চিঠিপত্র
দেখার কেউ নেইআইলার ভয়াল থাবা শুধু যে উপকূলবর্তী মানুষের ঘরবাড়ি, ফসল ও গৃহপালিত জীবজন্তুরই ক্ষতি করেছে তা নয়; কেড়ে নিয়েছে ওই সব ক্ষতিগ্রস্ত মানুষের বেঁচে থাকার মানসিক শক্তিটুকুও। তারা মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে—কীভাবে বেঁচে থাকবে, কে চালাবে তাদের জীবন। আশার বাণী তারা আর শুনতে চায় না, তারা চায়, শুধু দুমুঠো খেয়ে বেঁচে থাকতে। আইলা-পরবর্তী বছরব্যাপী ভয়াল মানবিক বিপর্যয়ের শিকার উপকূলের কয়রা, দাকোপ, শ্যামনগর এলাকার মানুষের এখনকার ভাবনা একটাই, তারা বাঁচবেন কী করে? বাঁধ আর মেরামত হচ্ছে না, এটা তারা জেনে গেছে ইতিমধ্যে। আগামী নভেম্বর পর্যন্ত কী হবে? বাঁধের ওপর বসবাসরত দাকোপ, কয়রা ও শ্যামনগরের শত শত অসহায় পরিবার জানে না, আর কখনো তাদের বাড়ি ফেরা হবে কি না। আইলাদুর্গত এলাকা ১০ মাস ধরে প্লাবিত ও মাত্রাতিরিক্ত লবণে আক্রান্ত থাকায় কয়রা, দাকোপ, শ্যামনগর উপজেলায় গত বছর ফসল হয়নি। এবারও বর্ষা মৌসুম আসার আগেই এলাকা প্লাবিত হওয়ায় ফসল উৎপাদনের সম্ভাবনা নেই। এ এলাকার মানুষ অর্ধাহারে-অনাহারে আশ্রয়হীন দিন কাটাচ্ছে। এখনো উদ্বাস্তুর জীবন যাপন করছে লাখো মানুষ। এসব হতভাগা মানুষগুলোর পরিণতি কি দেখার কেউ নেই?মামুনশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।জনগণ ও পুলিশপুলিশ একটি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার প্রধান বাহিনী। শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আইন প্রয়োগ ও মানুষের নিরাপত্তাজনিত সমস্যা সমাধানের জন্য পুলিশ বাহিনী গড়ে ওঠে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু বাংলাদেশের পুলিশি ব্যবস্থা এখনো ব্রিটিশ ঔপনিবেশিক পদ্ধতির ওপর স্থাপিত।পুলিশ সম্পর্কে আমাদের দেশের মানুষের সুস্পষ্ট ধারণা নেই, যে কারণে জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব দিন দিন বাড়ছেই। একটি দেশের জন্য তা মোটেও সুখকর নয়। এ কারণে সমাজে অপরাধপ্রবণতা দিন দিন বাড়বে, কমবে না। আমাদের দেশের কোনো সমস্যা সমাধানের জন্য আমরা পুলিশকে এড়িয়ে চলি। অথচ উন্নত বিশ্বের দেশগুলোতে জনগণ তাদের যেকোনো আর্থসামাজিক সমস্যা সমাধানে পুলিশের সাহায্য নেয়, যা জনগণ ও পুলিশের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। ফলে অপরাধ করার প্রবণতা কমে এবং জনগণ দেশের নিয়মকানুন মেনে চলতে উৎসাহিত হয়।অন্যদিকে আমাদের দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিরোধী দলকে ঠেকানোর জন্য প্রধান হাতিয়ার হিসেবে পুলিশকে ব্যবহার করে। এতে পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করতে পারে না। ফলে জনগণ মনে করে, পুলিশ শুধু রাজনীতিবিদদের সেবার জন্যই কাজ করছে। সাধারণ জনগণ তখন পুলিশকে অবজ্ঞার চোখে দেখে, পুলিশের সদস্যদের বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন হতে হয়। তাই তারা জনগণকে সর্বোত্তম সেবা দিতে পারছে না এবং জনগণও বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।সরকারের উচিত পুলিশ বিভাগকে স্বাধীন করে দেওয়া। আমরা এখনো ২০০ বছর আগের ব্রিটিশ ঔপনিবেশিক পুলিশি ব্যবস্থা অনুযায়ী চলছি, যা ব্রিটিশরা এ দেশে তাদের শাসন কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করে। আমরা এখনো তাদের প্রতিষ্ঠিত করা সেই পুরোনো ধাঁচেই পড়ে রয়েছি, যা আমাদের জন্য লজ্জাজনক বইকি।পুলিশের মতো একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীন না করে কখনো জনগণ ও পুলিশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যাবে না। আহমেদ শরীফ টাঙ্গাইল।জাতীয় বিশ্ববিদ্যালয়অনেক আশা নিয়ে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু কয়েক বছর পড়ালেখার পর এখন আমার মনে হয়, এখানে জীবন গড়ার কাজ চলছে না। এর বদলে বহু শিক্ষার্থীর জীবনের অনেক সম্ভাবনা ধ্বংস হচ্ছে। প্রায় সাত বছর শেষ। আজও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জানতে পারছেন না তাঁদের পরীক্ষা কখন হবে। কর্তৃপক্ষের কাছে জানতে চাই, আর কত দিন আমাদের এ প্রতীক্ষা করতে হবে। আমরা কি বৃদ্ধ মা-বাবার জন্য এ জীবনে কিছু করার সুযোগ পাব না? আমাদের নিয়ে ভাবার কেউ নেই? আমাদের সময়ের কোনো মূল্য নেই কারও কাছে? ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা দেখা ও ক্লাস নেওয়া বাদ দিয়ে যে শিক্ষকেরা শিক্ষা-বাণিজ্য নিয়ে ব্যস্ত, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো কি কেউ নেই?মো. আবদুল করিমনোয়াখালী।তৃতীয় বিভাগবর্তমানে অধিকাংশ চাকরির বিজ্ঞাপনে উল্লেখ থাকে, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। পৃথিবীতে সবাই ভালো ছাত্রছাত্রী হয় না। অনেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় এবং আর্থিক অসচ্ছলতার কারণেও তৃতীয় বিভাগ বা শ্রেণী পায়। কিন্তু বর্তমান অবস্থায় এটি একটি অকার্যকর সনদ হয়ে পড়েছে। তৃতীয় বিভাগ বা শ্রেণী পাওয়া ছাত্রছাত্রীরা সনদ থাকা সত্ত্বেও কোনো চাকরিতে আবেদন করতে পারেন না। তাঁরা হয়ে পড়েন শিক্ষিত বেকার। লেখাপড়া শেষ করে যে সনদ কোনো কাজে আসে না, সেই সনদ একটি মূল্যহীন সনদ। সুতরাং তৃতীয় বিভাগ বা শ্রেণীর সনদ অর্জন করা মানে শুধু সময়, শ্রম ও অর্থের অপচয়। সারা জীবন এ সনদের গ্লানি বয়ে নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। শেখ ওমর ফারুকবাংলাবাজার, ঢাকা।