চিঠিপত্র
নিরাপত্তাহীনতাগত দুই মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে তিনটি খুনের কোনো রহস্য উদঘাটন কিংবা বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি। অথচ কর্তৃপক্ষ নির্বিকার। যেন কিছুই করার নেই। এক সাক্ষাৎকারে উপাচার্য রাতের বেলা হলে অবস্থানরত ছাত্রদের বাইরে বের হতে নিষেধ করেছেন। তার মানে তিনি নিজেই স্বীকার করছেন তাঁর প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে না। বিশ্ববিদ্যালয় এলাকায় একজন ছাত্রের ইচ্ছেমতো ঘোরার স্বাধীনতা থাকা উচিত। তিনি রাত হলেই হলে তালা রাখতে বলেছেন। এখন সন্ত্রাসীরা ক্যাম্পাসের ভেতরে এসে আক্রমণ চালায়, কিন্তু এ অবস্থা চলতে থাকলে কদিন পর তো হলের ভেতরে এসে আক্রমণ করবে। তখন কি উপাচার্য আমাদের হল ছেড়ে দিতে বলবেন? আমরা আর কোনো মহিউদ্দিন, হারুন অর রশিদ কিংবা আসাদের মৃত মুখ দেখতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি উচ্চশিক্ষা অর্জনের জন্য, লাশ হয়ে ফেরার জন্য নয়। তাই উপাচার্যের প্রতি আমাদের আহ্বান, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রকৃত পরিবেশ নিশ্চিত করুন।কাজী হুমায়ুন কবীরশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বিসিএস পরীক্ষাবাংলাদেশে সরকারি জনবল বাছাইয়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষা হলো বিসিএস। এটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ হবে, এমনটা নাগরিকদের প্রত্যাশা। বিগত কয়েক বছরে বিসিএস পরীক্ষা প্রত্যাশিত মানের ছিল না। সরকারি কর্মকমিশনের বর্তমান চেয়ারম্যানের সময়ে মানবণ্টন ও প্রিলিমিনারি পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তনের অনেকগুলো প্রশংসিত হয়েছে। সম্প্রতি পত্রিকা মারফত জানতে পারলাম, মৌখিক পরীক্ষার নম্বর পুনরায় ২০০ করা হবে, যা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দূর করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন এবং প্রশংসিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা আশা করি, তিনি এই ব্যাপারে সময়োপযোগী ও অধিকতর গ্রহণযোগ্য ব্যবস্থা নেবেন।নূরনাহারপীরগঞ্জ, রংপুর।ব্যাংকের শাখা চাইবগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল বাজার একটি অত্যন্ত ব্যস্ত জনপদ। আশপাশের গ্রামগুলোর হাজার হাজার মানুষ দৈনন্দিন নানা কাজে এই বাজারে আসে। বর্তমানে এখানে প্রায় ২০০ দোকানপাট, ১০টি মুরগির খামার, একটি ক্লিনিক, ফিলিং স্টেশন, নার্সারি ও মাছের হ্যাচারি রয়েছে। এ ছাড়া প্রায় ২৫টি চালকলসহ বেশকিছু মিল-কারখানাও রয়েছে। এমন গুরুত্বপূর্ণ বাণিজ্যিককেন্দ্রে আজ পর্যন্ত কোনো ব্যাংকের শাখা স্থাপিত হয়নি। ফলে এখানকার ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সমস্যায় পড়তে হয়। এ এলাকার প্রায় ৪০০ যুবক বিভিন্ন দেশে কাজ করছেন। ব্যাংক না থাকায় পরিবারের কাছে পাঠানো টাকা সংগ্রহ করতে অনেক সমস্যায় পড়তে হয়। এলাকাবাসীর দাবি, এখানে জনতা ব্যাংকের একটি শাখা খুলে জনদুর্ভোগ লাঘব করা হোক।কাজী জোবায়েদ শিপলুকোমারপুর, আদমদীঘি, বগুড়া।