চিঠিপত্র
আইলা ব্যর্থতার দায়ভারআইলা ব্যর্থতার দায় কার—এই প্রশ্ন এখন জনমনে। এই ব্যর্থতায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার মাঠপর্যায়ের অনেক ভালো উদ্যোগের স্বীকৃতি ম্লান হয়ে গেছে। জনগণকে একটি বছরেও সুষ্ঠু পুনর্বাসন ও পুনর্গঠন ব্যবস্থাপনার আওতায় আনতে না পেরে অনিশ্চয়তায় ঝুলিয়ে রাখার কারণগুলো মূল্যায়ন করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার কথা বারবার উচ্চারিত হয়েছে। কিন্তু আইলায় সহায়-সম্বল হারানো অসহায় বিপন্ন মানুষের খোঁজ কেউ রাখেনি। আইলার আঘাত বুকে নিয়েই দুর্ভোগ আর দুঃস্বপ্নের মধ্যেই বছর পার। এখনো মানুষ ঘুরে দাঁড়াতে পারেনি আইলায় বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণে অবহেলার কারণে। দীর্ঘ এক বছরেও বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় খোলা আকাশের নিচে ওয়াপদা বেড়িবাঁধের ওপর কোনোরকম ঝুপড়ি ঘর বেঁধে আর দুর্গন্ধযুক্ত ও লবণাক্ত পানির সঙ্গে নিরন্তর লড়াই করে চলেছে দুর্গত এলাকার লক্ষাধিক লোক। বেঁচে থাকার চেষ্টায় তারা জীবনকে বাজি রেখে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দুর্গত এলাকার বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে ছড়িয়ে পড়েছে নানা রোগ। বর্ষার মৌসুম আসতে না আসতে চারদিকে শুধু পানি আর পানি। কবে বেড়িবাঁধ নির্মাণকাজ শেষ হবে কেউ জানে না। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ করতে না পারায় চারদিকে পানি আর পানি। পানি নেমে না যাওয়ার কারণে দুর্গতরা কেউ ঘরে ফিরতে পারছে না। আইলার পরবর্তী সময়ে স্থানীয় সরকার প্রতিনিধিরা দুর্গতদের কথা ভাবেনি, ভেবেছে নিজেদের কথা। আইলা-দুর্গতদের দুর্ভোগকে কেন্দ্র করে তারা নিজেদের আখের গুছিয়েছে। সরকারি-বেসরকারিভাবে দেওয়া ত্রাণ বিতরণে তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির নানা অভিযোগ উঠেছে। এত দীর্ঘ সময় ধরে আইলা-দুর্গতদের দুর্ভোগ চলছে, কিন্তু কিছুতেই যেন সরকারের দৃষ্টি এসব মানুষের ওপর পড়ছে না। এসব মানুষের দুর্ভোগ দেখার, কার্যকর ব্যবস্থা নেওয়ার কোনো দায়বদ্ধতা কি সরকারের কেউ বোধ করে? কমলেশ গোলদারদাকোপ, খুলনা।বোমা হামলার বিচারনয় বছর আগে ২০০১ সালের ৩ জুন গোপালগঞ্জের মকসুদপুর গ্রামের বানিয়ারচর গির্জায় বোমা হামলায় প্রাণ হারিয়েছিলেন ১০ জন খ্রিষ্টধর্মাবলম্বী এবং আহত হয়েছিলেন ২৬ জন। দিনটি ছিল রোববার। গির্জায় প্রার্থনা চলাকালে সকাল সাড়ে সাতটায় বোমার বিস্ফোরণ ঘটলে সঙ্গে সঙ্গেই মারা যান ১০ জন। এরপর দেশজুড়ে তীব্র প্রতিবাদ হয়; বোমা হামলাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সভা, মানববন্ধন, পত্রপত্রিকায় লেখালেখি হয়। যথারীতি একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ২০০২ সালে তদন্ত কমিটি প্রতিবেদন দেয়। তাতে বলা হয়, স্থানীয় লোকজনের কোন্দলে বোমা বিস্ফোরিত হয়েছে। প্রকৃত ঘটনা রহস্যের অন্তরালেই রয়ে যায়।কোন্দল হোক আর যা-ই হোক, বোমা হামলা যে হয়েছে এবং তাতে যে ১০ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২৬ জন—এটি তো সত্য। এবং এটিকে বলা যেতে পারে একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ওপর ভয়াবহ আক্রমণ। এই গুরুতর অপরাধের বিচার এবং প্রকৃত অপরাধীদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ নয় বছরেও তা হয়নি; বরং মনে হয় যেন এই মর্মান্তিক হত্যাযজ্ঞের কথা সবাই ভুলেই গেছে। কিন্তু যাঁরা স্বজন হারিয়েছেন, যাঁরা বোমা বিস্ফোরণে আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন, তাঁদের কারও পক্ষে কি এ ঘটনা ভুলে যাওয়া সম্ভব? অথবা কি সম্ভব এর বিচারের দাবি পরিত্যাগ করা?বানিয়ারচর গির্জায় বোমা হামলার বিচার দীর্ঘ নয় বছরে হয়নি বলে যে কখনোই হবে না, তা আমরা মনে করি না। কখনো না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো। বর্তমান সরকার অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী, সংখ্যালঘুদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এই সরকারের কাছে আবেদন জানাই, বানিয়ারচর গির্জায় বোমা বিস্ফোরণের পুনঃতদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত বিচার ও কঠোর শাস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হোক।এলড্রিক বিশ্বাসপূর্ব তেজতুরি বাজার, ঢাকা।