চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীতে ভর্তিসাধারণত ছয় বছর বয়সী একটি শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার যোগ্য হয়। আমাদের জাতীয় শিক্ষাক্রমে প্রথম শ্রেণীকে শিক্ষার সূচনা হিসেবে ধরা হয়। কিন্ডারগার্টেনের শিক্ষা সরকারি দায়িত্বের আওতায় পড়ে না। অতএব এটা সহজেই অনুমেয়, একটি বাচ্চার লেখাপড়ার হাতেখড়ি হবে প্রথম শ্রেণীতে। বাস্তবতা হলো, আমাদের দেশটি ছোট, জনসংখ্যা অনেক। শিশুর সংখ্যাও অনেক। সে তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান কম। এর খেসারত দিতে হচ্ছে আমাদের শিশুদের। চার বছর বয়সী একটি শিশু যখন আধো আধো বোলে কথা বলা শুরু করে, মাতৃভাষার বর্ণগুলো সাজিয়ে একটি শব্দ বলার চেষ্টা করে, তখন আমরা তাকে নার্সারি, কেজি ইত্যাদি ক্লাসে ভর্তি করছি ইংরেজি মুখস্থ করতে। কারণ, দুই বছর পর তাকে প্রথম শ্রেণীতে ভর্তি করতে হবে। তখন ছয় বছরের বাচ্চাটিকে প্রশ্ন করা হবে ‘Fill up the gaps with appropriate preposition’ অথবা ‘৩ হালির দাম ৬০ টাকা হলে ৭টির দাম কত?’ প্রথম শ্রেণীতে ভর্তিচ্ছুদের বয়সের সঙ্গে এসব প্রশ্ন বেমানান। প্রশ্নই যদি সে বুঝতে না পারল, তাহলে উত্তর লিখবে কীভাবে? এমন প্রশ্ন করা প্রসঙ্গে রাজধানীর প্রখ্যাত একটি বিদ্যালয়ের অধ্যক্ষা টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষায় সাত-আট বছর বা তারও অধিক বয়সী শিক্ষার্থীরা আসে; তাই তারা কঠিন প্রশ্ন করেন। যদি তাই হয়, তাহলে তো বেশি বয়সের শিশুদেরই উৎসাহিত করা হয় আর ছয় বছরের শিশুটিকে এমন প্রশ্নের মাধ্যমে শুধু বাদ দেওয়া হয়। বয়স ও বোধের সঙ্গে সামঞ্জস্যহীন এ ধরনের প্রশ্ন করে ওই শিশুকে ভর্তি হতে বঞ্চিত করা অমানবিক আচরণ বা প্রতারণার শামিল নয় কি?ভর্তির জন্য এক বছর আগে থেকেই শিশুর অভিভাবকদের নানা কোচিং সেন্টার, কিন্ডারগার্টেন বা নার্সারিতে দৌড়াদৌড়ি করতে করতে নাভিশ্বাস ওঠে। আর বাচ্চাদের কী কষ্ট তা আর বলার অপেক্ষা রাখে না। পরীক্ষার জন্য প্রস্তুতির বাড়াবাড়ি দ্বারা ওইটুকুন শিশুকে রীতিমতো বিব্রত করা হচ্ছে। অনেক শিশু হয়তো তোতাপাখির মতো বাধ্য হয়ে মুখস্থ করছে। কিন্তু অনুভূতিতে না পৌঁছালে, উপলব্ধিতে না ধরলে এই চাপিয়ে দেওয়া শিক্ষা তার কাছে অপরিচিতই থেকে যাবে। পড়ালেখার প্রতি প্রীতি না এসে ভীতি জন্মাবে। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।সহজ প্রশ্ন করেও প্রয়োজনীয় শিক্ষার্থী বাছাই করা সম্ভব। বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে সংস্কারে হাত দিয়েছেন। প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার উদ্যোগ তার ইতিবাচক পদক্ষেপের উদাহরণ। প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা তুলে দেওয়া অথবা কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সারা দেশের জন্য প্রশ্নপত্রের মান নির্ধারণ করে দেওয়া প্রয়োজন বলে মনে করি। এ দেশের লাখ লাখ কোমলমতি শিশুর দিকে তাকিয়ে তিনি এ ব্যাপারে একটি সুচিন্তিত সিদ্ধান্ত দেবেন, এটাই প্রত্যাশা করি।মুহম্মদ মোস্তফা কামালমিরপুর, ঢাকা।শিক্ষার্থীদের নিরাপত্তাস্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির নামে চলে পেশিশক্তির অবাধ প্রদর্শনী। দলীয় অন্তদ্বন্দ্ব ও প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এসব ঘটনা শিক্ষার্থীদের ভীত-বিহ্বলই করে তুলছে না, এর ফলে অভিভাবকদেরও চরম উদ্বেগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। উচ্চশিক্ষার জন্য গিয়ে শিক্ষার্থীকে যদি ভাবতে হয়, জীবন নিয়ে ফিরে যেতে পারবে কি না, এর থেকে খারাপ পরিস্থিতি আর কী হতে পারে? এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেবে—এটা কোন ধরনের রাজনীতির নীতি? শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় উচ্চশিক্ষা অর্জনের জন্য, লাশ হয়ে ফেরার জন্য নয়। তাই দেশের নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের এ অপরাজনীতি থেকে মুক্তি দিয়ে শিক্ষাঙ্গনে জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।সাধন সরকার, ঢাকা।ব্যাংকের নিয়োগদেশের ব্যাংকগুলো কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে লোকবল নিয়োগ করছে। প্রতি মাসেই কোনো না কোনো ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং আমরা দরখাস্ত করার সুযোগ পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকায়। ঢাকার বাইরে বসবাসকারী প্রার্থীরা প্রতিটি পরীক্ষায় অংশ নিতে পারেন না। বিভিন্ন বিভাগীয় শহরেও ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা হলে অনেক উপকার হতো। প্রতিটি ব্যাংকেরই বিভাগীয় অফিস রয়েছে, তারা ইচ্ছে করলেই বিভাগীয় শহরে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে পারে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।আ ফ ম রফিকুল ইসলামসিলেট।[email protected]