চিঠিপত্র
জনশক্তি রপ্তানিমানুষ তার মৌল-মানবিক চাহিদা পূরণ ও ভাগ্যোন্নয়নের জন্য নানা কর্মকাণ্ডে নিয়োজিত হয়। আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অত্যধিক এবং কর্মসংস্থানের ব্যবস্থা অপর্যাপ্ত। দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত। এসব লোকের বহু কষ্টে উপার্জিত টাকা এ দেশের অর্থনীতির গতিকে সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে। দেশে পরিবার-পরিজন রেখে যাওয়া এসব শ্রমিক কি রাষ্ট্রের কাছ থেকে যথাযথ মর্যাদা পাচ্ছেন? অবশ্যই না। তাঁরা শুধু বঞ্চনারই শিকার হচ্ছেন।কেউ কেউ বিদেশে গিয়ে যথাযথ কাজ না পেয়ে এবং কেউ বিমানবন্দরেই পুলিশের হাতে আটক হয়ে অমানবিক নির্যাতনের শিকার হন। বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে কমসংখ্যকই মানসম্মত চাকরি এবং বেতন ও সুযোগ-সুবিধা পান। কিন্তু একশ্রেণীর এজেন্সি—যারা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে—নিজেরা দেশে ও দেশের বাইরে অগাধ সম্পদের মালিক হয়। যাঁরা নিজের ভিটেমাটি, গরু-ছাগল, গাছপালা বিক্রি করে তথাকথিত দালালদের হাতে টাকা দিয়ে বিদেশে যাওয়ার আশায় বুক বাঁধেন, তাঁরা শুরুতেই যে হোঁচটটি খান তা হলো, এসব মানুষ অনেক ক্ষেত্রেই বিদেশে যেতে ব্যর্থ হন, অনেক ক্ষেত্রে টাকাও ফেরত পান না। অথচ সেই টাকার সুদ তাঁকে গুনতে হয়—একেবারে নিঃস্ব হয়ে পথে বসে, গায়ের শ্রম বিক্রি করে। বউ-বাচ্চা, মা-বাবা, পরিজন নিয়ে তাঁদের অমানুষিক পরিশ্রম করতে হয়। আবার দেশের বাইরে দেশের যে কূটনৈতিক মিশনগুলো রয়েছে, তারাও অনেক ক্ষেত্রে আন্তরিকভাবে শ্রমিকদের সমস্যার সমাধান করতে সচেষ্ট হয় না। এতে তাদের পেশাগত অদক্ষতাই প্রমাণিত হয়।১০ মে প্রথম আলোয় প্রকাশিত হয়, সৌদি আরব ও মালয়েশিয়া ১৩ লাখ কর্মী নেবে। এটা নিঃসন্দেহে দেশের জন্য একটি ভালো সংবাদ। এই বৃহৎ শ্রমবাজারে বাংলাদেশ যাতে শক্ত অবস্থান তৈরি করে, এর সুফল যাতে এ দেশের সরকার তথা আপামর জনসাধারণ নিতে পারে, সে জন্য যথাযথ প্রশিক্ষণ ও পুরো ব্যবস্থাটির সুষ্ঠু তদারকি প্রয়োজন। সেই সঙ্গে শ্রমিকদের হয়রানিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।মো. আজিজুর রহমানঢাকা বিশ্ববিদ্যালয়।শিশুপার্কে ওয়াচ টাওয়ারপ্রায় দেড় কোটি অধিবাসীর ঢাকা শহরে বিনোদনের ব্যবস্থা খুবই অপ্রতুল। অল্প কয়েকটি উদ্যান ও চিড়িয়াখানা বাদে বিনোদনের তেমন কোনো জায়গা নেই। পৃথিবীর অনেক বড় শহরে ওয়াচ টাওয়ার থাকে, যেখানে উঠলে প্রায় পুরো শহর দেখা যায়। এসব জায়গায় বিপুলসংখ্যক দর্শনার্থী আসে। ঢাকা শহরের এমন একটি ওয়াচ টাওয়ার থাকা উচিত। সে ক্ষেত্রে শিশুপার্কে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা যেতে পারে। এ জন্য ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে মানুষ টাওয়ারের সর্বোচ্চ তলায় উঠে একনজরেই পুরো ঢাকা শহর দেখার মজা উপভোগ করতে পারবে। উল্লেখ্য, টাওয়ার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ তুলে আনার জন্য টাওয়ারে উঠতে টিকিটের ব্যবস্থা করা যেতে পারে।হাফিজ আহমেদমিরপুর, ঢাকা।সংশোধনীগতকাল খোলা কলম পাতায় আবুল মোমেনের ‘যুক্তি তর্ক গল্প’ কলামে ঢাকায় একটি চলচ্চিত্র উৎসবের উল্লেখ রয়েছে। উৎসব অনুষ্ঠানের সালটি ভুল ছাপা হয়েছে। প্রকৃত সালটি হবে ১৯৬৫। আমরা দুঃখিত।—বি.স