চিঠিপত্র
নগর পরিবহনঅপরিকল্পিতভাবে গড়ে ওঠা বিশাল ও জনবহুল ঢাকা মহানগরের পরিবহন বহরে বাসের সংখ্যা যতই বাড়ানো হোক না কেন, এখানকার অসংখ্য অলিগলিতে চলাচলের জন্য ছোট যানবাহন যেমন রিকশা, বেবিট্যাক্সি, ছোট ট্যাক্সিক্যাব ইত্যাদির চাহিদা ও প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু নগরবাসী এসব পরিবহনের, বিশেষ করে সিএনজিচালিত বেবিট্যাক্সি ও ট্যাক্সিক্যাব চালকদের মর্জি আর দৌরাত্ম্যের কাছে এক প্রকার জিম্মি। বিশেষত বয়স্ক যাত্রী, নারী, শিশু অথবা হাতে কোনো ব্যাগ বা ছোটখাটো মালামাল নিয়ে নগর বাসে চড়া বা ভ্রমণ করা প্রায় অসম্ভব।আবার বিভিন্ন রাস্তায় রিকশা চলাচল নিষিদ্ধ থাকায় এসব যাত্রীর জন্য ভাড়ার ট্যাক্সিক্যাব বা বেবিট্যাক্সিই একমাত্র ভরসা। এ দুটি পরিবহনে ভাড়ার মিটার সংযুক্ত থাকলেও কখনো তা অনুসরণ করা হয় না। কয়েক বছর আগেও এসবের চালকেরা মিটারে প্রদর্শিত ভাড়ার ওপর ১০ বা ২০ টাকা বেশি প্রদানের শর্তে রাজি হতো। কিন্তু বর্তমানে যেকোনো যাত্রীর কাছে মিটার-নির্ধারিত সম্ভাব্য ভাড়ার দ্বিগুণ বা তিন গুণ বেশি দাবি করা হয়। কম দূরত্বে অথবা চালকের পছন্দের গন্তব্যে না হলে তারা যেতে সরাসরি অস্বীকার করেন। কখনো কেউ রাজি হলে চালকের দাবি করা কয়েক গুণ বাড়তি ভাড়াতেই অসহায় যাত্রীদের রাজি হওয়া ছাড়া গত্যন্তর থাকে না। মিটারে যে দূরত্বে বড়জোর ৩৫-৪০ টাকা ভাড়া হয় সেখানে ৯০-১০০ টাকার নিচে চালকেরা যেতে অনিচ্ছা প্রকাশ করেন। মনে হয়, যাত্রীদের স্বার্থ রক্ষায় বা চালকদের এমন বেপরোয়া ও অবৈধ কার্যকলাপ রোধে দেশে কোনো কর্তৃপক্ষ নেই। এসব ভাড়া গাড়িতে মিটার থাকা সত্ত্বেও কেন তা মানা হচ্ছে না, এর কারণ অনুসন্ধান করে সমস্যাগুলো দূর করতে হবে এবং আইন পালন বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় বিপুল বৈদেশিক মুদ্রা অপচয় করে এসব মিটার আমদানি এবং গাড়িতে সংযোজনের হেতু কী? গাড়িতে মিটার লাগিয়ে ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে এবং আইনের সঙ্গে এ ধরনের প্রতারণা কবে বন্ধ হবে?শহীদুল আযম, মিরপুর, ঢাকা।মুমূর্ষু ঢাকাবেগুনবাড়ির ঘটনা আবার প্রমাণ করল, আমরা কতটা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছি। এর আগে স্পেকট্রাম গার্মেন্টসের ধ্বংসস্তূপ আমাদের দেখিয়েছে আমরা কতটা অসতর্ক, এবার দেখাল বেগুনবাড়ি। কিন্তু আমরা তো শুধু দেখেই যাচ্ছি। এসব ভবনধস আমাদেরই আমন্ত্রিত। অননুমোদিত ও অপরিকল্পিতভাবে নির্মিত ভবনগুলোর ধস আমাদের বারবার দেখিয়ে দিচ্ছে, আমাদের অপ্রস্তুত অবস্থা। কিন্তু বিধি বাম। সব সম্ভবের এ দেশে আসলে কী না সম্ভব? শুধু ভবন নির্মাণে অসচেতনতাই নয়, সুপ্রশিক্ষিত উদ্ধারকর্মীর অভাব আমাদের নাজুক দশাকে আরও খারাপভাবে বিশেষায়িত করেছে। রাজউক, সিটি করপোরেশন ও গণপূর্ত বিভাগের ব্যর্থতার মাশুল দিতে হলো কতগুলো প্রাণকে। এ আর নতুন কী? পুরান ঢাকার অনেক ভবন হাল্কা ভূমিকম্পে মাটির সঙ্গে মিশে যাবে। এ কথা আমরা সবাই জানি, অনেক দিন ধরেই শুনছি। কিন্তু বিশ্ববাসীর কাছে বড় কোনো শিরোনাম উপহার দেওয়ার জন্যই কি আমারা হাত-পা গুটিয়ে বসে আছি?রবিউল ইসলামশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।হরতালের বিকল্পবর্তমান সরকার দিনবদলের যে প্রত্যয় নিয়ে এবং যুদ্ধাপরাধসহ নানা অন্যায়-অপকর্মের সুবিচার করার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সহানুভূতি আদায় করে ক্ষমতায় এসেছিল। প্রকৃত পক্ষে সরকারের দেড় বছর অতিবাহিত হলেও তার কোনো প্রতিফলন ঘটেনি। বরং বিএনপি সরকারের পর্বতসম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে নতুন মাত্রা। দুর্নীতি দমনে সরকারের পদক্ষেপ প্রশ্নবিদ্ধ। তা ছাড়া আছে, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে কোণঠাসা করা; টেন্ডার, চাঁদাবাজি, খুন, হল দখল, জমি দখল, হুমকি, হামলা, ভাঙচুর, ছাত্রলীগের লাগামহীন নৈরাজ্য আর নৃশংসতার পরও তাদের প্রতি শাসনের চোখে না তাকানো ইত্যাদি নানা অস্থিরতা।এর সঙ্গে যুক্ত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উৎপাদন ও আমলাতান্ত্রিক শ্লথগতি, বিদ্যুৎ বিভ্রাট, বিদেশে জনশক্তি রপ্তানিতে হতাশা, গ্যাস ও পানি সংকট। এ রকম নানা সমস্যায় যেখানে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত, সেখানে হরতালের মতো কর্মসূচি তো কেবল জনজীবনে দুর্ভোগই বাড়াবে না, বরং শ্রমজীবী মানুষের আয়ের পথে বাধা সৃষ্টি করে তাদের সীমাহীন কষ্ট দেবে। অর্থনৈতিক অবস্থাকে করে দেবে আরও শঙ্কাগ্রস্ত। এবার বিএনপির প্রমাণ করার সময় এসেছে, তারা জনগণের স্বার্থে এমন ক্ষতিকর কর্মসূচির বিপক্ষে। যাতে তারা ক্ষমতায় গেলে হরতালের বিরুদ্ধে সোচ্চার হতে পারে। আশা করি, হরতাল করে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে রাজনৈতিক দলগুলো কার্যকর কোনো আন্দোলন কৌশল অবলম্বন করে দেশের অর্থনৈতিক গতিশীলতাকে তরান্বিত করতে একটি নতুন রাজনীতি উপহার দেবে—যা জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে। আমিনুল ইসলাম, দোহার, ঢাকা।[email protected]সরকারি ওয়েবসাইটসরকারের বিভিন্ন মন্ত্রণালয়, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিয়মিত আপডেট করা হয় না। অধিকাংশ ওয়েবসাইটের বেহাল দশা। এর কারণ অর্থনৈতিক সীমাবদ্ধতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্তব্যে অবহেলা। সরকারি ওয়েবসাইটের এই করুণ দশা থেকে সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার কর্মসূচি সম্পর্কে জনমনে কেবল সন্দেহ দানা বাঁধে। সরকার নির্বাচনের আগে থেকে ডিজিটাল দেশ গড়ার উচ্চাভিলাষী কথা বললেও তার বাস্তবিক প্রয়োগ খুব কম। সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এই অভিলাষ সংগতিপূর্ণ কি না, তা একটি প্রশ্ন। এ দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো শিক্ষাবঞ্চিত। এমতাবস্থায় তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার সত্যিকার অর্থে কঠিন। ডিজিটাল বাংলাদেশের জন্য এখনো হয়তো আমরা পুুরোপুরি প্রস্তুত নই। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে ডিজিটাল বাংলাদেশ আপন নিয়মেই গড়ে উঠবে বলে মনে হয়।তবে বেসরকারি খাত বিকাশের কারণে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে একটি সচেতন গোষ্ঠী তৈরি হয়েছে। এ ছাড়া প্রবাসীদের উল্লেখযোগ্য একটি অংশ ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত। তাদের সবার কাছে সরকারের কর্মসূচি বা সফলতা তুলে ধরতে সরকারি ওয়েবসাইটের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ওয়েবসাইটগুলো নিয়মিত হালনাগাদ করার জোর দাবি জানাই। এই প্রক্রিয়া আমাদের নাগরিক সমাজের তথ্যের চাহিদা পূরণেও ভূমিকা রাখবে। জাহেদুর রহমান তাহেরপুর, বাগমারা, রাজশাহী।