চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশবসম্প্রতি প্রথম আলোয় কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘খোকা-খুকু ও কাঠবিড়ালী’ লেখাটি পড়ে মনে পড়ে গেল শৈশবের কথা। লেখককে ধন্যবাদ এ রকম একটি সুন্দর বিষয় তুলে ধরার জন্য। আজকের এই ব্যস্ত যুগে কজনই বা ভাবছে শিশুদের ভাবনাগুলো নিয়ে। আজকালকার শিশুরা (বিশেষ করে শহরাঞ্চলে) তাদের শৈশবকাল অতিবাহিত করছে ইট-পাথরে ঘেরা চারদেয়ালে বন্দী থেকেই। শৈশবকালের যে মধুর দিনগুলো, তা তো তারা পাচ্ছেই না, উপরন্তু বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার মতো কঠিন স্বপ্নগুলো অক্টোপাসের মতো ঘিরে ধরছে। ফলে তাদের নিজস্ব চিন্তা, খেয়ালখুশিগুলো চারদেয়ালেই সীমাবদ্ধ থাকছে। বিকশিত হতে পারছে না তাদের স্বকীয়তা। শুরু থেকেই তাদের অন্যের চোখে জগৎটাকে দেখানো হচ্ছে। অভিভাবকেরাও চাইছেন ছোটবেলা থেকেই তাঁদের সন্তান সব দিকে ‘স্মার্ট’ হয়ে উঠুক। এক শিশু খুব সকালে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে স্কুলের পড়া তৈরি করছে, নাশতা করছে, তারপর কাঁধে বিরাট ওজনের এক স্কুলব্যাগ ঝুলিয়ে স্কুলে যাচ্ছে, ক্লাস করে আসার পর খাওয়া-দাওয়া, একটু বিশ্রাম, বিকেল থেকে হারমোনিয়াম-তবলা নিয়ে গান শেখা, না হয় কম্পিউটার নিয়ে বসা, রাতে আবার পড়াশোনা। চিন্তা করতে কষ্ট হয়, এভাবেই যাচ্ছে বেশির ভাগ শিশুর দৈনিক রুটিন। হাতে বই নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে খেলতে ভোঁদৌড় দিয়ে স্কুলে যাওয়ার যে আনন্দ, সেটা কি আর কিনতে পাওয়া যায়? তাদের শৈশবের সুন্দর মাটির মনটাকে অঙ্কুরেই শুকনো করে কাঠামো তৈরি করা হচ্ছে। লেখক, সাহিত্যিক, সাংবাদিক, পর্যটক হওয়ার বাসনাগুলো আর শিশুদের মধ্যে নেই। পড়ালেখার ফাঁকে একটু সময় পেলেও অভিভাবকেরা তাদের কোনো গ্রামে একটু প্রাকৃতিক পরিবেশে নিয়ে যেতে নারাজ। তাদের চাওয়া, অবসর সময়টাতেও তারা কোনো প্রযুক্তি শিখুক, কোনো বই পড়ুক। এতে যেন পড়াশোনাটা বাদ না যায়। প্রাকৃতিক জগৎ থেকে দূরে থেকে থেকে তাদের ভাবনাগুলোতেও কৃত্রিমতা গ্রাস করছে। তাই আজ আর তাদের শিশুতোষ বইয়ের মজাগুলো কাছে টানছে না। যখন তাদের প্রজাপতির পাখা দেখে আনন্দ পাওয়ার কথা, তখন তারা স্কুলের ক্লাসরুমে কম্পিউটার শিখছে।অভিভাবকদের অনুরোধ করছি, শৈশবেই শিশুদের এত গতিময় করবেন না। তাদের সুন্দর সাবলীল নিষ্পাপ চিন্তা-ভাবনাগুলোকে নিজের মতো করে ফুটিয়ে তুলতে দিন। ওদের আগ্রহটাকেই ভবিষ্যতের স্বপ্নে লালিত হতে দিন। অবসর সময়ে পড়াশোনার পাশাপাশি ওদের পশুপাখি, গাছগাছালি ও গ্রামের পরিবেশের সঙ্গে সম্পর্ক ঘটান। অপ্রাপ্তবয়স্কদের জগতে এই ছোটবেলা থেকে ঠেলে দেবেন না। ওরা যেন পাখির কলতানে উচ্ছ্বাস প্রকাশ করতে পারে, প্রজাপতির পেছনে পেছনে ছুটতে পারে, ঘুড়ি ওড়ানোর মজা পেতে পারবে—এমন পরিবেশে ওদের বড় হতে দিন। ওদের জন্য এমন একটা পরিবেশ গড়ে তুলুন, যেখানে আনন্দ ও শিক্ষা—দুটো একই পরিবেশ থেকে পায়। শিশুরা যেন নিজের মতো করে বাঁচতে পারে। শৈশবকালের মধুর স্মৃতি নিয়ে তারা যেন ফিরে পাওয়ার আফসোস করে, এটাই প্রত্যাশা। রনজয় কৈরী, শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।গণমাধ্যমগত শনিবারের প্রথম আলোর প্রধান শিরোনাম ‘টিভি চ্যানেল পেয়ে এখন জমির জন্য আবেদন’ পড়ে আমার মতো যাঁরা আগামী দিনে সাংবাদিকতা বা গণমাধ্যমের কাজকে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের অনেককেই হয়তো আবার হিসাব মেলাতে বসতে হয়েছে। ১২টি নতুন টিভি চ্যানেল আসার খবরে বেশ খুশিই হয়েছিলাম যে বাংলাদেশি গণমাধ্যমে প্রতিযোগিতা আরও বাড়ল। কিন্তু আসল চিত্রটা ধীরে ধীরে প্রকাশ হতেই হতাশা গ্রাস করেছে। সরকার পরিবর্তনের পর সরকার বৈরী কোনো চ্যানেলের বিরুদ্ধে অজুহাত খাড়া করে বন্ধ করে দেওয়া সরকারের জন্য কোনো ব্যাপারই নয়। এই মাধ্যমে যাঁরা কাজ করেন, তাঁরা এক ধরনের দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই আসেন। কিন্তু দীর্ঘদিনের পরিশ্রমের পর যখন একটা অবস্থানে পৌঁছান, তখনই সব যেন অন্ধকার গ্রাস করে নেয়। তাঁরা পরিণত হন শিক্ষিত, অভিজ্ঞ বেকারে। তাই কাজের ক্ষেত্রে সব সময়ই একটা শঙ্কার মধ্যে থাকতে হয়। সামনে যে টিভি চ্যানেলগুলো আসছে এবং এতে যাঁরা যোগ দিচ্ছেন, তাঁদেরও হয়তো আজ, কাল অথবা পরশু না চাইলেও এই অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হবে। আর আমার মতো যাঁরা ভাবছিলেন গণমাধ্যমেই নিজেদের প্রতিষ্ঠিত করার যথেষ্ট সুযোগ আছে, তাঁরা হয়তো এই বন্দী বক্সগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কোনো পেশা নিয়ে ভাবতে শুরু করবেন। সরকার এবং উদ্যোক্তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, গণমাধ্যম নিয়ে স্বল্পমেয়াদি ঝুঁকিপূর্ণ ব্যবসা খুলে আমাদের স্বপ্ন দেখাবেন না। ফাহিম ইবনে সারওয়ারশিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।