চিঠিপত্র
ভাটি বাংলার কান্নাশত সমস্যায় জর্জরিত সুনামগঞ্জের মধ্যনগর, ধরমপাশা ও তাহিরপুরের জনগণ। বর্ষা-হেমন্ত যা-ই আসুক, দুর্দশা তাদের পিছু ছাড়ে না। হেমন্তে নদীর পানি শুকিয়ে যায়। নদীতে জাগে চর। এলাকাবাসীর একমাত্র বাহন নৌকা তখন আর চলতে পারে না। তখন হেঁটেই সবাইকে যাতায়াত করতে হয়। সেচের পানির দেখা দেয় তীব্র সংকট। অথচ চৈত্র-বৈশাখে সামান্য বৃষ্টিতেই নদীগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একে একে গ্রাস করতে থাকে হাওরের পর হাওর। নিঃস্ব করে দেয় এলাকাবাসীকে। এক ফসলি এলাকার এই মানুষগুলো বড়ই অসহায়। প্রতিবছরের মতো এবারও একই দুর্দশার শিকার হচ্ছে তারা। এসব এলাকার বেশির ভাগ হাওরই ডুবে গেছে পানিতে। অন্যগুলো হুমকির মুখে। পলি পড়ে নদীগুলোর নাব্যতা কমে যাওয়া এবং হাওরের বাঁধগুলো যথাযথভাবে নির্মাণ না করাই এই ভোগান্তির কারণ। এমতাবস্থায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি শিগগির নদীগুলো খনন ও বাঁধগুলো পর্যাপ্ত তত্ত্বাবধানের মাধ্যমে নির্মাণ করে এলাকাবাসীর পরম আরাধ্য ফসল তোলার নিশ্চয়তা দেওয়া করা হয়।নিরুপম তপু, শাবিপ্রবি, সিলেট।অপচিকিৎসা১২ এপ্রিলের প্রথম আলো পত্রিকাটি হাতে নিয়েই গা শিউরে উঠল। প্রথম পৃষ্ঠার কয়েকটি আলোকচিত্র মনের মধ্যে ভয়ংকর এক প্রতিক্রিয়ার সৃষ্টি করল। ‘ভণ্ড পীর, ভয়ংকর চিকিৎসা’—শিরোনামের লেখাটি পড়ে রাগে, ক্ষোভে, ভয়ে, বেদনায় মনে প্রশ্ন জাগল—এ কোন যুগে বসবাস করছি আমরা?পত্রিকায় প্রকাশিত আলোকচিত্রগুলো একবার দেখে দ্বিতীয়বার দেখতে ভয় করছিল। ভণ্ড পীর আমজাদ ফকির চিকিৎসার নামে আড়াই মাসের দুটি কোমল শিশুর ওপর যে নিষ্ঠুরতা চালিয়েছে, তা ওই শিশু দুটির জীবনের জন্য হুমকিস্বরূপ। যে কায়দায় তাদের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা তাদের শারীরিক ও মানসিক বিকাশে চরম আঘাত করবে। মানসিক ভারসাম্যহীন নারী বা স্কুলে যেতে চায় না যে কিশোরী, তারাও ভণ্ড পীরের অপচিকিৎসার শিকার হয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ভণ্ড পীরের অমানবিক চিকিৎসায় কোনো রোগী সুস্থ হয়েছে, এমন খোঁজ কেউ দিতে পারেনি, তার পরও কেন ওই দরিদ্র মানুষগুলো বারবার ওই পাষণ্ডের কাছে যায়, কোন আশায় চিকিৎসা ভয়ংকর জেনেও মা-বাবা কোমলমতি শিশুদের নিয়ে ওই নরপশুর শরণাপন্ন হয়? কারণ তারা দরিদ্র, নিরক্ষর, তাদের রয়েছে সচেতনতার অভাব। একবিংশ শতাব্দীতে আমরা যখন বিশ্বের দরবারে মাথা উঁচু করার প্রয়াস চালাই, আমরা যখন বলি ‘ডিজিটাল বাংলাদেশ’, তখন এই দেশে ওই হতদরিদ্র, অশিক্ষিত, অসচেতন, অসহায় মানুষগুলো, যারা এই দেশের এক রিবাট অংশ, তারা কী অবস্থায় আছে তা কি আমরা ভেবে দেখি? কতজনের কথা আমরা জানতে চাই বা জানতে পেরেছি। তাদের জগৎ এখনো অন্ধকার। অন্ধকারে কী ঘটে চলেছে তা যেমন একটা মানুষ টের পায় না, তেমনি যারা ভয়ংকর দৃশ্যগুলো সচক্ষে দেখেছে, তারাও এর ভয়াবহতা উপলব্ধি করতে পারেনি। ভিড় করে, রাত জেগে মানুষগুলো দেখেছে ভণ্ড পীরের তামাশা, নিষ্ঠুরতা, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। বলা হয়, শিশুরা জাতির ভবিষ্যৎ। কিন্তু কোন শিশুগুলো জাতির ভবিষ্যৎ হবে? যারা ভয়ংকর ওই চিকিৎসা সচক্ষে দেখে ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে বড় হবে তারা, নাকি যাদের ওপর ভয়ংকর চিকিৎসা প্রয়োগ করা হয়েছে তারা, অথবা যারা ওই লেখাটি পড়ে আর ছবিগুলো দেখে শিউরে উঠেছে তারা? কিন্তু আমরা তো এমন ভবিষ্যৎ প্রত্যাশা করি না।তাই জাতির ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে, সবার প্রথমে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের মধ্যে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে আর প্রশাসনকে হতে হবে কর্মতৎপর। ইমরানা ইমা, সিলেট।জনসংখ্যাআমাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রচার থাকলেও কার্যকারিতা নেই। মাঠপর্যায়ে এর অবস্থা খুব ভালো নয়। এর জন্য নিয়োজিত বিভাগের অবস্থাও সন্তোষজনক নয়। পত্রিকায় প্রকাশিত এক সংবাদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জনবল-সংকটের যে চিত্র পাওয়া গেছে তা হতাশাজনক। এই সংকট রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণ মোটেই সম্ভব নয়। দেশের ৬৪টি জেলার সব কটিতেই উপ-পরিচালকের পদ শূন্য রয়েছে। যদি গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকে, তাহলে সংশ্লিষ্ট বিভাগে চেইন অব কমান্ড থাকে কীভাবে?মাঠকর্মীদের সঙ্গে লোকজনের পরিচয়ই নেই গ্রামাঞ্চলে। জনগণ ও পরিবার পরিকল্পনার মাঠকর্মীদের মধ্যে রয়েছে বিশাল দূরত্ব। এ অবস্থায় কি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব? জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মাঠপর্যায়ে পর্যন্ত প্রয়োজনীয় জনবল বাড়াতে হবে এবং তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জাহেদুর রহমানবাগমারা, রাজশাহী।হোমিওপ্যাথি শিক্ষাবাংলাদেশ স্বাধীন হওয়ার পর শিক্ষাক্ষেত্রে সামগ্রিকভাবে বেশ অগ্রগতি সাধিত হয়েছে। এই সময়ে অনেক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু অবহেলিত রয়ে গেছে হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজগুলো। সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ৩৮টি হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজের সঙ্গে জড়িত সহস্রাধিক শিক্ষক আজও অবহেলিত। তাঁদের ভাগ্যে এখনো জোটেনি সরকারি কোনো বেতন-ভাতা। কেমন করে দিনাতিপাত করেন এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত মানুষগুলো? একবিংশ শতাব্দীর আধুনিক ডিজিটাল বাংলাদেশ সৃষ্টির জন্য যখন আওয়াজ উঠছে, তখন অবাক হতে হয় এই ভেবে যে দেশের কল্যাণমুখী চলমান এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষিকারা সরকারের ন্যূনতম সুবিধাও পাচ্ছেন না।তাপস সরকার সরিষাবাড়ী, জামালপুর।