চিঠিপত্র
দুর্যোগ ব্যবস্থাপনাবন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো নানা দুর্যোগ আমাদের দেশে এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে নদীভাঙন। এসব দুর্যোগ প্রতিরোধে প্রকৌশলগত কাজের দায়িত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ের হাতে। অন্যদিকে, এসব দুর্যোগ ঘটামাত্র তাৎক্ষণিক ত্রাণ ও অন্যান্য সহায়তা দেওয়ার জন্য রয়েছে দুর্যোগ ও খাদ্য মন্ত্রণালয়। কিন্তু জনগণ তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি চিরস্থায়ী বা স্বল্পমেয়াদি লাভও পেতে চায়। কিন্তু সরকারের এ দুটি মন্ত্রণালয় ভিন্ন প্রবাহে থাকার কারণে অধিকাংশ সময়ে সমন্বিত উদ্যোগ ব্যর্থ হয়। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে, গত বছর ২৫ মে আইলায় ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপ উপজেলার বেড়িবাঁধ এখনো পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। পানি উন্নয়ন বোর্ড অবশ্যই মেরামতকাজে অদক্ষ নয়। তথাপি মেরামতকাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। দুটি মন্ত্রণালয় একীভূত থাকলে হয়তো প্রকৌশলকাজ অসমাপ্ত থাকত না। কাজেই দুর্যোগ ও খাদ্য মন্ত্রণালয়ের দুর্যোগ অংশটুকু পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করে ‘পানিসম্পদ ও দুর্যোগ মন্ত্রণালয়’ হিসেবে কিংবা অন্য কোনো সংক্ষিপ্ত নামে কার্যক্রম শুরু করতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, খুলনাদমকলমানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। ইছামতী নদীর তীরে ঝিটকা হাট বাংলাদেশের বড় হাটগুলোর অন্যতম। এই হাট গরু, পেঁয়াজ, গুড় ও কাঁচামরিচের জন্য বিখ্যাত। এখান থেকে প্রতিদিন প্রায় এক শ ট্রাক পেঁয়াজ, কাঁচামরিচ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। এখানে দুটি ডিগ্রি কলেজ, কয়েকটি হাইস্কুল, গার্লস হাইস্কুল, কিন্ডারগার্টেন, আলিয়া মাদ্রাসা, জামে মসজিদ, ক্লিনিক, বেশ কটি ব্যাংক-বিমা, সিনেমা হলসহ অনেক এনজিও রয়েছে। ঢাকা থেকে বাস সার্ভিস রয়েছে দীর্ঘদিন ধরে। এ এলাকায় কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণের জন্য কোনো দমকলব্যবস্থা নেই। তাই ঝিটকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।এম এ আওয়ালঝিটকা, মানিকগঞ্জ।