চিঠিপত্র
চিকিৎসকদের ফরিয়াদআমরা ২৮তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৪৮০ জন এমবিবিএস এবং পাঁচজন বিডিএস চিকিৎসক লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য পিএসসি কর্তৃক সুপারিশকৃত হইনি। দীর্ঘ পাঁচ বছর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সাধনার মাধ্যমে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি অর্জন করেছি। আমরা মানবসেবায় আত্মনিয়োগের ব্রত অন্তরে লালন করে নিবিড়ভাবে গ্রহণ করেছি এক বছরের ইন্টার্নশিপ প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে আমরা ছড়িয়ে পড়তে চেয়েছি সমগ্র বাংলাদেশে, যা বর্তমান সরকারের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন। সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা অংশগ্রহণ করেছিলাম ২৮তম বিসিএস পরীক্ষায়। এ পরীক্ষায় প্রিলিমিনারি পর্যায়ে এক লাখ ২০ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৭৮ জন। তাঁদের মধ্য থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন পাঁচ হাজার ৮৮১ জন। শুধু স্বাস্থ্য ক্যাডারে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত এক হাজার ২৬০ জন এমবিবিএস এবং ১০৮ জন বিডিএস চিকিৎসকের মধ্যে উত্তীর্ণ হন যথাক্রমে এক হাজার ২০৪ জন এমবিবিএস এবং ১০৬ জন বিডিএস চিকিৎসক। কিন্তু পিএসসি উত্তীর্ণ চিকিৎসকদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সাময়িকভাবে ৭২৪ জন এমবিবিএস এবং ১০১ জন বিডিএস চিকিৎসককে নিয়োগদানের জন্য সুপারিশ করে। ফল প্রকাশকালে পিএসসি উল্লেখ করে, চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণের কারণে প্রায় ৩০০ পদ খালি রাখতে হয়েছে।বর্তমানে প্রধানমন্ত্রীর ঘোষণামতে, চিকিৎসকদের প্রায় ছয় হাজার পদ খালি রয়েছে। পিএসসির দীর্ঘসূত্রতামূলক নিয়োগ-প্রক্রিয়ার ওপর নির্ভর না করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ইতিমধ্যে অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) তিন হাজার ৫৫১ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করেছে। এর সঙ্গে ২৮তম বিসিএসের ফল অনুযায়ী সুপারিশকৃত প্রায় ৮২৫ জন চিকিৎসক যোগ দিলে চার হাজার ৩৭৬টি পদ পূরণ হয়, যার অধিকাংশ অস্থায়ীভাবে সুপারিশকৃত তিন হাজার ৫৫১ জনের মধ্যে আছে।উল্লেখ্য, ২৮তম বিসিএস প্রজ্ঞাপনে সহকারী ডেন্টাল সার্জন পদে ১৫২টি পদ থাকা সত্ত্বেও ১০৬ জন উত্তীর্ণ প্রার্থীর মধ্যে ১০১ জনকে সুপারিশ করা হয়েছে।আমরা যেসব চিকিৎসক ২৮তম বিসিএস পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, অথচ ক্যাডার পদে বিবেচিত হইনি, বর্তমানে তারা শূন্য পদে নিয়োগ পেতে আগ্রহী।এই পরিপ্রেক্ষিতে আমাদের দাবি: ১. ২৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব চিকিৎসককে বিদ্যমান শূন্যপদে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হোক। ২. কোটা সংরক্ষণের কারণে স্বাস্থ্য ক্যাডারে যেসব পদে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়নি, সেসব পদে নিয়োগ দেওয়া হোক। ৩. যেহেতু ২৮তম বিসিএসে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোটা সংরক্ষণের কোনো বিধান ছিল না, অথচ পরে মৌখিক পরীক্ষার পর এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়, সেই হিসেবে আমরা কোটা সংরক্ষণের আওতামুক্ত। আল-মাহমুদ, মোসলেহ্ উদ্দীনমো. হাসিনুর রহমানঢাকা।সুষ্ঠু নগরায়ণঅবিশ্বাস, সংকীর্ণতা, সন্দেহ, রেষারেষি, বিভেদ, বিভাজনের দোলাচলে নিজের শক্ত মানসিকতার ভিতটা মাঝেমধ্যে নড়ে ওঠে আর জানান দেয়, নিঃশ্বাসের ওপর ভরসা করা যাবে না এক মুহূর্তের জন্যও। গত ৩ জুন নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড, মানুষের অগ্নিদগ্ধ কুঁকড়ে যাওয়া শরীর আর বেঁচে থাকা মানুষের চিৎকার ও কান্নায় ভারী হয়েছে বাংলাদেশের বাতাস। অপরিকল্পিত নগরায়ণের চাপে গড়ে ওঠা ঘনবসতিপূর্ণ নোংরা ঢাকা মানুষের চাপ আর বইতে পারছে না। এখনি প্রতিরোধ না করলে মেগাসিটি ঢাকা একদিন পৃথিবীর বুকে পরিচিত হবে ভয়াবহতম নগর হিসেবে। এটা আমাদের কাম্য নয়। আমরা আশা রাখি, সরকার, বিরোধী দল, সুশীল সমাজ, নগর উন্নয়ন পরিকল্পনাকারীরা বিষয়টির প্রতি গভীর দৃষ্টি দেবেন। শুধু তাই নয়, সুষ্ঠু নগরায়ণের বিধিগুলো বাস্তবায়ন করবেন। কনা এম এম কলেজ, যশোর।