চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতভাগ্য চিকিৎসকগত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত ২৮তম বিসিএসের ফল। স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্যমতে, ছয় হাজার চিকিৎসকের পদ শূন্য। প্রতিদিন পত্রিকায় চোখে পড়ছে স্বাস্থ্যকেন্দ্রগুলো চিকিৎসকবিহীন। কিন্তু আশ্চর্যের বিষয়, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তার পরও স্বাস্থ্য ক্যাডারে বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না। চিকিৎসক-সংকট দূর করতে বর্তমান সরকার আন্তরিক এবং এ জন্য এডহক ভিত্তিতে চিকিৎসক নিয়োগও দিচ্ছে। এটা খুবই ভালো কথা। এ জন্য তিন হাজার ৫৫১ জন চিকিৎসক বাছাই করা হয়েছে। কিন্তু যেখানে ছয় হাজার পদ শূন্য, সেখানে এই তিন হাজার ৫৫১ জন আর ২৮তম বিসিএসে নির্বাচিত ৭২৪ জনকে নিয়োগ দেওয়ার পরও এক হাজার ৭২৫টি পদ শূন্য থাকে। এই পদ শূন্য থাকার পরও প্রায় ৫৫০ জনের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চিকিৎসককে নিয়োগ দেওয়া হচ্ছে না। যেখানে স্বাস্থ্য খাতে চিকিৎসক-সংকট দূর করতে পিএসসির দীর্ঘসূত্রতামূলক নিয়োগ-প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দ্রুত এডহকভিত্তিক এতসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানে ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ না দেওয়ার যথার্থতা কতটুকু। বাংলাদেশের মতো দেশে চিকিৎসকদের একমাত্র সরকারিভাবে চাকরির স্তর হলো বিসিএস, যা সবার কাছে সোনার হরিণ। অথচ এত কষ্ট করে পাস করেও কোনো লাভ নেই। তাহলে কেমন করে এ পেশার প্রতি মানুষের আগ্রহ থাকবে? তা ছাড়া যাঁদের এডহকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাঁদের চাকরি স্থায়ীকরণ করতে হলেও বিসিএস পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হতে হবে। অপরদিকে নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত অবস্থায় ২৮তম বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরও চাকরি হবে না বা তাঁদের নিয়োগ দেওয়া হবে না—এটা খুবই আশ্চর্যজনক! এমনিতেই চিকিৎসকদের বিসিএসের মতো দীর্ঘমেয়াদি পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে অনেক কষ্ট করে উত্তীর্ণ হতে হয়েছে। কিন্তু এখন নিয়োগ দেওয়া হবে না। এটা একজন চিকিৎসকের জীবনে একটা বড় দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পিএসসির চেয়ারম্যানের কাছে আবেদন, যে চিকিৎসকেরা ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের বঞ্চিত না করে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দিন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসক।গণমাধ্যমঅনেক কাঠখড় পুড়িয়ে বর্তমান সরকার যখন ক্ষমতায় এল, আমরা ভেবেছিলাম এবার একটা পরিবর্তনের হাওয়া আসবে। সেই হাওয়ায় ভেসে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু হায়! যতই দিন যাচ্ছে ততই আমরা নিশ্চিত হচ্ছি পরিবর্তনের যে আশা আমরা করেছিলাম তা মিথ্যে প্রমাণিত হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিয়ে সরকার প্রমাণ করেছে ক্ষমতায় আসার আগের কথা আর পরের কথা কখনোই এক হয় না। চ্যানেল ওয়ান ও আমার দেশ সরকার বন্ধ করে দিয়েছে। সরকারের এ ধরনের কাজ ‘গণতন্ত্র’ শব্দটিকে প্রশ্নবিদ্ধ করছে, যদিও সরকার তা নিয়ে চিন্তা করছে বলে মনে হয় না। একটি গণতান্ত্রিক দেশে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। গণমাধ্যমের ওপর ক্ষমতাসীনদের হস্তক্ষেপ গণতন্ত্রচর্চায় বাধা সৃষ্টি করছে। সরকারের মনে রাখা উচিত সংসদের দু-তৃতীয়াংশের বেশি আসন দিয়ে জনগণ তাদের ক্ষমতায় এনেছে। আর তাই সরকারের উচিত জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া। গণমাধ্যমের প্রতি সরকারের অন্যায় আচরণ মানুষ মেনে নেবে না। বর্তমান সরকারের প্রতি আমাদের অনুরোধ, জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারে, দয়া করে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত কোনো কাজ করা থেকে বিরত থাকুক। আরাফাত হিমুমিরপুর, ঢাকা।জবির জন্য বরাদ্দবাংলাদেশে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অন্যতম পুরোধা প্রতিষ্ঠান জগন্নাথ কলেজ, যা আজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। দুঃখের বিষয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানাভাবে অবহেলিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের ২৭(৪) ধারায় বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয় নিজস্ব আয়ে চলবে। এ আইনটি বাতিল করা অত্যন্ত প্রয়োজন। নানা আইনি বাধ্যবাধকতার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার প্রয়োজনীয় অনুদান থেকে বঞ্চিত হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়টি আজ নানা সমস্যার সম্মুখীন। ক্লাসরুমের সংকট, ক্ষুদ্র ক্যাম্পাস, অপর্যাপ্ত ও দক্ষ শিক্ষকের অভাব, সর্বোপরি তীব্র আবাসনসংকট। সুষ্ঠু পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন এবং বৃহৎ বরাদ্দই একমাত্র এ সমস্যার সমাধান হতে পার। ২০১০-১১ অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১৯ কোটি ৪৮ লাখ টাকা দিতে রাজি হয়েছে। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু জবির কোনো আবাসিক ব্যবস্থা নেই, নেই বৃহৎ ক্যাম্পাস, নেই পর্যাপ্ত শিক্ষক, তার জন্য এ সামান্য বরাদ্দ কতটা ফলপ্রসূ হবে? তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, জবির জন্য বড় আকারের বরাদ্দ ঘোষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মান বাড়াতে পদক্ষেপ নিন।মো. তৌহিদুল ইসলাম শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।