চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃত্বকালীন সুরক্ষাসম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার কথা ঘোষণা করেছেন। এমন ভাবনার কারণ, একজন নবজাতকের যথাযথ যত্ন নেওয়ার জন্য চার মাস মাতৃত্বকালীন ছুটি যথেষ্ট নয়। শুধু তা-ই নয়, তিনি শিশুদের জন্য প্রতিটি কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং গর্ভবতী নারীর প্রতি সহানুভূতিশীল আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যকে আমরা স্বাগত জানাই। বর্তমানে সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বীমায় চার মাসের মাতৃত্বকালীন ছুটির প্রচলন রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী শ্রমবাজারে মোট এক কোটি ২১ লাখ নারী-কর্মীর মধ্যে মাত্র এক লাখ ৯০ হাজার নারী সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে কাজ করে।বাংলাদেশ শ্রম আইন ২০০১ অনুযায়ী শিল্প-কলকারখানাসহ বিভিন্ন উৎপাদন ও সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত নারী-শ্রমিক ১৬ সপ্তাহ সমবেতনে মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী। ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন কলকারখানার নারী-শ্রমিকেরা প্রায়শই এই আইনগত সুবিধা থেকে বঞ্চিত হয়। এ ছাড়া প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত নারীর একটা বিরাট অংশ আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে শ্রম আইনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মধ্যে অনেকেই অস্থায়ী নিয়োগপ্রাপ্ত হিসেবে রয়েছে বেসরকারি সংস্থা, হাসপাতাল-ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত কর্মজীবী নারী যেমন—দিনমজুর, নির্মাণ ও চাতালশ্রমিক, গৃহশ্রমিক, গৃহভিত্তিক শ্রমিক, আত্মকর্মসংস্থানে নিয়োজিত শ্রমিক ইত্যাদির সংখ্যা প্রায় ৯৭ লাখ, যারা শ্রম আইনের আওতাভুক্ত নয়।একটি সুস্থ ও মানবিক জাতি গঠনে নারীর জীবনের এই বিশেষ এবং গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে সহায়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তা ছাড়া গর্ভকালীন নারীকে সুরক্ষা দেওয়া না গেলে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি যেমন—দারিদ্র্য বিমোচন, মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হার কমানো, শোভন কর্মসংস্থান ত্বরান্বিতকরণ, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি বাধাগ্রস্ত হবে।যারা নিশ্চিতভাবে চার মাসের মাতৃত্বকালীন ছুটি ভোগ করে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের ছুটি ছয় মাস হবে—এটা অবশ্যই অত্যন্ত আনন্দের একটা ব্যাপার। কিন্তু বেশির ভাগ নারী যারা শ্রম আইনের আওতায় কিন্তু মালিকের অনাগ্রহ-অবহেলার কারণে মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত এবং ৮০ ভাগের বেশি নারী যাদের জন্য কোনো ধরনের সুরক্ষার ব্যবস্থাই নেই, তাদের জন্য কী ব্যবস্থা?আমরা চাই, সব ধরনের কর্মক্ষেত্রের নারীই যেন রাষ্ট্রীয় সুরক্ষা পায়। দেশের প্রচলিত শ্রম আইনে যে সুবিধা দেওয়া আছে, তার উন্নয়ন ও কার্যকর বাস্তবায়ন এবং যারা আইনি সুরক্ষার বাইরে রয়েছে, তাদের আইনি সুরক্ষায় অন্তর্ভুক্ত করা হোক। ব্যবসায়, শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকেরা যেন আইন মেনে চলেন, সে বিষয়ে নজরদারি করা এবং যত দিন না অপ্রাতিষ্ঠানিক খাতের নারীদের আইনি কাঠামোর মধ্যে না আনা হয়, তত দিন পর্যন্ত এ খাতে কর্মরত নারী-কর্মীরা যাতে বর্তমান সামাজিক নিরাপত্তা স্কিমের আওতায় সুবিধা পায়, সে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।কোহিনূর মাহমুদ, ঢাকা।সঞ্চয়পত্রের মুনাফাআমি ৩০ বছর সরকারি চাকরি করে বর্তমানে অবসর জীবন যাপন করছি। আনুতোষিক ও জিপিএফের টাকা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেছি। কারণ, ব্যবসা করার মতো যে পুঁজি ও শারীরিক যোগ্যতার দরকার তা আমার নেই। বৃদ্ধ বয়সে বেশির ভাগ সময়ই অসুস্থ থাকতে হয় এবং ডাক্তারের ফি ও ওষুধপথ্য কিনতেই সঞ্চয়পত্রের মুনাফার টাকা শেষ হয়। বেকার পোষ্যদের নিয়ে সংসার চালানো কত যে কষ্টের তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। সংবাদপত্রের মাধ্যমে জানলাম সঞ্চয়পত্রের মুনাফা কমানো হবে, আবার মুনাফার ওপর কর দিতে হবে। শুনে শিউরে উঠলাম—কীভাবে সংসার চলবে, কীভাবে অসুখের চিকিৎসা হবে! একসময় আমরাই তো ছিলাম সরকারের চালিকাশক্তির একটি অংশ। তবে এখন কেন আমরা পরিবার ও দেশের বোঝা হব। আমাদের কষ্ট লাঘবে সরকার কি এগিয়ে আসবে না?আমাদের বেতন নেই, ইনক্রিমেন্ট নেই, আয়ের বিকল্প কোনো পথ নেই, অথচ শেষ বয়সে আমাদের ভুগতে হয় নানাবিধ অসুখে। আমরা অবসরভোগীরা সুস্থভাবে দুই বেলা দুই মুঠো খেয়ে-পরে বাঁচতে চাই। তাই অবসরভোগীদের চিকিৎসা-ভাতা দ্বিগুণ বৃদ্ধিসহ বর্তমান বাজারমূল্যের ওপর বিবেচনা করে যাতে শুধু পেনশনার সঞ্চয়পত্রের ওপর মুনাফা কমানো না হয় এবং এই মুনাফা করমুক্ত করা হয়, সেজন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’মো. বেলায়েত হোসেনবিশ্বাস বেতকা, টাঙ্গাইল।প্রমোট শিক্ষকদের দুর্দশাপ্রমোট প্রকল্পটি শুরু হয়েছিল বাংলাদেশের গ্রামীণ মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষকদের উন্নয়নের লক্ষ্যে। এই প্রকল্পটি ১৯৯৫ সালে শুরু হয় এবং ২০০৫ সালে শেষ হয়। আমি সেই প্রমোট প্রকল্পের একজন অংশীদার। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের দুর্দশার কথা শোনার কেউ নেই। আমরা বর্তমানে অনেকেই এমপিওভুক্ত হতে পারিনি। বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়গুলোর এমপিও পুনরায় চালু হয়েছে। প্রমোট প্রকল্পে সরকার ও বিদ্যালয়ের অঙ্গীকার ছিল প্রমোট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে। কিন্তু প্রকল্প শেষে পাঁচ বছর অপেক্ষার পরও আমাদের এমপিওভুক্ত করা হয়নি। আমরা এখনো এমপিওভুক্তির আশা নিয়ে বিদ্যালয়গুলোতে নিরবচ্ছিন্ন শিক্ষকতা করে যাচ্ছি। প্রমোট প্রকল্পের আরও একটি অঙ্গীকার ছিল, প্রমোট শিক্ষকদের নিয়োগ দিলে ওই বিদ্যালয়কে এক লাখ ৫০ হাজার টাকা উন্নয়ন অনুদান দেওয়া হবে। এমন অনেক বিদ্যালয় আছে যেখানে আমরা চাকরিরত আছি কিন্তু বিদ্যালয়গুলো সেই অনুদানের টাকা এখনো পায়নি। কিছু কিছু বিদ্যালয় অর্ধেক অনুদান পেয়েছে। যার ফলে বিদ্যালয়গুলোতে প্রমোটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সঙ্গে সঙ্গে আমরাও অবহেলিত ও নিগৃহীত হচ্ছি। প্রমোট প্রকল্পটি চলাকালীন ভেবেছিলাম গ্রামীণ অবহেলিত শিক্ষিত নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রামের বিদ্যালয়গুলোর উন্নয়ন সূচিত হবে। সেই গতি আজ স্থবির। শুধু বিদ্যালয় কর্তৃপক্ষের সামান্য অর্থসাহায্যে এই বর্তমান বাজারে সংসার চালানো দূরে থাক, যাতায়াত খরচই হয় না। আমরা এখন স্বামীর সংসারে, পিতা-মাতা-ভাইয়ের সংসারে অবহেলিত ও সামাজিকভাবে দুর্দশাগ্রস্ত। আমাদের এ জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।আয়শা আক্তার, নরসিংদী।