চিঠিপত্র
বিশ্বকাপ ও বিদ্যুৎদক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপ ফুটবল-জ্বরে সারা বিশ্বে চলছে মহোৎসব। প্রিয় দলের পতাকা উড়িয়ে এই উৎসবে শামিল হয়েছেন বাংলাদেশেরও ফুটবলপ্রেমীরা। টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে অনেক জায়গায়। বিশ্বকাপ উপলক্ষে দেশব্যাপী বইছে উৎসবের জোয়ার। তবুও দর্শকদের মনে একটুও স্বস্তি নেই লোডশেডিংয়ের কারণে। বিদ্যুৎ না থাকায় প্রিয় দলের খেলা দেখতে না পেরে অনেকেই হতাশ। এই হতাশার পরিণাম আবার কখনো কখনো ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন স্থানে উত্তেজিত জনতা খেলা দেখতে না পেরে বিদ্যুৎ অফিস ভাঙচুর, গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। কিন্তু একবার কি আমরা ভেবে দেখেছি, এসব কেন করছি? সুদূর আরেক মহাদেশের ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ইতালির খেলা দেখতে পারিনি বলে নিজের দেশের সম্পদ নষ্ট করছি কেন? বিশ্বকাপ ফুটবল পৃথিবীর বৃহৎ একটি উৎসব। কিন্তু কোনো দেশ, কোনো জাতির চেয়ে বড় কিছু নয়। আমাদের বুঝতে হবে, যাকে আমরা নিছক উৎসব হিসেবে দেখছি, সেটি থেকে বিভিন্ন সংস্থা কোটি কোটি ডলার আয় করছে। বিশ্বকাপের আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলোর এখান থেকে কিছু পাওয়ার আছে। বিনোদনের সুযোগে এখানে চলছে জমজমাট বাণিজ্য। কিন্তু এখান থেকে আমাদের কী পাওয়ার আছে শুধু সাময়িক আনন্দ ছাড়া। আমরা কেন ভিন দেশের জন্য নিজেদের জাতীয় সম্পদ ধ্বংসের প্রতিযোগিতায় অংশ নেব? দেশের সব ফুটবলানুরাগীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই কিছু বিষয় তাদের উদ্দেশে বলতে চাই। দারিদ্র্যের পাশাপাশি নানান সমস্যায় জর্জরিত এ দেশে প্রতিদিন হাজার হাজার স্বপ্নের অপমৃত্যু ঘটে। এ দেশে লাখ লাখ মানুষ তিনবেলা ভরপেটে খেতে পায় না। ফুটবল নিয়ে এত আদিখ্যেতা আমাদের মানায় না। আমাদের জাতীয় সম্পদ রক্ষার মাধ্যমে নিজস্ব মেধা, শ্রম আর সততা দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে সচেষ্ট থাকা উচিত। নিছক বিনোদনের কারণে কিংবা আবেগের বশবর্তী হয়ে জাতীয় সম্পদ নষ্ট করে দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটানো থেকে বিরত থাকার শপথ আমাদের নেওয়া উচিত। আমাদের দেশকে তো আমাদেরই গড়ে তুলতে হবে। অহিদুজ্জামান খন্দকারদাউদকান্দি, কুমিল্লা।[email protected]