চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুমূর্ষু রেলওয়েবাংলাদেশ রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, স্বাধীনতার পর বিগত ৩৮ বছরে মাত্র ৯৩ কিলোমিটার নতুন স্থাপিত রেললাইনের বিপরীতে বন্ধ হয়েছে প্রায় পৌনে ৩০০ কিলোমিটার। বর্তমান চালু পথেও একে একে বন্ধ করা হয়েছে বহু রেলস্টেশন। ইঞ্জিন, বগি ও জনবল সংকট এবং রেললাইনের প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় বাংলাদেশ রেলওয়ে এখন মুমূর্ষুপ্রায়। উপরন্তু একশ্রেণীর লুটেরা ও দখলদারের কবলে পড়ে প্রতিনিয়ত বেহাত হচ্ছে রেলওয়ের কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ। এর সঙ্গে যোগ হয়েছে এটিকে ক্রমাগত লোকসানি প্রতিষ্ঠান অভিধায় চিহ্নিত করা। আশঙ্কা হয়, কবে আবার চক্রান্তমূলকভাবে রেলওয়েকে লোকসানি অপবাদের কারণে বেসরকারীকরণের জিকির ওঠে কিংবা রেলপথের স্লিপার তুলে দিয়ে সড়ক পথ বানানোর চিন্তা মাথায় উদয় হয়!নাব্যতার অভাবে বিগত তিন দশকে দেশের বেশির ভাগ নৌপথ বন্ধ হয়ে গেছে। দুর্নীতি, অবহেলা, আর অদক্ষতায় রেলওয়েকে মৃত্যুপথে ঠেলে দেওয়া হয়েছে। বিপরীতে সড়ক যোগাযোগ খাতে বেসরকারি মালিকানায় পরিবহন ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। যাত্রীর স্বার্থ ও চাহিদা তাদের কাছে সম্পূর্ণ উপেক্ষিত, মূল্যহীন। বর্তমান দুরবস্থা থেকে উত্তরণ ঘটাতে রেলওয়ে খাতে ব্যাপক বিনিয়োগ, সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিকল্প নেই। আর এ জন্য আশু প্রয়োজন রেলওয়ের জন্য একটি সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয়। আর যা-ই হোক, একই মন্ত্রণালয়ের অধীনে সড়ক যোগাযোগের সঙ্গে সম্পৃক্ত থাকলে সংগত কারণেই রেলওয়ের স্বার্থ বারবার উপেক্ষিত থেকেই যাবে। শাহীদুল আযম মিরপুর, ঢাকা।নেশার মরণকামড়নেশার ভয়ানক সামগ্রী সবার চোখ ফাঁকি দিয়ে আজকের এই পর্যায়ে ব্যাপক বিস্তার লাভ করেছে। নেশার এই মরণ কামড়ে জর্জরিত তরুণ সমাজ। নেশা আসলে এমনই এক জিনিস, যা কোমলমতি তরুণ-তরুণীকে সহজেই আকর্ষণ করে। কীভাবে যে এর মায়াজালে মোহাবিষ্ট হয়ে পড়ে, তা কেউই বুঝতে পারে না। যখন তা ধরা পড়ে, তখন দেরি হয়ে যায় অনেক। প্রতিটি নেশার সামগ্রী শরীরে ও মনে ব্যাপক ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। ফলে শারীরিক ও মানসিক চাহিদা অনুযায়ী দিনের পর দিন ডোজ বাড়ানোর প্রয়োজন হয়। হোক সেটা মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, প্যাথিডিন, ক্যানাবিস, ধূমপান অথবা ইয়াবা। নেশার ধরনই এ রকম। শত চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনা যায় না।নেশায় আসক্ত তরুণ-তরুণী এক ধরনের ভঙ্গুর ব্যক্তিত্ব ও মানসিকতা নিয়ে গড়ে ওঠে। অথবা ভঙ্গুর ব্যক্তিত্ব ও দুর্বল মানসিকতার তরুণ-তরুণী নেশায় আসক্ত হয় বেশি। মনের ইচ্ছা থাকলেও তা থেকে আর নিবৃত্ত হতে পারে না, দিনের পর দিন নেশার ডোজ বাড়িয়ে জড়িয়ে পড়ে নানা অপরাধে। জীবনের গতিপথ থেকে পিছিয়ে পড়ে অনেকটাই, এক প্রকার হতাশা ঘিরে ফেলে তাকে। মাদকাসক্তির বড় একটি অসুবিধা হচ্ছে, হঠাৎ করেই মাদক নেওয়া বন্ধ করা যায় না, ধীরে ধীরে তা ছাড়তে হয়। ফলে এর চিকিত্সা হয় দীর্ঘস্থায়ী। তত দিন অনেকেরই প্রায় ধৈর্য থাকে না। আবার দীর্ঘদিন চিকিত্সা নেওয়ার পর তার পারিপার্শ্বিক পরিবেশও যদি আগের মতো হয়, তবে তার আবার মাদক গ্রহণের ঝুঁকি থেকেই যায়। নেশার এই মরণ কামড়ে আক্রান্ত তরুণ-তরুণীরা মিথ্যার আশ্রয় গ্রহণ করে। নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকায় তারা বারবারই মাদক গ্রহণ করে, আর প্রতিবার প্রতিশ্রুতি দেয় আর কখনো গ্রহণ করবে না।ইদানীং লক্ষ করা যায়, দরিদ্র ঘরের শিশু-কিশোরও এক ধরনের নেশা দ্রব্য ব্যবহার করে, সেটি হচ্ছে ডেন্টি। জুতায় লাগানো পেস্টিং আর আসবাবের সলিউশন দিয়ে এ ভয়াবহ নেশা তৈরি করা হয়। পথশিশুরা পলিথিনের ব্যাগে হলুদজাতীয় এক ধরনের পদার্থ নিয়ে ফোলাতে আর ফাটাতে ব্যস্ত থাকে। দেখে মনে হয়, খেলা করছে। রাস্তার পাশে এটি দেখে বোঝার উপায় নেই যে তারা নেশা করছে। খুব অল্প খরচে এই নেশা করা যায়।এটা অনস্বীকার্য, যে ধরনের নেশাদ্রব্য ব্যবহার করা হোক না কেন, শরীরে এর ক্ষতি কিন্তু অপরিসীম। তরুণ সমাজের একটি বড় অংশ আজ নেশার মরণ ফাঁদে আক্রান্ত। তাই ভবিষ্যতে আর কেউ যেন নেশায় আসক্ত না হয়, সেদিকে সব মহলের সচেতনতা একান্ত প্রয়োজন। সেই সঙ্গে অবৈধ মাদকের সহজপ্রাপ্যতা রোধ করতে হবে।মামুন, শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।থানাহাজতে মৃত্যুদেশের বিভিন্ন থানা হাজতে পুলিশি নির্যাতনে আসামির মৃত্যুর খবর প্রায়ই শোনা যায়। কোনো কোনো থানায় আসামি আটক করে স্বীকারোক্তি আদায় করতে অমানবিক নির্যাতন চালানো হয়। পুলিশি নির্যাতনে অনেক নির্দোষ আসামি বাধ্য হয়ে স্বীকারোক্তি দিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে। বিভিন্ন থানা হাজত থেকে কোর্টে পাঠানো আসামিদের অনেকেই যে পুলিশি নির্যাতনের শিকার হয় তা আসামিদের চলাফেরা দেখলেই আঁচ করা যায়। নির্যাতিত আসামিদের হাঁটাচলায় অস্বাভাবিকতা, সোজা হয়ে দাঁড়াতে না পারা দেখলেই বোঝা যায়, তাদের ওপর কী নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে। স্বীকারোক্তি আদায়ের নামে নির্দয় নিপীড়ন, কোনো কোনো ক্ষেত্রে টাকা হাতানোর স্বার্থে আসামির প্রতি মানবতাবিরোধী নির্যাতন কোনো অবস্থায়ই মেনে নেওয়া যায় না। এ ধরনের নিষ্ঠুরতার কারণে অনেক আসামির মৃত্যুও ঘটে। আসামিদের পিটিয়ে হত্যা করা বা পঙ্গু করে দেওয়ার মতো জঘন্য নিষ্ঠুরতা বন্ধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। বশির আহমদ আম্বরখানা, সিলেট।