চিঠিপত্র
ব্যাংকের সময়সূচিব্যাংকের কার্যক্রম শুরুর সময় সকাল ১০ হওয়ায় গ্রাহকদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। সরকারি বা বেসরকারি চাকরিজীবীরা সবচেয়ে বেকায়দায় পড়েন। তা ছাড়া যখন দিনের শুরু হয় সকাল পাঁচটায়, তখন সকাল ১০টায় ব্যাংকের লেনদেন শুরু করলে দিনের বড় একটা অংশ পেরিয়ে যায়। এ সময় যানজট ও অসহনীয় গরম তো আছেই। তাই ব্যাংকে লেনদেন আগের মতো সকাল নয়টায় শুরু করা উচিত।সাইফ মজুমদারকুড়িল, ঢাকা।জনপরিবহনগত ২২ মে প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন ৯৮টি ব্যক্তিগত গাড়ি নামছে ঢাকার রাস্তায়। আরও বলা হয়, নিবন্ধনপ্রাপ্ত বাসের সংখ্যা দৈনিক গড়ে মাত্র চার, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাবের নিবন্ধন গত কয়েক বছরে প্রায় বন্ধ। অল্প দূরত্বে কোথাও যেতে হলে হেঁটে অথবা রিকশার ওপর নির্ভর করতে হয়। খানিকটা বেশি দূরত্বে হলে, অটোরিকশা বা বাস ব্যবহার করতে হয়। অটোরিকশার চালকেরা আজকাল মিটারের চেয়ে অনেক বেশি ভাড়া দাবি করে, আবার সহজে পাওয়াও যায় না। বাসে ওঠা অত্যন্ত ঝক্কির ব্যাপার। ভালো বাসের সংখ্যাও দিন দিন সীমিত হয়ে আসছে। সেই সঙ্গে মধ্যবিত্তের চলাফেরার ব্যাপারও কঠিন হতে কঠিনতর হয়ে পড়ছে।ব্যক্তিগত গাড়ি আমদানির সুবিধা দিয়ে, অল্প কিছু রাজস্ব আদায়ের বিনিময়ে কোটি কোটি লোকের জীবনযাপন এই দুর্দিনে কি আরও কঠিন করে দেওয়া হচ্ছে না? ব্যক্তিগত গাড়ি আমদানির সুবিধাদানে দেশ ও সমাজের সার্বিক ক্ষতি বহুবিধ: ১. তাতে জ্বালানি পোড়ানো হচ্ছে বেশি। পাঁচ ব্যক্তির ধারণক্ষমতাযুক্ত একটি গাড়িতে গড়পড়তা (চালকসহ) দুইজনের বেশি যাতায়াত করে না, ২. বেশি তেল-গ্যাস পোড়ানোর অর্থ হলো বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট বাড়িয়ে দেওয়া, ৩. কার্বন উদিগরণে পরিবেশ দূষণ ও জলবায়ুর উষ্ণায়ন বাড়িয়ে দেওয়া, ৪. রাস্তাঘাট না বাড়িয়ে, রাস্তাঘাটের উন্নয়নের ব্যবস্থা না করে, কার পার্কিংয়ের যথাযথ ব্যবস্থা না করে, কার আমদানির ঢালাও সুবিধা দেওয়ায় যানজট বাড়ছে, সময়ের অপচয় বাড়ছে, জনজীবনে দুর্ভোগ বাড়ছে।সরকার কি জনস্বার্থের কথা বিবেচনা করে ব্যক্তিগত গাড়ি আমদানি সীমিত করে এবং বেশি করে বড় বাস ও সীমিত আকারে হলেও, সিএনজিচালিত অটোরিকশা আমদানির ব্যবস্থা নেবে?মো. আবদুল মজিদবনানী, ঢাকা।জেএসসি পরীক্ষা প্রসঙ্গেগত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রবর্তন করা হয়েছে। এ বছর থেকে প্রথমবারের মতো জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২০ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। আগে জুনিয়র বৃত্তি পরীক্ষা হতো। কিছু বাছাই করা পরীক্ষার্থী এতে অংশ নিত। কিন্তু এখন জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হলে সে আর নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে না। পক্ষান্তরে যারা এতে ভালো ফল অর্জন করবে তারা সরকারি বৃত্তি পাবে। ফলে আগের থেকে বেশিসংখ্যক মেধাবী শিক্ষার্থী খুঁজে পাওয়া অনেক বেশি সহজ হবে।কিন্তু মার্চ মাসে জেএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কিছু সমস্যা দেখা দিয়েছে। প্রয়োজনীয় বইপত্রের অপ্রতুলতা এর মধ্যে প্রধান একটি কারণ। বছরের শুরুতে যে বইগুলো ছাপা হয়েছে তার সঙ্গে বর্তমান সিলেবাসের বেশ কিছু অমিল আছে। কিন্তু গ্রামাঞ্চলে এমনকি শহরের বহু শিক্ষার্থী এ বিষয়টি অবগত নয়। সর্বশেষ সিলেবাসের সঙ্গে বইগুলো সমন্বয় করাও হয়নি। তবে বোর্ড বইয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা বাড়বে। বাংলা ও ইংরেজি একটি করে বিষয় হলেও প্রতিটিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্ম শিক্ষা ও কৃষি শিক্ষা কিংবা গার্হস্থ্য-অর্থনীতিসহ মোট সাতটি বিষয়কে আবশ্যিক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এতে ফলাফল উৎসাহব্যঞ্জক হবে না। সব বিষয়ে এ+ নিশ্চিত করে এ+ অর্থাৎ গোল্ডেন এ+ পাওয়া কঠিন কাজ হবে। কিন্তু যদি বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্ম শিক্ষা আবশ্যিক রেখে কৃষি শিক্ষা বা গার্হস্থ্য-অর্থনীতি ঐচ্ছিক হিসেবে বিবেচনায় আনলে এ+ (জিপিএ-৫) প্রাপ্তির সংখ্যা আশাব্যঞ্জকভাবে বেড়ে যাবে। এতে শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বৃদ্ধি পাবে এবং সঙ্গে সঙ্গে ভালো ফলাফল অর্জনের আকাঙ্ক্ষা বহু গুণে বেড়ে যাবে।এমতাবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য প্রস্তাবিত বিষয়টি চতুর্থ বিষয় হিসেবে বিবেচনা করে ফল প্রকাশ এবং এনসিটিবির নির্দেশনা অনুসারে প্রশ্নপত্র প্রণয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।জি এম রব্বানীবাসাবো, ঢাকা।