চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপর্যয়ের দায়আমাদের দেশে নানা বিপর্যয়ে একসঙ্গে আচমকা অনেক মানুষের মৃত্যু এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লঞ্চডুবি, বোমা বিস্ফোরণ, সড়ক দুর্ঘটনা, আগুন লাগা, ভবন ধসে পড়া আর এর সঙ্গে কতগুলো মানুষের চিরবিদায় ঘটছে অহরহ। এসব ঘটনার পেছনে রাষ্ট্রের অসচেতনতা, অসাবধানতা, অব্যবস্থাপনা, অপরিকল্পনাই দায়ী। এতগুলো প্রাণের মৃত্যু এবং বেঁচে থাকা স্বজনদের দুর্বিষহ জীবন কর্তৃপক্ষকে একটুও কি নাড়া দেয়?দিনে দিনে প্রচণ্ড অব্যবস্থাপনা, অপরিকল্পনার ফলে যে গুরুতর সমস্যা সৃষ্টি হয়েছে, তা থেকে দ্রুত বের হওয়ার উপায় না থাকলেও সরকারকেই দায়িত্ববান হতে হবে বেশি। সরকার কি সচেতন হবে এখনই, নাকি আরও কিছু নির্মম ঘটনা প্রত্যক্ষ করার সময় দিতে হবে? একেকটা দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে কিছু টাকা তুলে দেওয়া আর কালো ব্যাজ বুকে লাগিয়ে শোক প্রকাশ করার চেয়ে অনেক বেশি জরুরি হলো, আর যাতে মাতম না হয়, সে লক্ষ্যে কাজ শুরু করা। তবে বিপর্যয়ের দায় ব্যক্তি ও সমাজও এড়াতে পারে না। ব্যক্তিগত ও সামাজিকভাবেও এ দেশের মানুষ উদাসীন, রাষ্ট্রও চলছে একই গতিতে। অসৎ লোকেরা অবৈধভাবে ভবন তৈরি করছে, রাজউক কর্তৃপক্ষ সব দেখে চুপ থাকছে। আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম তৈরি হচ্ছে, সেখান থেকে যেকোনো সময় ভয়ংকর বিপদ ঘটবে জেনেও এলাকাবাসী দিব্যি জীবনযাপন করছে। আর যখন সেই মহাবিপদ গ্রাস করে নিল অনেকগুলো প্রাণ, তখন কান্না আর প্রতিবাদে ভারী হলো বাতাস। একটা দুর্ঘটনা ঘটার পর কেন সবাই সচেতন হয়? আগে নয় কেন? খুব জোরালো সামাজিক আন্দোলন সরকারকে ভাবতে বাধ্য করে। তা না করার মানে প্রকারান্তরে অবৈধ কার্যকলাপকে নীরবে সমর্থন করা। ঝুমুর রায়মৌলভীবাজার।রিকশা চলাচলঢাকা শহরের বিভিন্ন রাস্তায় রিকশা চলাচল অনেক দিন ধরেই বন্ধ করা হয়েছে। কিন্তু সমস্যা হয় তখনই, যখন কোনো কোনো রাস্তায় কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। দেখা যায় যে সকালে রিকশা চলছে, কিন্তু দুপুরেই সেখানে ট্রাফিক পুলিশ কিংবা যানজট নিরসনকর্মী দাঁড়িয়ে সেখানে রিকশা চলাচল বন্ধ করে দিচ্ছে। ফলে অনেককেই বাড়ির কাছের রাস্তা বাদ দিয়ে যেতে হয় অনেকটা ঘুরে। তাতে অপচয় হয় টাকা, সময় ও শক্তি। কিন্তু ওই একই রাস্তায় আবার দেখা যায় বিকেল বেলায় রিকশা চলাচলে ট্রাফিক পুলিশের কোনো বাধা নেই। দেশে কি সকাল-বিকেলই রাস্তাঘাটে যান চলাচলের নিয়ম পাল্টায়? নাকি এটি কারও ইচ্ছা-অনিচ্ছার বিষয় হয়ে দাঁড়িয়েছে? আমরা ট্রাফিক আইন মানতে আগ্রহী, কিন্তু সেটি অবশ্যই আগে জানান দিতে হবে। জনগণকে জানতে দিতে হবে কোন কোন রাস্তায় আসলেই রিকশা চলাচল নিষেধ। জনগণের এমন ভোগান্তি কোনোভাবেই দীর্ঘদিন সহ্য করার নয়। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এ বিষয়টি বিবেচনায় রিকশা চলাচল বন্ধ রাস্তার তালিকা জনগণকে জানতে দিন এবং সেটি ঠিকমতো কার্যকর করুন। মাহমুদা পারভীনমগবাজার, ঢাকা।