চিঠিপত্র
আগমনের অপেক্ষায়সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যরা সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। মুহম্মদ জাফর ইকবালের ‘স্বাধীনতার মাস: মার্চ মাস’ লেখাটিতে দিনব্যাপী তাঁদের কার্যক্রমের বিবরণ জানতে পারি। তাঁরা সেখানে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে সাজিয়ে গাছ লাগিয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, বাংলাদেশকে গ্লানিমুক্ত করার জন্য যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছেন। তরুণ প্রজন্ম অভিভূত তাঁদের কর্মকাণ্ডে। মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যরা নেতৃত্ব দিয়েছিলেন এবং বর্তমানেও তরুণেরা তাঁদের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছে। তাঁরা দেশব্যাপী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ সৃষ্টি করায় তরুণেরা তাঁদের ধন্যবাদ জানায়। কিন্তু তাঁরা এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেননি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠছে আজ তরুণ প্রজন্মের কাছ থেকে। তাই তরুণ প্রজন্মের আরও বেশি সমর্থন আদায় করার জন্য তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, বিশেষ করে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দলের সহযোগী ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের আধিপত্য রয়েছে, সেগুলোতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ইতিহাস, মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা বিষয়ে তরুণ প্রজন্মকে আরও বেশি করে জানানো উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যদের সঙ্গে শিগগিরই যোগাযোগ করে তাঁদের যেন ক্যাম্পাসে নিয়ে আসা হয়। আমরা সেক্টর কমান্ডারস ফোরামের আগমনের অপেক্ষায় থাকলাম।দিয়াজ ইরফান চৌধুরীশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।দাতা সংস্থার পরামর্শসম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন পরিষদের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দাতা সংস্থার কিছু কিছু বিষয়ের ওপর দেওয়া পরামর্শ ও ভূমিকা সম্পর্কে বাস্তব এবং অপ্রিয় সত্য তুলে ধরেছেন। তাঁর সাহসী বক্তব্য আমাদের মনে আশা জাগায়, মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন দেখায়। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোয় দাতা সংস্থা তথা উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম এবং ভূমিকা পর্যালোচনা করলে দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রে ওই সব দেশের পরিণতি এবং অভিজ্ঞতা শেষ পর্যন্ত মোটেও সুখকর হয়নি। সাহায্য গ্রহীতা দেশের জরুরি ক্ষেত্র, চাহিদা ও আকাঙ্ক্ষা উপেক্ষা করে অপ্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এবং দাতা সংস্থাগুলোর নিজস্ব সুদূরপ্রসারী চিন্তাভাবনা আর বাণিজ্যিক স্বার্থই বরং বেশি কাজ করে। আর এ জন্য তারা দেশের অভ্যন্তরে একশ্রেণীর ক্ষমতাধর মানুষ এবং বুদ্ধিজীবীকে কৌশলে নিজেদের বশে আনে। আর তারা ওই সব ‘প্রেসক্রিপশন’ সফল করতে বেশ তৎপর হয়ে ওঠে। ‘বৈদেশিক যেকোনো সাহায্য আর ভিক্ষা হিসেবে নয় বরং দেশের আশা-আক্ষাঙ্ক্ষা আর স্বার্থের সঙ্গে কোনোভাবে বিরোধপূর্ণ না হলেই শুধু গ্রহণ করব, অন্যথায় সরাসরি বর্জন।’ কৃষিমন্ত্রীর অনুরূপ মনোভাব আমাদের জন্য আশাজাগানিয়া। বৈদেশিক সহায়তাপুষ্ট যেকোনো সরকারি প্রকল্প বা কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সব মন্ত্রণালয়ে এহেন মনোভাবের বাস্তব প্রতিফলন ঘটুক, এ কামনা করি।শাহীদুল আযম, মিরপুর, ঢাকা।আমাদের নাসির স্যারনিয়ত কর্মব্যস্ততার মধ্যে হঠাৎ খবর পেলাম যে নাসির স্যার আর নেই। মঙ্গলবার ১৩ এপ্রিল সকালে এ পৃথিবী ছেড়ে তিনি চলে গেলেন। থমকে গেলাম। যেন আশপাশের সবকিছুই থমকে দাঁড়াল। দুরন্ত কৈশোরের আদর্শ হিসেবে দেখা সেই শিক্ষক আমাদের সঙ্গে যেন সব সময়ই থাকার কথা, এমন ধারণায় কুঠারাঘাত করল মৃত্যু নামের সত্য। কেন তিনি হঠাৎ চলে গেলেন, কেনই বা এত দিন পর তাঁর খবর এভাবে এল, কেনই বা তিনি আরও কিছুটা সময় বেশি থেকে গেলেন না।১৯৭৪ সালের আগস্ট মাসে প্রবেশ করি দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজে। সেখানে ইংরেজি থেকে সমাজ/বিজ্ঞান বিষয়গুলো নিয়ে অবলীলায় আমাদের নিউরনে অনুরণন তুলতেন প্রিয় নাসির স্যার। স্বাভাবিক বনেদিয়ানা ছিল তাঁর নিজস্ব পারিবারিক পরিবেশে। অধ্যাপক কবীর চৌধুরী, শহীদ মুনীর চৌধুরী আর কিংবদন্তিতুল্য শিল্পী ফেরদৌসী মজুমদারের ভাই আমাদের ফৌজদারহাট ক্যাডেট কলেজের এ টি এম নাসির চৌধুরী। হতে পারতেন ডাকসাইটে বৈষয়িক মানুষ। হননি। হয়তো গড়তে পারতেন ব্যক্তিগত সম্পদ। পূরণ করতে পারতেন আত্মকেন্দ্রিক, জাগতিক শখ। করেননি তা। মানুষ গড়েছেন তিনি। সুনিপুণ হাতে কৈশোরের মনন বিকাশের পথপ্রদর্শক হয়ে আমাদের দান করে গিয়েছেন জীবন চলার পাথেয়—শিক্ষা।আজ যখন দেখতে পাই শুধু ক্যাডেট কলেজে প্রবেশের সুবাদেই সাধারণ সরকারি কর্মকর্তা কিংবা কলেজ শিক্ষকের শত শত ছেলেমেয়ে পেয়েছে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা, প্রতিষ্ঠা পেয়েছে সমাজের বিভিন্ন স্তরে, দেশজ সংস্কৃতি ও কীর্তির প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে চলেছে, তখন মনের গহিনে আমাদের শিক্ষকদের জন্য এক অপার শ্রদ্ধাবোধ জেগে ওঠে। নত হই তাঁদের দানের বিশালতার সামনে। কৃতজ্ঞতা কি জানাতে পেরেছি তাঁদের প্রতি—এমন প্রশ্ন উঁকি দেয় বিবেকের জানালায়।যাদের শিক্ষা-দীক্ষায় আজও এগিয়ে চলছি, এগিয়ে চলেছেন আরও অনেক সামরিক-বেসামরিক কর্মকর্তা, গবেষক, ব্যাংকার, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংসদ, মুক্তিযোদ্ধা এবং অনেক সফল ব্যবসায়ী—তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের প্রিয় নাসির স্যার। স্তুতিবাক্যে তাঁর মন পাওয়া যেত না। শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে তাঁর সিদ্ধান্ত ছিল অটল। পার্থিব জগতে হয়তো তিনি আর নেই। হারাতে কি পারবেন আমাদের হূদয় থেকে, পারবেন কি মুছে যেতে? কখনোই না। স্যার হয়তো হাসছেন, যখন কাঁদছি আমরা সবাই। এমনটিই তো হওয়ার কথা। স্যারের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।মামুন রশীদফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র।