চিঠিপত্র
বেড়িবাঁধ নির্মাণঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পর এক বছর পূর্ণ হতে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আশাশুনি ও শ্যামনগরের বেড়িবাঁধ মেরামত করা হয়নি। মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। বর্ষাকালের আগে যদি এসব বেড়িবাঁধ সংস্কার করা না হয়, তাহলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আশাশুনি ও শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন ঝুঁকির মধ্যে রয়েছে। এসব এলাকার মানুষের কষ্টের সীমা নেই। উপজেলা দুটির ১০ হাজার থেকে ১২ হাজার মানুষ রাস্তায় বসবাস করছে। বিশুদ্ধ পানির সমস্যা দেখা দিচ্ছে। নিত্যদিনের খাবারের সংকট রয়েছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। আয়-রোজগারের কোনো সুযোগ থাকছে না। আগামী বর্ষাকালের মধ্যে বেড়িবাঁধ সংস্কার করা না গেলে তাদের অবস্থা আরও ভয়াবহ হবে। জরুরি ভিত্তিতে এ ব্যাপারে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।ব্রজ গোপাল সরকারখুলনা।ই-সার্ভিস‘ডিজিটাল বাংলাদেশ’-এর প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের অনেক কর্মকাণ্ডেই ডিজিটালাইজেশনের ছোঁয়া পরিলক্ষিত হচ্ছে। তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসেবে যেখানে আমরা খাদ্যেও পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারিনি, সেখানে আমাদের দেশের জন্য ‘ডিজিটাল বাংলাদেশের’ স্বপ্ন অনেকটা অবাস্তব মনে হয়। তবে সরকার যে পদক্ষেপগুলো হাতে নিয়েছে, তাতে ডিজিটালের স্বপ্ন পূরণ না হলেও মানুষের জীবনযাত্রা আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে নিঃসন্দেহে। সরকার ই-লাইব্রেরি, ই-পোস্ট অফিসসহ নানা প্রকল্পের উদ্যোগ নিয়ে মানুষের জীবনযাত্রাকে অনেকটাই সহজতর করে দিচ্ছে। ইদানীং মুঠোফোনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে। সামপ্রতিক সময়ে বিভিন্ন নিয়োগ ও দরকারি ফরম অনলাইনে পূরণের সুযোগ করে দেওয়ার ফলে ঘরে বসে বা কোনো দোকান থেকে সহজেই কাজ সম্পাদন করা যাচ্ছে। যদি সরকার এভাবে প্রাথমিক সেবাগুলোকে ইলেকট্রনিক সার্ভিসের আওতায় নিয়ে আসে, তাহলে জনগণের জীবনযাত্রা যেমন সহজ হবে, তেমনি অনেক সময়ও বাঁচবে। সরকারের কাছে প্রত্যাশা, এভাবে যেন অন্য সরকারি সেবা খাতগুলো ই-সার্ভিসের আওতায় আনা হয়।মো. শামীম পারভেজভাটগাঁও, কিশোরগঞ্জ।[email protected]পেনশনবিটিটিবির অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের টাকা কিছুদিন আগেও যেকোনো সুবিধাজনক পোস্ট অফিস থেকে উত্তোলন করার সুযোগ ছিল। থানা এমনকি গ্রাম পর্যায়ে পোস্ট অফিস থাকায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা সহজে তাঁদের এলাকার কাছাকাছি কোনো পোস্ট অফিস থেকে পেনশনের টাকা তুলতে পারতেন। কিন্তু বিটিটিবি রূপান্তর হয়ে বিটিসিএল হওয়ার পর অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের টাকা পোস্ট অফিস থেকে তোলার সুযোগ বাতিল হয়ে যায়। বর্তমান নিয়মে, জেলার হিসাবরক্ষণ অফিস থেকে পেনশনের টাকা তুলতে হয়। এ পরিপ্রেক্ষিতে পেনশনের টাকা তুলতে কর্মচারীদের কষ্ট লাঘবের জন্য উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে পেনশনের টাকা তোলার সুযোগ সৃষ্টির ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।রিকতা বেগমভৈরব, কিশোরগঞ্জ।