চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানা ও প্রণোদনাসম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাফিক আইন ভঙ্গের কারণে যানবাহনের কাছ থেকে আদায় করা জরিমানার ২৫ শতাংশ প্রণোদনা হিসেবে চায় ট্রাফিক পুলিশ। আদায়কৃত জরিমানার অর্থ থেকে সংশ্লিষ্ট সদস্যরা যেন এই প্রণোদনা পান, তেমন একটি প্রস্তাবনা পুলিশ বিভাগের তরফ থেকে সরকারের উচ্চপর্যায়ে পেশ করা হয়েছে। একটি দেশের আইনশৃৃঙ্খলা বাহিনীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য যেটুকু করার বাকি আছে, তা সম্পন্ন করার প্রক্রিয়া হিসেবে এই প্রস্তাব যথেষ্ট। জনসেবা প্রদানের লক্ষ্যে কাজ করার শপথ নিয়ে সরকার প্রদত্ত বেতন-ভাতাদি প্রাপ্যতার সাপেক্ষে ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়োজিত আছেন। কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ বিভাগীয় বিভিন্ন পুরস্কার/পদক তাঁরা পেয়ে থাকেন। এর পরও যদি সুযোগ-সুবিধা/বেতন-ভাতার বৃদ্ধির প্রয়োজন হয়, তবে তা করা যেতে পারে নিয়মতান্ত্রিকভাবে বেতন স্কেলের সঙ্গে বিশেষ ভাতা, মহার্ঘ্য ভাতা/প্রণোদনা ভাতা ইত্যাদি উপায়ে। কিন্তু এভাবে সরাসরি ২৫ শতাংশ প্রণোদনা প্রদানের ব্যবস্থা করা হলে তা হবে পুলিশ বাহিনীর অর্পিত গৌরবে কালিমা লেপনের শামিল। সরকার ও নীতিনির্ধারক মহলের কাছে আবেদন, সমাজের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে থাকা কুচক্রী মহলের প্ররোচনায় প্ররোচিত না হয়ে পুলিশ বাহিনীর গৌরব সমুন্নত রাখতে আদায়কৃত জরিমানা থেকে কোনো প্রণোদনা নয় বরং বেতন-ভাতা বৃদ্ধি করার ব্যবস্থা নিন।হামিমউত্তরা, ঢাকা।গাড়ির চালক ও মুঠোফোনগত ২১ জুন প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মাইক্রোবাসের চালক চলন্ত অবস্থায় মুঠোফোনে ব্যস্ত থাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসটি খাদে পড়ে গিয়ে চারজন যাত্রী নিহত এবং অনেকে আহত হন। এ ধরনের দুর্ঘটনার খবর আমরা নিয়মিত পাই। চলন্ত অবস্থায় চালকের ক্ষণিকের অন্যমনষ্কতা যাত্রীদের জীবনকে বিপন্ন করে তুলে। তাই চলন্ত অবস্থায় চালকের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়। কিন্তু এখন প্রায়ই চলন্ত অবস্থায় চালকদের মুঠোফোনে কথা বলতে দেখা যায়। এ কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন টনক নড়ছে না। এভাবে আর কত প্রাণ অকালে ঝরে পড়লে চালকেরা ও প্রশাসন সচেতন হবে? চলন্ত গাড়ির চালকদের অনেক সময় যাত্রীরা মুঠোফোনে কথা বলা বন্ধ করতে অনুরোধ করলেও তাঁরা তাতে কর্ণপাত করেন না। উল্টো যাত্রীকে হয়রানি করা হয়। ফলে প্রাণের বিনিময়ে এই অসচেতনতার মূল্য দিতে হয়। তাই এ ব্যাপারে চালকদের সচেতন করার পাশাপাশি প্রশাসনের উচিত, কঠোর হাতে চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোনে কথা বলা বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।কামরুল ইসলামআনোয়ারা, চট্টগ্রাম।ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়গত ২৩ জুন অভিমত ভিন্নমত বিভাগে ড. সাইফুদ্দীন চৌধুরীর ‘ঘটনা ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়’ শিরোনামে প্রকাশিত লেখার প্রতি পূর্ণ ঐকমত্য প্রকাশ করে আরও কিছু বিষয়ের অবতারণা করছি।জাতীয় পতাকা উত্তোলন এবং নামানোর নির্দিষ্ট কিছু নিয়ম আছে। বিশেষ কোনো উপলক্ষ বা রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করা হয় সূর্যোদয়ের সময় এবং অবশ্যই তা সূর্যাস্তের আগে নামিয়ে নিতে হয়। সন্ধ্যার পর কিংবা রাত্রিকালে জাতীয় পতাকা টাঙিয়ে রাখা অপরাধ। উন্মুক্ত স্থানে পতাকা উত্তোলন কিংবা নামানোর সময় দাঁড়িয়ে সম্মান দেখানো অবশ্য কর্তব্য। অন্যদিকে, যে কেউ ইচ্ছা করলেই তাঁর বাড়ি-গাড়ি, দোকান কিংবা মোটরবাইকের হ্যান্ডেলে জাতীয় পতাকা টাঙাতে পারেন না। কেবল নির্দিষ্ট কয়েকটি জাতীয় দিবসেই বেসরকারি ভবন বা প্রতিষ্ঠানে নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন করা যায় এবং সেই পতাকাও অবশ্যই সূর্যাস্তের আগে নামিয়ে নিতে হয়। একই সঙ্গে জাতীয় পতাকার আকার এবং রংও সঠিক হওয়া প্রয়োজন। রং জ্বলা, ছেঁড়া কিংবা বেঢপ আকৃতির পতাকা উত্তোলন অপরাধ বলে গণ্য হয়ে থাকে। পতাকা টাঙানোর দণ্ডটি অবশ্যই সোজা হতে হবে।রবীন্দ্রনাথ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছিলেন, ‘তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি’। মুক্তিযুদ্ধের মাধ্যমে বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা একটি পতাকা অর্জন করেছি বটে, কিন্তু সেটি যথাযোগ্যভাবে বহন করার মতো শক্তি আমাদের থাক বা না থাক, আবেগ আর উচ্ছ্বাসের কমতি নেই। সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটতে দেখলাম বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর। প্রিয় দলের প্রতি সমর্থনের প্রমাণ হিসেবে দেশের সর্বত্র মাঠঘাট, দোকানপাট এমনকি উঁচু গাছের মগডালেও নানা দেশের নানা রঙের আর নানা আকারের পতাকা। সেই সঙ্গে কেউ আবার দেশপ্রেমের নমুনা দেখিয়ে ছোট্ট একটি লালসূর্যের পতাকাও টাঙিয়েছেন। আমার বিশ্বাস, বিশ্বের আর কোনো দেশে এমন অদ্ভূত আর উৎকট আবেগের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাবে না। সাইফুদ্দীন চৌধুরী যথার্থই বলেছেন, ভিনদেশি এবং সেই সঙ্গে নিজ দেশেরও জাতীয় পতাকা ওড়ানোর নিয়মনীতি কী, তা জনগণকে জানাতে হবে এবং এ ব্যাপারে সরকার ও প্রশাসনযন্ত্র অবশ্যই তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।হাসান মীররানীবাজার, রাজশাহী।সড়ক মেরামতআমি ঢাকার মহাখালীর বাসিন্দা। এখানে রয়েছে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান এবং অনেকগুলো হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্য অধিদপ্তর, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বন ভবন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউট, পর্যটন করপোরেশন, সংক্রামক ব্যাধি হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, জাতীয় অ্যাজমা সেন্টার, যক্ষ্মা হাসপাতাল, কলেরা হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি (প্যারামেডিকেল), সরকারি তীতুমীর বিশ্ববিদ্যালয় কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), রোগতত্ত্ব ও রোগনিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সারজন্স, জাতীয় স্বাস্থ্য গ্রন্থাগার, শ্রবণ ও বচনব্যাধি হাসপাতাল (সাহিক) প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থাপনা। তাছাড়া বাজারঘাট তো রয়েছেই। সঙ্গত কারণেই এলাকাটি অত্যন্ত জনবহুল। তবে দুঃখের বিষয়, বিশাল এ জনগোষ্ঠীর যাতায়াতের জন্য প্রতিনিয়ত অশেষ দুর্ভোগ পোহাতে হয়। এলাকার বেশির ভাগ রাস্তাঘাট অত্যন্ত সরু এবং দীর্ঘদিন ধরে মেরামত না করার কারণে এগুলো চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষত, মহাখালী ওয়্যারলেস গেট থেকে হাজারীবাড়ী-মহাখালী বাজার হয়ে মহাখালী রেল ক্রসিং পর্যন্ত এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট আবাসিক এলাকার পুকুরপাড় হয়ে কলেরা হাসপাতালের পাশ দিয়ে রেলক্রসিং পর্যন্ত রাস্তা দুটির অবস্থা খুবই শোচনীয়। অসংখ্য ঢাকনাবিহীন ম্যানহোল, গর্ত, খাদ ইত্যাদিসহ ময়লা ও অত্যন্ত দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় এসব রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আর বৃষ্টি হলে তো কথাই নেই, হাঁটু থেকে কোমর পর্যন্ত পয়োনালা আবর্জনাযুক্ত নোংরা পানিতে সয়লাব হয়ে যায় গোটা এলাকা। যার ফলে ঘর থেকে বেরোনো এবং কর্মস্থল বা শিক্ষালয় থেকে ঘরে ফেরা, দুটোই দায় হয়ে পড়ে। এমনকি রিকশাওয়ালারা পর্যন্ত রাজি হয় না ভাড়ায় যেতে। কোনো রকমে চড়া ভাড়ায় তাদের রাজি করানো গেলেও ম্যানহোল, গর্ত বা খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। এসব রাস্তাঘাট মেরামতের ব্যাপারে বিভিন্ন পর্যায়ে অনুরোধ জানানো হলেও কেউ কোনো ভ্রূক্ষেপ করছেন না। তাই মহাখালীর হাজারীপাড়া এলাকার রাস্তাঘাট মেরামত ও উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।সীমা রায় মহাখালী, ঢাকা।