতি সপ্তাহে এমন খবর পত্রিকায় আসছে। এই মেয়েটিও নিশ্চয় সেসব খবর পড়েছে। তবু সে এই কাজটিই করল। দুঃখ এই যে এত সচেতনতা তৈরির চেষ্টা, এত আলোচনা সত্ত্বেও একের পর এক এমন ঘটনা ঘটেই চলেছে। বাস্তবতা এতই বীভৎস যে সচেতনতার এত সব প্রয়াসও এই ২০১০ সালের একটি আধুনিক বালিকাকে প্রভাবিত করতে পারেনি। সে তা-ই করেছে, যা আট-নয় বছর আগে সিমি বা তৃষা করেছিল। কিছুদিন আগে জোড়া খুনের একটি ঘটনাও ঘটিয়েছে বখাটেরা। দুই বোনের সামনে তাদের বাবা-মাকে খুন করে উল্লাসের সঙ্গে বেরিয়ে এসেছে দুই তরুণ; যাদের শিক্ষিতের কাতারে ফেলা যায়। বিশ্ববিদ্যালয়ের খাতায় ছাত্র হিসেবে তাদের নাম আছে। এ ঘটনার কিছুদিন পরই হামলা হলো বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রীর বাড়িতে। হামলাকারী তারই বন্ধু। ধারালো অস্ত্র হাতে সে জখম করেছে বান্ধবী আর তার বাবা-মাকে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসেও নিরাপদ নন ছাত্রীরা। প্রায়ই শুনি, তাঁদের প্রহার করা হচ্ছে, চুল টেনে কাবু করার চেষ্টা করা হচ্ছে। এসব করছে তাঁদেরই মতো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা; অশিক্ষিত ভাড়াটে গুন্ডা নয়। যে দেশের তরুণ প্রজন্ম এতটা ভয়াবহতার দিকে এগিয়ে চলেছে, সে দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত প্রতিরোধের ব্যবস্থা করা; শুধু জনসচেতনতা সৃষ্টিই যথেষ্ট নয়। আরও আতঙ্কের কথা হলো, এই ভয়াবহ কাণ্ড করছে শিক্ষিত তরুণেরা, যাদের পরিবারও বেশ অবস্থাপন্ন, অনেক ক্ষেত্রে শিক্ষিতও। যে শিক্ষা ‘মানুষ’ তৈরি করে, সে শিক্ষাকে তারা নিন্দনীয়ভাবে কলুষিত করছে। অসচেতন, জ্ঞানশূন্য অপরাধীকে নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু যে জেনেবুঝে অপরাধ করে, তাকে আটকাবে কে? আইনকে আরও কঠোর করার আহ্বান জানাচ্ছি। এসব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ অপরাধ বাড়তেই থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রদের ওপর কড়া নজর রাখবে বলে আশা করছি। বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ মেয়েটিকে পরিবার থেকে সাহস জোগাতে হবে, যাতে আরেকবার পত্রিকার পাতায় একটি অপূর্ণ জীবন রেখে যাওয়া কিশোরীর ছবি না দেখতে হয়। মারযিয়া মুনশীশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।সরকারি প্রকল্পদেশের সার্বিক উন্নয়নে সরকারি প্রকল্প এবং প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম ও অবদান অসামান্য। সরকার বস্তুনিষ্ঠ প্রকল্প নির্বাচন ও মূল্যায়নের মাধ্যমে সরকারি পরিকল্পনার সফল বাস্তবায়ন ঘটায়। সরকারি পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা, একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে প্রকল্প সময়ের মধ্যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছান। প্রকল্পের মেয়াদান্তে অর্থাৎ যে সময় থেকে চাকরি রাজস্ব খাত হিসেবে গণ্য করা হয়, তখন থেকে কেবল স্থানান্তরিত কর্মকর্তা-কর্মচারীদের টাইম-স্কেল, সিলেকশন গ্রেড, শ্রান্তিবিনোদন ভাতা, পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। যারা নিজেদের নিষ্ঠা ও যোগ্যতা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করেন, তাঁদের জন্য এটা বৈষম্যমূলক। প্রকল্পে কর্মরত কর্মচারীদের দুর্ভোগ ও ভোগান্তি সবারই জানা। প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিকালে যোগদানের তারিখ থেকে গণনাপূর্বক বিদ্যমান সরকারি সুযোগ-সুবিধা দিলে প্রকল্পে কর্মকালীন দুর্ভোগ ও ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। তা ছাড়া প্রকল্পের মেয়াদান্তে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের কার্যক্রম বেগবান করলে কর্মরতদের হতাশা দূর হবে। পরিমণ্ডলবদলগাছী, নওগাঁ।শ্রীপুর পৌরসভাগাজীপুরের শ্রীপুর পৌরসভা দেশের বৃহত্তম পৌরসভাগুলোর একটি। সমতল ও বন্যামুক্ত এলাকা বলে এখানে প্রতিনিয়ত শিল্পকারখানার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ পৌরসভায় প্রয়োজনীয় রাস্তাঘাট, বিদ্যুৎ-গ্যাস সরবরাহ, বিনোদনের উদ্যান ও স্বাস্থ্যরক্ষার সুব্যবস্থা নেই। পৌরসভাটি ঢাকার অদূরে সমতল, বন্যামুক্ত পরিবেশে অবস্থিত বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ-গ্যাস সরবরাহ করতে পারলে জনসেবার পাশাপাশি অধিক রাজস্ব আদায় হবে। শ্রীপুর পৌরবাসীর প্রত্যাশা, পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি করে মডেল পৌরসভায় রূপান্তর করা হোক।মাসুদ ইবনে মোবারকশ্রীপুর, গাজীপুর।