চিঠিপত্র
আমাদের চাওয়াআমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম ও ভূসম্পদ কৌশল বিভাগের সদ্য পাস করা শিক্ষার্থী। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা সমাপ্ত করা আমরাই প্রথম ও একমাত্র ব্যাচ। তাই স্বাভাবিকভাবেই আমাদের সম্পর্কে জ্বালানিসম্পৃক্ত দেশীয় প্রতিষ্ঠানগুলোর অতটা অবগত নয়। জ্বালানি ও খনিজ সম্পদ সংকটাপন্ন এই দেশের নিজস্ব দক্ষ প্রকৌশলী গড়ার লক্ষ্য নিয়ে আমাদের বিভাগের যাত্রা শুরু হয়েছে। আমাদের সিলেবাসে এই বিষয়ে যথাযথ গুরুত্বের সঙ্গে পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসিক ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো ছাড়াও অন্য যেসব গুরুত্বপূর্ণ কোর্স আমরা সম্পন্ন করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে—ফান্ডামেন্টাল জিওলজি, পেট্রোলিয়াম জিওলজি, স্ট্রাকচারাল জিওলজি, এক্সপ্লোরেশন মেথডস, রকস অ্যান্ড ফ্লুইড প্রোপার্টিজ, রিজার্ভার ইঞ্জিনিয়ারিং, অয়েল লগিং, পেট্রোলিয়াম প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ন্যাচারাল গ্যাস ইঞ্জিনিয়ারিং, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন, অয়েল টেস্ট অ্যানালাইসিস।বর্তমানে বাংলাদেশে গ্যাসফিল্ডগুলোর যেকোনো সমস্যা সমাধানের দেশীয় শক্তি হিসেবে কাজ করার জন্য আমরা প্রস্তুত। আর আমাদের এই আত্মবিশ্বাস তখনই সত্যতা পাবে যখন আমাদের যথোপযুক্ত সুযোগ দেওয়া হবে। আমরা নিঃসন্দেহে অবদান রাখতে পারি পেট্রোবাংলার অধীন সব কোম্পানিতে।অথচ গত ১০ জুন প্রথম আলোয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাতে আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে দেখলাম, সেই বিজ্ঞপ্তিতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল—সব ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে পাস করা শিক্ষার্থীদের আবেদন করতে বলা হলেও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের কোনো জায়গা হলো না। অতএব, অত্যন্ত স্বাভাবিকভাবেই আমরা নিজেদের বঞ্চিত মনে করছি।আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের শিক্ষা কাজে লাগানোর যথাযথ সুযোগ দেবে। বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় দেশীয় প্রকৌশলী হিসেবে দেশের প্রতি কর্তব্য সুচারুভাবে সম্পন্ন করতে পারার ব্যাপারে আমরা গভীর আত্মবিশ্বাসী।জাহিদ হাসান, শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।পাঠ্যবইয়ে সংবিধানবাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান হওয়া সত্ত্বেও অনেক মানুষ সংবিধান সম্পর্কে জানে না। সংবিধানের বিধিমালা কোনো পাঠ্যবইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে সংযোগ করা হয়নি। বিসিএসসহ বিভিন্ন চাকরির জন্যই একমাত্র সংবিধান পড়ে থাকি। নবম ও দশম শ্রেণীতে যদি বাধ্যতামূলকভাবে সংবিধান পাঠের ওপর নম্বর দেওয়া হয়, তাহলে সংবিধান সম্পর্কে সবাই জানতে পারবে। তাই প্রশাসনের কাছে আবেদন, আগামী বছরে নবম ও দশম শ্রেণীতে সংবিধান বাধ্যতামূলক ও এর ওপর নম্বর দেওয়া হোক।শরিফুল ইসলাম, শিক্ষার্থী, ঢাবি.।