চিঠিপত্র
নামজারি বন্ধ রাখাআমাদের দেশে জমি হস্তান্তর, ক্রয়, বিক্রয় ও বন্ধক ইত্যাদি প্রয়োজনে বর্তমানে সিএস ও এসএ রেকর্ডের পরিবর্তে আরএস রেকর্ড নামজারি বিশেষ গুরুত্ব বহন করে। কোনো ব্যক্তি ঢাকা শহরে তার একখণ্ড জমি আরএস নামজারি করতে সংশ্লিষ্ট সহকারী ভূমি কমিশনার অফিসে আবেদন করেন। কয়েক দিন পর সহকারী ভূমি কমিশনার অফিস থেকে জানিয়ে দিলেন, আপনার ভূমি আরএস রেকর্ড নামজারি হবে না। কারণ এতে ভূমি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। আপনার এই দাগের জমি ‘কোর্ট অব ওয়ার্ডস’ দাবিদার। প্রতি উত্তরে জমির মালিক জানালেন, আজ থেকে প্রায় ৬০ বছর আগে এই জমির মালিকানায় দখলদার নিয়ত অবস্থায় জনৈক ব্যক্তি তাঁর নামে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক এসএ রেকর্ড এবং পরে আরএস রেকর্ডভুক্ত হন। ওই রেকর্ডকৃত জমি মালিক তাঁর মালিকানা হস্তান্তর করলে তিনি অর্থাৎ নতুন মালিক তাঁর নামে নামজারিপূর্বক দখলীয় অবস্থায় সর্বশেষ ঢাকা মহানগর জরিপ রেকর্ডভুক্ত হন। সুতরাং ভূমি মালিকানা হস্তান্তর নিয়মানুযায়ী তাঁর নামে আরএস নামজারি হওয়া তাঁর মৌলিক নাগরিক অধিকার। এতে কোনো প্রকার নিষেধাজ্ঞা অবাঞ্ছনীয়।৬০ বছর আগে যখন কোনো জমি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক মালিকানায় এসএ জরিপ, আরএস রেকর্ড ও সর্বশেষ ঢাকা মহানগর জরিপ রেকর্ডভুক্ত হয়, তখন ভূমি সংস্কার বোর্ডের তথাকথিত কোর্ট অব ওয়ার্ডসের ভূমিকা কোথায় ছিল? যদি থেকেও থাকে নিশ্চয়ই তাদের দাবি অগ্রাহ্য হয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ১৯০৬ সালে ভাওয়াল রাজ ও ১৯০৮ সালে নওয়াব স্টেটের সম্পত্তি কোর্ট অব ওয়ার্ডস বা সরকারের হাতে নিয়ে তাঁরা দেশ ও জনগণের কল্যাণে কোনো বিশেষ ভূমিকা পালন করতে পেরেছেন কি? বরং কেবল জনগণের ভোগান্তি ও দুর্ভোগ সৃষ্টি করেছেন। কোর্ট অব ওয়ার্ডসের ৫০১২৩.৪৬ একর জমির মধ্যে ৯৮.৮৩ শতাংশ জমি বেহাত হয়েছে বলে তাঁরা দাবি করেছেন এবং এই বেহাত হওয়া জমির মধ্যে অধিকাংশ জমির দলিল-দস্তাবেজ, রেকর্ড, দখল, খাজনা পরিশোধ ইত্যাদি নিয়মিত ও সঠিক বলে মনে করে কেবল কিছুসংখ্যক মালিকানায় দলিল-দস্তাবেজ ও অন্যান্য কাগজপত্র সঠিক নয় বলে ধারণা করছেন তাঁরা। কোর্ট অব ওয়ার্ডসের এই ধারণার যৌক্তিকতা প্রশ্নবোধক, নিজেদের ১০৪ বছরের অযোগ্যতা এবং গ্লানি ঘোচানোর প্রচেষ্টার মাধ্যমে কেবল জনগণকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা করছেন তাঁরা।জনগণ রাষ্ট্রের, রাষ্ট্র জনগণের। রাষ্ট্রের দায়িত্ব জনগণের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বসবাসের ব্যবস্থা করা। জনগণের নিষ্কণ্টক ভূমি মালিকানায় নিয়মনীতির মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিভিন্ন সময় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে জমিদারি প্রথা উচ্ছেদসহ ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন প্রণয়ন করা হয়। দেশে জমিদারি প্রথা নেই। সে কারণে তথাকথিত ভাওয়াল রাজ ও নওয়াব এস্টেটের সম্পত্তি ভূমি সংস্কার বোর্ডের আওতায় কোর্ট অব ওয়ার্ডসের অনুকূলে সংরক্ষণের নামে লাখ লাখ নিরীহ জনগণের নিষ্কণ্টক মালিকানায় অহেতুক জটিলতা সৃষ্টি কারো কাম্য হতে পারে না। এ ক্ষেত্রে দেশে দিনবদলের গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণপূর্বক নিবেদন, কোর্ট অব ওয়ার্ডসের অযৌক্তিক দাবিকৃত জমিতে যেসব মালিক যুগ যুগ এমনকি প্রায় শতবর্ষ ধরে পৈতৃক অথবা খরিদসূত্রে দখলদার মালিক হয়ে বিভিন্ন সময় জরিপ এসএআরএস ও সর্বশেষ ঢাকা মহানগর জরিপের মাধ্যমে নিজেদের রেকর্ডভুক্ত করে খাজনাদি পরিশোধ করে শান্তিতে বসবাস করছেন, তাঁদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের জারিকৃত আরএস নামজারি বন্ধ রাখার বিধি প্রত্যাহারের নির্দেশ প্রদান করে দেশের সাধারণ নিরীহ লাখ লাখ নাগরিককে অযথা হয়রানি ও জটিলতার হাত থেকে মুক্তি দিন। সৈয়দ জিয়াউল হকশেরেবাংলা নগর, ঢাকা।সঞ্চয়পত্রের সুদ১৪ জুনের প্রথম আলোর খবর: সঞ্চয়পত্রের সুদ করের আওতায় এল। আরও খবর, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সঞ্চয়পত্রের সুদহার কমানোর ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি নতুন বাজেটে সঞ্চয়পত্রের সুদ-আয়কে উৎসে করের আওতায় আনা হয়েছে। এত দিন আয় এক লাখ ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে ১০ শতাংশ হারে কর দিতে হতো। এখন থেকে আয় হলেই কর দিতে হবে। সেভিং সার্টিফিকেটও এখন থেকে করের আওতায় এল। এই সিদ্ধান্তের ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও ক্ষতিগ্রস্ত হবে। সঞ্চয়পত্রের ওপর প্রদেয় সুদ কমার ফলে এবং যেকোনো আয়ের ওপর কর আরোপের ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত আয় কমে যাবে অর্থাৎ তাদের ক্রয়ক্ষমতা কমে যাবে। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে মুদ্রাস্ফীতি তো আছেই। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি শেষে পেনশন-গ্র্যাচুয়িটির টাকা দিয়ে তারা সঞ্চয়পত্রই কিনে থাকে। কারণ, ওই বয়সে নতুন কোনো ব্যবসা-বাণিজ্য শুরু করার মতো সাহস, মনোবল কিংবা উদ্যোগ—কোনোটাই তাদের থাকে না। চাকরির মাধ্যমে দীর্ঘদিন দেশ ও জাতির সেবা করার পর জীবন সায়াহ্নে এসে এই মানুষগুলো একটু স্বস্তি চায়, স্বাচ্ছন্দ্য চায়। কিন্তু তাদের আয় একদফা কমার ফলে এই সুযোগগুলো সীমিত হয়ে এল। তাই সঞ্চয়পত্রের সুদ না কমানোর জন্য এবং সঞ্চয়পত্র থেকে অর্জিত যেকোনো আয়ের ওপর কর আরোপ না করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করছি।জনৈক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।