চিঠিপত্র
ব্যাংকের সময়সূচিব্যাংকের লেনদেন কেন সকাল ১০টায় শুরু হয় এবং এর সুবিধাটা কী, তা বোধগম্য নয়। গ্রাহকেরা সকালে ব্যাংকের কাজ সেরে দূরে কোথাও কাজে যেতে চাইলে সকালে এক ঘণ্টা দেরি হয়ে যায়। এমনিতে ঢাকা শহরে যানজটের কারণে দিনের কাজ দিনে শেষ করা কঠিন হয়ে পড়েছে, তার ওপর যদি ব্যাংক সকাল ১০টা থেকে শুরু হয়, তাহলে মানুষ কাজ করবে কখন। সব সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল চারটা এবং সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত করলে আমার মনে হয় সবার উপকার হবে। কারণ বর্তমানে পাঁচটায় ভোর হয়, সকাল আটটা থেকে অফিস করা তেমন কঠিন নয়। দিনের শুরুতেই অযথা দু-তিন ঘণ্টা সময় নষ্ট করে পরে কাজ শেষ করা ভীষণ কঠিন হয়ে যায়।বিষয়টি ভেবে দেখার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।ইফতেখারুল আলম, শ্যামলী, ঢাকা।হাওরজুড়ে হাহাকারবাংলাদেশে হাওর এলাকার আয়তন দেশের মোট আয়তনের এক-সপ্তমাংশ। দেশের মোট ৪১৪টি হাওরের মধ্যে সুনামগঞ্জে অবস্থিত হাওরের সংখ্যা ১৩৩টি, যার মধ্যে অন্যতম হলো টাঙ্গুয়ার হাওর, শনির হাওর ও সরকার হাওর। একসময় এই হাওর অঞ্চল ঘন জঙ্গলে ভরা ছিল, নলখাগড়ায় ভরা ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এবং জনসংখ্যার চাপে এই হাওরগুলোই একসময় হয়ে ওঠে দেশে বোরো ধানের প্রধান উৎস। হাওর এলাকার অর্থনীতি মূলত কৃষি এবং মৎস্যনির্ভর। এখানে বিভিন্ন জাতের ধানের পাশাপাশি অনেক প্রজাতির দেশি মাছ মেলে। হাওরের এই ধান এবং মৎস্য সম্পদ দেশের অর্থনীতিতে বিরাট এক ভূমিকা পালন করে। অথচ হাওর এবং হাওরবাসী বরাবরই উপেক্ষিত। আজও এখানে লাগেনি কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া। আজও বন্যা, ঝড়, নদীভাঙন, দারিদ্র্য হাওরপারের মানুষের নিত্যসঙ্গী। তাই তো সামান্য বৃষ্টির পানিতেই তলিয়ে যায় হাওর এলাকার মানুষের জীবন-জীবিকার স্বপ্ন। সেহেতু হাওর এলাকার জমি বছরের প্রায় অর্ধেক সময় পানিতে ডুবে থাকে, তাই এখানকার মানুষ বোরো ধানের ওপরই নির্ভর করে। হাওর এলাকার জমি প্রধানত একফসলি। পাহাড়ি ঢলে নেমে আসা বৃষ্টির পানি এবং নদ-নদীর নাব্যতা হ্রাসের কারণে হাওর এলাকা আজ অকাল বন্যায় প্লাবিত। হাওরজুড়ে আজ কেবল ফসলহারা কৃষকের হাহাকার আর আর্তনাদের জয়ধ্বনি। এই অকাল ফসলহানির কারণে হাওরপারের দুই কোটি মানুষের ভবিষ্যতের সামনে আজ এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। ফসলহারা মানুষ আজ জীবিকার চিন্তায় শঙ্কিত। মহাজনের ঋণের টাকা শোধের চিন্তায় পাগলপ্রায়। হাওরের এই বর্তমান দুরবস্থার জন্য পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মচারী এবং প্রকৌশলী দায়ী। তাঁদের লাগামহীন দুর্নীতির কারণেই বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে তলিয়ে গেছে হাওরের ফসল। হাওর এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ জেলা। তাই সরকারের কাছে দাবি, সুনামগঞ্জকে এখনই দুর্গত জেলা হিসেবে ঘোষণা এবং এখানকার মানুষের পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার। পাশাপাশি তাঁদের কৃষিঋণ মওকুফ এবং পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানাচ্ছি।সুজয় সুব্রত, সিলেট।নদীভাঙননরসিংদীর মনোহরদী থানার বড়চাপা ইউনিয়নের পাইকান, জামালপুর, ব্রাহ্মণেরগাঁও গ্রাম তিনটি আড়িয়াল খাঁর তীরে অবস্থিত। নদীর ভাঙন থেকে গ্রামগুলোকে রক্ষার জন্য বিভিন্ন স্থানে স্লাব বসানো হয়েছে। কিন্তু জামালপুর গ্রামে নদীর পাড়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় কয়েক বছর ধরে বালু তোলার প্রতিযোগিতা চলছে। মেশিন দিয়ে প্রধান সড়কের ওপর প্রতিদিন বালু তোলা হচ্ছে এবং ট্রাকের পর ট্রাক বালু বিক্রি করা হচ্ছে। একই জায়গা থেকে বালু তোলার ফলে এখানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে যেকোনো মুহূর্তে জামালপুর গ্রামের দুটি বিদ্যালয় নদীতে বিলীন হয়ে যেতে পারে। কাজেই আসন্ন বিপদ থেকে পরিত্রাণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও জনগণ উদ্বিগ্ন হয়ে পড়েছে।উল্লেখ্য, সরকার-সমর্থক কতিপয় ব্যক্তি ব্যবসার খাতিরে বালু তোলার এই অভিযান চালিয়ে যাচ্ছে। এটা বন্ধ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও জনগণ তাদের কাছে অনেক কাকুতি-মিনতি জানিয়েছে। কিন্তু তারা তা বন্ধ না করে বালু তোলার এই প্রক্রিয়া চলতে থাকবে বলে জানিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, নদী থেকে বালু তোলার ওই প্রক্রিয়া বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিন।পরেশ চন্দ্র মণ্ডল, জামালপুর।শিক্ষার পরিবেশঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসনের তীব্র সমস্যা বিরাজমান। গত ১ মে প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে পরিষ্কার হয়ে গেছে যে ছাত্ররা কী অমানবিক জীবন যাপন করছেন। শিক্ষার পরিবেশ তো দূরে থাক, শিক্ষার্থীদের বসবাসের জায়গাও আজ দুষ্প্রাপ্য। যে রুমগুলোতে পাঁচজন থাকার কথা, সেখানে থাকছেন ৮-১০ জন। প্রথমবর্ষের শিক্ষার্থীরা হলে সিট না পেয়ে গণরুমে উঠছেন। ফলে তাঁরা রাজনীতির দুষ্ট চক্রে পড়ে যাচ্ছেন। তা ছাড়া এই ঘিঞ্জি পরিবেশে থেকে ছাত্রদের স্বাস্থ্য সমস্যাও প্রকট আকার ধারণ করছে।একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার পরিবেশ সৃষ্টি না করা যায়, তবে দেশের প্রকৃত মেধাবীদের লালন করা যাবে না। তাই জাতির ভবিষ্যৎ চিন্তা করে একটি সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে অনতিবিলম্বে পর্যাপ্ত হল নির্মাণ করে আবাসন সমস্যার সমাধান করা হোক।মো. কামরুজ্জামান সিলেট।ইউনিয়নদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে সংসদের আসন সংখ্যা বেড়েছে। সেই দিক বিবেচনা করলে দেশে বর্তমান জনসংখ্যার অনুপাতে ইউনিয়ন পরিষদের সংখ্যা খুব কম মনে হয়। ইউনিয়নে জনসংখ্যা অত্যধিক হওয়ার কারণে স্থানীয় উন্নয়ন ও গ্রাম্য বিচার-সালিস করতে গিয়ে ইউপি চেয়ারম্যানরা হিমশিম খাচ্ছেন। গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা দ্বিগুণ করা হলে গ্রামাঞ্চলের জনগণের মঙ্গল সাধিত হবে।অসিত কান্তি রায় মৌলভীবাজার।