চিঠিপত্র
সৃজনশীল পদ্ধতি২৩ জুন প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ওপর জনপ্রিয় সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। জাফর ইকবাল সৃজনশীল পদ্ধতি নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও সৃজনশীল পদ্ধতির ওপর চরম আশাবাদী ছিলাম। কেননা সৃজনশীল পদ্ধতি চালুর পেছনের প্রধান উদ্দেশ্যই ছিল—শিক্ষার্থীরা মুখস্থ না করে তার নিজের ভেতরের সৃজনশীলতা দিয়ে পরীক্ষার খাতায় উত্তর লিখবে। কিন্তু আশাহত হলাম সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া প্রথম বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেখেই। দুঃখজনক হলেও সত্য, কয়েকটি বিষয়ের সৃজনশীল প্রশ্ন বাজারের প্রচলিত গাইড বইয়ের সঙ্গে মিলে যায়। তাহলে কেন এই সৃজনশীল পদ্ধতি?এ দেশের শিক্ষাব্যবস্থা সম্প্রসারণশীল হলেও মফস্বলে শিক্ষার গুণগত মান ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। দেশের গ্রামাঞ্চলে বেসরকারি স্কুল-কলেজ আছে বিস্তর। অথচ সেখানে উপযুক্ত শিক্ষক নেই। মফস্বলে শিক্ষা দেওয়া ও শিক্ষা নেওয়া—দুটোতেই রয়েছে যোগ্যতার অভাব। শিক্ষাজীবনে দু-চারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এলাকার প্রভাবশালী ব্যক্তিদের কাছে ধরনা দিয়ে এবং মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে স্কুল-কলেজে শিক্ষকতা করতে নেমেছেন। তা ছাড়া উচ্চতর প্রশিক্ষণের অভাব তো আছেই।রাজধানী ঢাকা ও কয়েকটি শহরের শিক্ষার্থীরা চৌকস শিক্ষকদের সান্নিধ্য পায়। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে শহরের শিক্ষার্থীদের জন্য সৃজনশীল পদ্ধতির ইতিবাচক দিক থাকলেও মফস্বলের প্রশিক্ষণবিহীন ও অযোগ্য শিক্ষকেরা কীভাবে তাঁদের ছাত্রছাত্রীদের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করবেন? গাইড বইয়ের বদৌলতে তাঁরা ক্লাসে গিয়ে অন্তত ২০-৩০ মিনিট সময় শিক্ষার্থীদের সামনে বসে থাকতে পারেন। গাইড বই বন্ধ হলে এসব শিক্ষক কী শিক্ষা দেবেন? মফস্বলের শিক্ষকদের কারণে উপায়হীন হয়েই শিক্ষার্থীরা, এমনকি অভিভাবকেরাও গাইড বই কিনতে বাধ্য হচ্ছেন। এটা কখনো কাম্য নয়।সৃজনশীল পদ্ধতি চালুর আগে নীতিনির্ধারকেরা বিভিন্ন দেশের শিক্ষাপদ্ধতি পর্যবেক্ষণ করেই এ পদ্ধতি চালু করেছেন। এটা অবশ্যই ইতিবাচক ও প্রশংসার দাবিদার; কিন্তু তার চেয়েও ভালো হতো, যদি পদ্ধতিটি চালুর আগে নিজ দেশের মফস্বলের শিক্ষার হালচাল সম্পর্কে অবগত হতেন। এ অবস্থায় গাইড বইয়ের বিক্রি বন্ধ নিশ্চিত করলে এবং অযোগ্য-অদক্ষ শিক্ষকের পরিবর্তে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করলে সৃজনশীল পদ্ধতি অনেক ফলপ্রসূ হবে।আলাউল হোসেনকাশীনাথপুর, পাবনা।আদিবাসী নাম-বিতর্ক২৫ জুন প্রথম আলোয় মোহাম্মদ গোলাম রাব্বানীর ‘আদিবাসী নাম-বিতর্ক’ লেখাটি পড়ে কিছুটা স্বস্তি পেলাম। আদিবাসীদের যেখানে সরকার ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ হিসেবে পরিচয় দিতে তৎপর, সেই সময়ে তাঁর এ রকম একটি লেখা আদিবাসীদের নিজস্ব পরিচয় নিয়ে বাঁচার আশ্বাস জুগিয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনটি ইতিমধ্যে আদিবাসীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে যেখানে তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পেতে লড়াই-সংগ্রাম করে আসছে, সেখানে সরকারের এমন আইন তাদের হতাশ করেছে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক আদিবাসী দিবসগুলোতে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করে যে বাণী দিয়েছিলেন, সেগুলো ছিল কি শুধুই সান্ত্বনা? কিংবা বর্তমান মহাজোট সরকার তার নির্বাচনী ইশতেহারে যে আদিবাসী শব্দটি বারবার উল্লেখ করে তাদের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের কথা বলেছিলেন, তার মূল্যায়ন এখন কীভাবে হবে? নৃ-গোষ্ঠী আইনটিতে নাম নিয়ে যেমন সমস্যা রয়েছে, আবার অনেক জাতিকে বাদ দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি করা হয়েছে। এ আইনে দেশের ৪৫টি জাতিসত্তার মধ্যে মাত্র ২৭টি আদিবাসী জাতিসত্তার নাম রয়েছে। এমনকি ১৯৯১ ও ২০০১ সালের বাংলাদেশের আদমশুমারিতে সরকারের ব্যবহূত কিছু জাতিরও নাম বাদ পড়েছে এ আইনে। এ অবস্থায় সব বিতর্কের অবসানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনটিকে দ্রুত সংশোধন করা প্রয়োজন।সোহেল হাজং[email protected]সেতু যখন মরণফাঁদযশোর জেলা শহরের বাবলাতলা-সংলগ্ন ভৈরব নদের ওপর যে সেতুটি রয়েছে, তা দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত বছর এই সেতুর ওপর প্রথম আলোয় একটি আলোকচিত্র প্রকাশিত হয়েছিল। কিন্তু সেটা মনে হয় কোনো মন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তার চোখে পড়েনি। এটি ঢাকা রোড-সংলগ্ন হওয়ায় এর ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যান চলাচল করে। কিন্তু সেতুটির যে অবস্থা, তাতে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক কোনো দুর্ঘটনা। সাইনবোর্ডে ছোট করে লেখা আছে—‘সাবধান! ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ।’ আগের ভাঙা সেতুর ওপর বসানো আছে স্টিলের তৈরি সংকীর্ণ নড়বড়ে একটি সেতু। এটি সংকীর্ণ হওয়ায় একই সঙ্গে একটির বেশি যান চলাচল করতে পারে না। এর জন্য সৃষ্টি হয় ব্যাপক যানজট। তা ছাড়া, সেতুটি ধসে পড়ে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। কিন্তু আমাদের দেশের বড় সমস্যা হলো, যখন বড় রকম দুর্ঘটনা ঘটে এবং অনেক তাজা প্রাণ ঝরে যায়, তারপর সেটার দিকে নজর দেওয়া হয়। বেগুনবাড়ি ও নিমতলী এর বাস্তব উদাহরণ। তাই যেকোনো রকম দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটার আগেই এই জরাজীর্ণ ব্রিজটিকে দ্রুত সংস্কার করা হোক।দেবব্রত কুমার ঘোষ, শিক্ষার্থীযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।