চিঠিপত্র
বেড়িবাঁধহাওরপারে ফসলহারা মানুষের আহাজারির সংবাদ সম্প্রতি ছাপা হয়েছে প্রথম আলোয়। সুনামগঞ্জের বিভিন্ন হাওর এলাকায় এবং কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে, নেত্রকোনার খালিয়াজুড়ী ও মদন উপজেলায় বানের পানিতে ভেসে গেছে ফসল। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বাঁধ নির্মাণে উদাসীনতা ও দুর্নীতি। বাঁধের জন্য পর্যাপ্ত সরকারি অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও যথাযথ কাজ হয়নি, ফলে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান বানের পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন কৃষক। বাঁধ নির্মাণে জড়িত থেকে যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় যেন আর না আসে, সে জন্য বাঁধ নির্মাণে সত্ ও পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কাজগুলো সঠিকভাবে তত্ত্বাবধান যথাসময়ে করা উচিত, যাতে ভবিষ্যতে হাওরপারের কৃষকদের আহাজারি আর শুনতে না হয়। শামীমা আক্তারবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ।রেলপথনিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য রেলওয়ে মানুষের প্রথম পছন্দ। কিন্তু অব্যবস্থাপনা ও দীর্ঘ সময়ক্ষেপণের কারণে রেলওয়ের সেবার মান এখন প্রশ্নবিদ্ধ। যানজটমুক্ত ও স্বল্পমূল্যের কারণে এ দেশের জনগণের রেলওয়ে ভ্রমণের প্রতি ব্যাপক আগ্রহ। ঢাকা-চট্টগ্রাম রেলপথ ব্যস্ত এবং ব্যাপক সম্ভাবনাময়। ঢাকা-চট্টগ্রামের মধ্যে আরও দুই জোড়া আন্তনগর ট্রেন লাভজনকভাবে চালানো সম্ভব। ঢাকা থেকে লাকসাম পর্যন্ত রেলপথ দিয়ে নোয়াখালী, চাঁদপুর, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জগামী অনেকগুলো আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল করে। একটিমাত্র লাইন হওয়ায় আন্তনগর ট্রেনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বিপরীত দিকে আসা ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য।জনগণের ব্যাপক চাহিদার কথা চিন্তা করে অনতিবিলম্বে ঢাকা থেকে লাকসাম পর্যন্ত দুই লাইন স্থাপনের কাজ শুরু করা প্রয়োজন। এতে চট্টগ্রাম বন্দর থেকে আসা কনটেইনারগুলো অতি অল্প সময়ে ঢাকায় পৌঁছাতে পারবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি খুবই জরুরি। যোগাযোগ মন্ত্রণালয়কে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।ফরিদ আহমেদঢাকা।প্রদেশ ভাবনাসম্প্রতি ঢাকায় এক সেমিনারে দেশকে আটটি প্রদেশে ভাগ করার একটি রূপরেখা তুলে ধরা হয়। কিন্তু বাংলাদেশের মতো ছোট একটি দেশকে আটটি প্রদেশে ভাগ করার কি কোনো প্রয়োজন আছে? তা করা হলে প্রশাসনিক ব্যয়ভার বহুগুণে বেড়ে যাবে। এতে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে দারুণভাবে। উপরন্তু, জনগণের মধ্যে আঞ্চলিকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।প্রদেশে বিভক্ত হলে নানা অবকাঠামো নির্মাণে দেশের অনেক জমি নষ্ট হবে, অনেক অর্থ ব্যয় হবে। এর আগে বাংলাদেশের মহকুমাগুলোকে জেলায় উন্নত করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু সেই আগের বৃহত্তর জেলাগুলো এখনো রয়েই গেছে। তারা মহকুমাগুলোকে জেলায় উন্নীত করেনি। তারা কি উন্নয়নের বিভিন্ন মাপকাঠিতে আমাদের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে? দেশের মানুষের দারিদ্র্য কীভাবে দূর করা যায়, অন্ন-বস্ত্রের অভাব দূর করে কীভাবে একটা সুখী ও সমৃদ্ধিশালী সমাজ গঠন করা যায়, মূল্যবোধের অবক্ষয় রোধে কীভাবে প্রকৃত শিক্ষার বিস্তার করা যায়—সেই দিকে আমাদের বেশি মনোনিবেশ করতে হবে, সেই লক্ষ্যে বিভিন্ন প্রয়াসকে আরও জোরদার করতে হবে। এভাবে দেশকে ভেঙে টুকরো করার মতো কোনো আত্মঘাতী সিদ্ধান্ত যেন আমরা না নিই। মোকাররম আলী খান নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা।আবাসন-সংকটঢাকা বিশ্ববিদ্যালয় আজ নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে অন্যতম হলো আবাসন-সংকট। হলের সংখ্যা অপ্রতুল। প্রায়ই হলের আবাসন-সংকটের কারণে সাধারণ ছাত্রদের ঘুমাতে হয় টিভি-কক্ষে, বারান্দায়, অতিথিকক্ষে। আবার কোনো কোনো হলে গণরুমে ২০-২৫ জন ঘুমায়। এতে করে হলের স্বাভাবিক পরিবেশ, লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সিট দখলকে কেন্দ্র করে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই নতুন নতুন ভবন নির্মাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন-সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনের উদ্যোগ কামনা করছি। আবাসন-সংকট দূর হলে বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা বহুলাংশে এড়ানো সম্ভব হবে বলে মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গা বেদখল হয়ে আছে। এসব জায়গা উদ্ধারে সরকারের সহযোগিতা প্রয়োজন।মো. ওমর ফারুকযাত্রাবাড়ী, ঢাকা।