চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘ রক্ষাআমাদের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার। ছেলে-বুড়ো সবাই এই হিংস্র প্রাণী সম্পর্কে কৌতূহলী। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে দেশের বিভিন্ন বনাঞ্চল থেকে বাঘ বিলুপ্তপ্রায়। বর্তমানে সুন্দরবনই বাঘের একমাত্র আবাসভূমি। সেটাও বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে। রয়েল বেঙ্গল টাইগার নির্জন, অন্ধকারাচ্ছন্ন এলাকা আর নিঃসঙ্গতা বেশি পছন্দ করে। দিনের বেলায় কাঁটায়ভরা হেতালগাছের আড়ালে শুয়ে থাকে। নদী বা খালের পারে জন্মানো অত্যন্ত ঘন গোলপাতার বন এই বাঘের প্রিয় আশ্রয়স্থল হলেও অনেক সময় দেখা যায়, এই প্রাণিটি লোকালয়ে বেরিয়ে পড়ে। কারণ, তখন সেই জায়গাটা তার জন্য বাসের অনুপযোগী হয়ে পড়ে। এই প্রাণির সংখ্যা দিনকে দিন হ্রাস পাচ্ছে মানুষের বাড়াবাড়ি, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে। বর্তমানে সুন্দরবনে ৩০০-৩৫০টি বাঘ রয়েছে। অসাধু শিকারিদের তৎপরতায় প্রতিবছর ১০-১২টি বাঘ মারা যাচ্ছে। বাঘের চামড়া উচ্চমূল্যে বিদেশে পাচার হয়। কোনো কোনো প্রতাপশালী ব্যক্তির ঘরের দেয়ালে অনেক সময় বাঘের চামড়া শোভা পেতে দেখা যায়। সুন্দরবনে বিরাজমান সার্বিক সমস্যার সমাধান ও যেসব বনাঞ্চলে বাঘ বিলুপ্ত হয়ে গেছে সেসব বনাঞ্চলে আবার বাঘের আবাস গড়ে তোলাসহ বসবাসের অনুকূল পরিবেশ ও বংশবিস্তারের লক্ষ্যে ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে সঠিক তদারকির মাধ্যমে তা বাস্তবায়ন খুবই জরুরি। তা না হলে, রয়েল বেঙ্গল টাইগার শুধু নামটাই থাকবে, বিপর্যস্ত হবে প্রাকৃতিক ভারসাম্য।মামুন, শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।তিস্তা সেতু নির্মাণলালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় প্রবেশ করতে হলে তিস্তা সেতুর ব্যবহার ছাড়া বিকল্প কোনো পথ নেই। ব্রিটিশ আমল থেকেই তিস্তা সেতুটি রেলযোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছে। সড়কপথে কোনো সেতু না থাকায় স্বাধীনতার পর রেলের পাশাপাশি সড়কপথ হিসেবে ব্যবহারের জন্য কাঠের পাটাতন লাগিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। রেল সেতুটি প্রায় ১০০ বছরের পুরোনো হওয়ায় সেতুর শক্তি আনেকাংশে লোপ পেয়েছে। বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি ব্যবসা করতে হলে এই সেতুটি ব্যবহার করতে হয়। ফলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সঙ্গে সঙ্গে সেতুর ব্যবহারও ঝুঁকিপূর্ণ হয়েছে। তিন বছর আগে সড়কপথে তিস্তা নদীর ওপর দিয়ে বিকল্প সেতু নির্মাণের কাজে হাত দেওয়া হয়। কিন্তু নির্মাণকাজের অগ্রগতি হচ্ছে না। ঢিমেতালে কাজ এগোচ্ছে। এই গতিতে কাজ চললে সেতুটি নির্মাণে আরও কয়েক বছর লেগে যাবে।অপরদিকে বিকল্প সেতু নির্মাণকাজ শেষ করতে সময় লাগার কারণে বর্তমানের রেল ও সড়ক সেতুর জরাজীর্ণ অবস্থার কারণে যদি কোনো অঘটন ঘটে যায়, তবে রাজধানীসহ দেশের সব অঞ্চল থেকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা বিচ্ছিন্ন হয়ে যাবে। তা ছাড়া, দীর্ঘসূত্রতার জন্য প্রকল্পব্যয় বৃদ্ধি পাচ্ছে, সরকারের উন্নয়নের কাজ থমকে গেছে।মাহবুবুল হক চৌধুরীকলাবাগান, ঢাকা।সঞ্চয়পত্রের মুনাফাদেশে বর্তমানে তিন ধরনের সঞ্চয়পত্র চালু আছে: তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, মুনাফার হার ১১ দশমিক ৫ শতাংশ; পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, মুনাফার হার ১২ শতাংশ এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক পেনশনারস স্কিম, মুনাফার হার ১২ দশমিক ৫ শতাংশ। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা ভবিষ্য তহবিল, গ্রাচুইটি ও পেনশনে প্রাপ্ত টাকা দিয়ে পেনশনারস স্কিম সঞ্চয়পত্র কিনে নিরাপদ ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পেনশনভোগীরা অনেকেই নানা জায়গায় টাকা বিনিয়োগ করে প্রতারিত হন। অনেক ক্ষেত্রেই নিকট-আত্মীয়, ছেলেমেয়ে, বন্ধুবান্ধব বেশি মুনাফা প্রদানের আশ্বাস দিয়ে টাকা নিয়ে পথের ফকির করে দেয়। টাকা হারিয়ে অনেকেই রোগশোকে মৃত্যুবরণ করে। সবকিছু মিলিয়ে এরূপ লেনদেন পারিবারিক ও সামাজিক সমস্যার সৃষ্টি করে। তাই অবসরপ্রাপ্ত ব্যক্তিরা পেনশন স্কিমে বিনিয়োগ করে স্বচ্ছন্দে ও নির্বিঘ্নে জীবন যাপন করতে পারে।পরিতাপের বিষয়, পরিকল্পিত ও সফল এই বিনিয়োগকে নিরুৎসাহিত করার জন্য সরকার মুনাফার হার কমানোর চিন্তাভাবনা করছে। জানা যায়, এ বিষয়ে আইএমএফ ও বিশ্বব্যাংক সরকারকে চাপ প্রয়োগ করে আসছে। বিগত চারদলীয় জোট সরকার কয়েক দফায় মুনাফার হার কমিয়ে নিন্দিত হয়েছে। তবে শেষের দিকে মুনাফা যে হারে বৃদ্ধি করেছে, তাই এখন বলবৎ আছে। মহাজোট সরকার বাইরের চাপে নতি স্বীকার করে দেশের জনগণের স্বার্থ ক্ষুণ্ন করবে না বলে প্রত্যাশা করি। তাই অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, সঞ্চয়পত্রের মুনাফার হার না কমিয়ে বিনিয়োগকারীদের উৎসাহিত করা হোক।মো. আবদুছ ছাত্তারবড় মগবাজার, ঢাকা।খাল কেটে কুমির?বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে ‘বাঁচাতে’ ভারতীয় সিনেমা আমদানি কি খুবই জরুরি? ভারতীয় পণ্যে বাংলাদেশ এমনিতেই সয়লাব—বাজারে ভারতীয় কাপড়, ভারতীয় প্রসাধনীসহ বিভিন্ন পণ্যসামগ্রী, টেলিভিশনে হিন্দি চ্যানেল, বিভিন্ন অনুষ্ঠানে হিন্দি নাচ-গান, তরুণ প্রজন্মের মুখে ও এসএমএসে হিন্দি ভাষা। আর কত! এর সবকিছুই যে খুবই মানসম্পন্ন তা নয়। সবকিছুর মধ্যে একটা চোখ ধাঁধানো ব্যাপার আছে। হিন্দি সিনেমা যদি অবাধে আমদানি করা হয়, তাহলে যে শুধু মানসম্পন্ন সিনেমাই আসবে তার কি কোনো নিশ্চয়তা আছে? অনেকে হয়তো বলবেন সিডি, ডিভিডি ও স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে সব সিনেমাই মানুষের নাগালের মধ্যে। তাহলে আমরা আর কেন আমাদের হলগুলোও প্রতিযোগিতার নামে তাদের হাতে ছেড়ে দেব? এক কোটি ও এক শ কোটি টাকা বাজেটের সিনেমার মধ্যে প্রতিযোগিতা একটু কি হাস্যকর ও করুণ নয়? এটা কি খাল কেটে কুমির আনা হবে না? এর চেয়ে আমাদের চলচ্চিত্রশিল্প বিকাশে যেসব প্রতিবন্ধকতা আছে, তা দূর করার পদক্ষেপ নেওয়াটাই কি ভালো নয়?মনিরা হোসেনদয়ালের মোড়, নওগাঁ।কুষ্ঠ রোগকুষ্ঠ একটি নিরাময়যোগ্য রোগ। অনেক রোগী আছে, যারা রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করেছে বলে কোনো অঙ্গ বিকৃতি ছাড়াই সুস্থতা লাভ করেছে এবং বর্তমানে তারা সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করছে। ব্রিটিশ শাসনামলে ১৮৯৮ খ্রিষ্টাব্দে ‘লেপার্স অ্যাক্ট’ পাস করা হয়। ওই আইনে কুষ্ঠ-আক্রান্তদের মানবীয় মর্যাদা নানাভাবে লঙ্ঘিত হয়েছিল, যার ফলে কুষ্ঠ-আক্রান্ত ব্যক্তিদের ভিক্ষাবৃত্তি অবলম্বন করে বেঁচে থাকতে হতো। ওই আইনের এখন পরিবর্তন দরকার, যাতে আমাদের দেশের কুষ্ঠ রোগীদের মানবাধিকার রক্ষিত হয় এবং উন্নয়নের একই স্রোতধারায় জীবনযাপন করতে পারে।দানিয়েল বৈরাগীখুলশী, চট্টগ্রাম।