চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌখিক পরীক্ষাসম্প্রতি জানতে পারলাম, বিসিএস মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে আগের মতো ২০০ নম্বরে নেওয়া হবে এবং তা হবে ২৯তম বিসিএস থেকেই। এতে করে পিএসসির সদস্যদের দুর্নীতির সুযোগ বেড়ে যায় অথবা দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া সহজ হয়। ২০০ নম্বরের মধ্যে কাউকে যদি ১৮০ দেওয়া হয় এবং আরেকজনকে যদি ৮০ দেওয়া হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির সমান হতে গেলে লিখিত পরীক্ষায় কমপক্ষে ১০ শতাংশ নম্বর বেশি পেতে হবে। যে পরীক্ষায় কোনো প্রার্থী এক-দুই নম্বর কম পেলে ১০০ থেকে ২০০ জনের পেছনে চলে যান, সেখানে মৌখিক পরীক্ষায় ২০০ নম্বর কোনোক্রমেই মেধাবী বাছাইয়ের সঠিক প্রক্রিয়া হতে পারে না। যখন মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছিল, তখন আমাদের মতো ‘খুঁটির জোর’বিহীন পরীক্ষার্থীরা ভেবেছিলাম পিএসসি একটি ভালো সিদ্ধান্ত নিল। আমরা আশা করেছিলাম, ভবিষ্যতে মৌখিক পরীক্ষার নম্বর আরও কমিয়ে আনা হবে। এতে সত্যিকারের মেধাবীরা আরও উৎসাহিত হবেন। সরকার ও পিএসসির সদস্যের প্রতি অনুরোধ, মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে মেধাবীদের প্রতি অবিচার করার পথ প্রশস্ত করবেন না।টি এম এ মমিন, কুড়িগ্রাম।উত্তরপত্র মূল্যায়নসম্প্রতি প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু করে প্রায় প্রতিটি পরীক্ষায় দ্রুত ফলাফল প্রকাশের লক্ষ্যে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষকদের সময় কমিয়ে আনা হয়েছে। এত অল্প সময়ে পরীক্ষক কর্তৃক পরীক্ষার উত্তরপত্রের প্রকৃত বা সঠিক মূল্যায়ন অসম্ভব। উপরন্তু পাঁচ-সাত বছর ধরে উত্তরপত্র মূল্যায়নের পারিশ্রমিক বৃদ্ধি না করায় অধিকাংশ পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নে আগ্রহ হারাচ্ছেন। এতে অল্প পরীক্ষকের ওপর অধিক খাতা দেখার চাপ বাড়ছে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষার্থীরা। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ৫ এপ্রিল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র গ্রহণের তারিখ ছিল ১৫ এপ্রিল। নির্ধারিত দিনে দেখা গেল মাত্র ৭০ জন পরীক্ষক খাতা গ্রহণ করতে উপস্থিত হয়েছেন। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রতি পরীক্ষককে ৪৯০টি করে উত্তরপত্র প্রদান করে। উত্তরপত্রগুলো মূল্যায়ন শেষে প্রধান পরীক্ষকের কাছে পাঠাতে হবে তিন কিস্তিতে এবং এর তারিখ যথাক্রমে ২২ এপ্রিল, ১ মে ও ৮ মে। প্রথম কিস্তিতে ১৫০টি উত্তরপত্র পাঠাতে হবে। সময় পাওয়া যাবে ছয় দিন। কারণ ১৫ এপ্রিল খাতা গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও বাসায় খাতা নিয়ে এসে গণনা করতে এবং ২২ এপ্রিল উত্তরপত্রগুলো প্যাকেট করে সেলাই ও সিলগালা করে পোস্ট অফিসে যেতেই এক দিন চলে যাবে। তাহলে প্রতিদিন ২৫টি করে উত্তরপত্র মূল্যায়ন করতে হবে। একজন পরীক্ষক ছয় ঘণ্টা ঘুম, দুই ঘণ্টা স্নানাহার, ছয় ঘণ্টা কলেজ সময়, দুই ঘন্টা পারিবারিক কাজকর্ম, হাটবাজার করার সময় বাদ দিলে দৈনিক আট ঘণ্টার বেশি উত্তরপত্র মূল্যায়নের সময় পান না। এ হিসাবে একটি উত্তরপত্রের জন্য পরীক্ষক সময় পান ১৯ দশমিক ২ মিনিট। এর মধ্যে ওএমআরের বৃত্ত ভরাট এবং কভার পৃষ্ঠার নম্বর তুলতে ১০ মিনিট লাগে। সুতরাং প্রতিটি উত্তরপত্র মূল্যায়নে সময় পাওয়া যায় মাত্র ৯ দশমিক ২ মিনিট। একজন এইচএসসি পরীক্ষার্থী তিন ঘণ্টায় যে পরিমাণ লেখে, তা কোনোভাবেই ৯-১০ মিনিটে পাঠ করে নম্বর দেওয়া সম্ভব নয়। ফলে যেসব পরীক্ষক উত্তরপত্র পড়ে নম্বর দিতে চান, তাঁরা এখন উত্তরপত্র মূল্যায়ন থেকে বিরত থাকছেন অথবা উত্তরপত্র না পড়ে পৃষ্ঠা গুণে নম্বর দিতে অভ্যস্ত হয়ে পড়ছেন। এতে একজন পরীক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও যথাযথ নম্বর পাচ্ছে না। আবার আবোল-তাবোল লিখেও পরীক্ষার্থী পাস করে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের সময় ও পারিশ্রমিক বাড়াতে শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা করছি। শ্যামল কান্তি দত্ত, চট্টগ্রাম।ইটভাটাচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর কিছুদিন আগেও বৃক্ষরাজিতে আচ্ছাদিত ছিল। কিন্তু এ অবস্থা আর থাকবে বলে মনে হয় না। কারণ, এ এলাকায় অবাধে নির্মিত হচ্ছে ইটভাটা। ইটভাটার কালো ধোঁয়া প্রতিনিয়ত বিষাক্ত করে তুলছে এলাকার পরিবেশ। ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহূত হচ্ছে গাছপালা। ছোট গাছ থেকে শুরু করে বড় বড় গাছ ভাটার জন্য কেটে সাবাড় করা হচ্ছে। এ পরিস্থিতি কারও জন্য মঙ্গলজনক নয়। তাই প্রত্যাশা করি কর্তৃপক্ষ পরিবেশদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেবে।পিক্লু কুমার চৌধুরী, চট্টগ্রাম।