চিঠিপত্র
সড়ক দুর্ঘটনাগত ২৭ মে সারা দিন অত্যন্ত ভারাক্রান্ত থাকতে হলো। একটি দুর্ঘটনা আর একটি সম্ভাবনার মৃত্যু। ইডেন কলেজের সামনে বেপরোয়া বাসের শিকার এবার বুয়েটের ছাত্র খানজাহান সম্রাট। এ ছাড়া ওইদিন পাঁচ জেলাতে সড়ক দুর্ঘটনায় মৃত ১৫ জন। এভাবে আর কত প্রাণ ঝরবে? বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ রকম ঘটনা অহরহ ঘটছে, কিন্তু কর্তৃপক্ষ নীরব থাকে বরাবর। কয়েক দিন একটু হইচই হয়, তারপর আবার নীরবতা। বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন চলাচল বন্ধ করলে কি খুব ক্ষতি হয়? গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইলে হামীমের মৃত্যুর পর সবাই সরব হয়েছিল। আন্দোলন হয়েছিল। দাবি করা হয়েছিল আইন সংশোধন করে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির শাস্তি কঠোর করতে হবে। শুধু চালকের শাস্তি হলেই চলবে না, গাড়ির মালিকেরও শাস্তির বিধান করতে হবে অদক্ষ চালক নিয়োগের জন্য। তা ছাড়া পথচারীরা অবহেলা করলে তাদেরও শাস্তির বিধান থাকা উচিত। প্রতিটি প্রাণই মূল্যবান। প্রতিটি দুর্ঘটনা প্রতিদিন কেড়ে নিচ্ছে অমূল্য সব প্রাণ। আমরা চাই না আমাদের চারপাশে আর কোনো অপমৃত্যু দেখতে। আমরা চাই না সম্রাট, হামীম, সাইফ অথবা রোমানার মতো অগণিত সম্ভাবনাময় প্রাণ ঝড়ে যেতে দেখতে।কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, দয়া করে পদক্ষেপ নিন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এটা ঠিক যে আইন করে সচেতনতা বাড়ানো যায় না। আবার এটাও ঠিক, আইনের কড়াকড়ি না থাকলে মানুষ সচেতন হতেও চায় না। তাই নিরাপদ সড়কের জন্য আমাদের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। মইনুল আলমধানমন্ডি, ঢাকা। [email protected]