চিঠিপত্র
অদম্য মেধাবীপ্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় জিপিএ-৫ পাওয়া কিছু অদম্য মেধাবীর জীবনী পড়ে আনন্দে বুকটা ভরে যায়। ওরা অসংখ্য প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে জীবনপথে এগিয়ে যাচ্ছে। ইট ভেঙে, জুতা সেলাই করে কঠিন দরিদ্রতার মধ্যে থেকেও জিপিএ-৫ পেয়েছে। পর্দার আড়ালে আরও অসংখ্য মুখ রয়েছে, যাদের তুলে আনার জন্য আমাদের উদ্যোগ নেওয়া দরকার। মাঝেমধ্যে ওদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি। ওদের হাস্যোজ্জ্বল মুখটা বারবার দেখা যাবে কি? পরবর্তী জীবনে ওদের টিকিয়ে রাখার জন্য কোনো মহল উদ্যোগ নেবে কি?মো. শরিফ খান, ঢাকা।গ্রন্থাগারের কার্যদিবসজ্ঞানান্বেষী পাঠকের চাহিদা মেটাতে গণগ্রন্থাগারগুলো অনন্য ভূমিকা রেখে চলেছে। কিন্তু সরকারি গণগ্রন্থাগারগুলো শুক্র ও শনিবার বন্ধ থাকে। অধিকাংশ চাকরিজীবীর সাপ্তাহিক ছুটি এই দুই দিন থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের পক্ষে গ্রন্থাগার ব্যবহার করা সম্ভব হয় না। এ জন্য অন্তত ঢাকার শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় গণগ্রন্থাগারটি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা উচিত। প্রয়োজনে লোকবল বৃদ্ধি করে এটি খোলা রাখার সময়সীমা বাড়ানো অতীব জরুরি।মো. ওমর আলী, ঢাকা।যানবাহনে ধূমপান২০০৫ সালের তামাক ও তামাকজাত দ্রব্য আইনের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি গণপরিবহনসহ কোনো জনপরিসরে ধূমপান করতে পারবে না। ধূমপান করলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। অথচ অনেক যানবাহনে দেখা যায়, পরিবহনের চালকসহ অন্যান্য কর্মচারী আইনের প্রতি কোনো তোয়াক্কা না করে অবাধে ধূমপান করে। এতে নারী-শিশুসহ সব যাত্রী অস্বস্তিতে পড়ে এবং তারা স্বাস্থ্যগত ক্ষতির শিকার হয়। পরোক্ষ ধূমপানও প্রত্যক্ষ ধূমপানের মতোই ভয়াবহ। ধূমপানমুক্ত নিরাপদ গণপরিবহন আমাদের সবার কাম্য। আমার বিশ্বাস, কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা দেশের মানুষকে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রতি শ্রদ্ধাশীল করবে, পাশাপাশি আইন সম্পর্কে সঠিক ধারণা দেবে। মুরশিদা লাবণী, ঢাকা।