চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন এমন মৃত্যু?২ জুলাই প্রথম আলোয় পুরোনো মোটর যন্ত্রাংশ বিক্রেতা ফারুক হোসেনের মৃত্যুর খবরটি পড়ে খুবই মর্মাহত হয়েছি। গত ২৭ জুনের হরতালের আগের রাতে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় তিনি অগ্নিদগ্ধ হন। হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে তাঁর হেরে যাওয়া কিছু প্রশ্নের জন্ম দেয়। কেন এমন হরতাল ডাকা হয়, যেটা সফল করতে নিরীহ সাধারণ মানুষকে বলি হতে হয়? এ কেমন আন্দোলন, যা নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়? নিরপরাধ ফারুকের গায়ে যারা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়, তাদের বিচার কোনো দিন হবে, নাকি অন্য সব রাজনৈতিক সহিংসতার মতোই এটাও হারিয়ে যাবে? এভাবে আর কত ফারুকের জীবন দিতে হবে? স্বার্থান্বেষী রাজনীতির হাতে জিম্মি মানুষ কি কোনো স্বস্তি পাবে না? সরকার আদৌ নিরীহ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? এসব প্রশ্নের কোনো উত্তর হয়তো কখনোই মিলবে না। কিছুদিন পর আবার আরেক ফারুককে জীবন দিতে হবে। তবু ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।শরিফ খান, শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়।কোটা বনাম মেধাসরকারি চাকরিতে বিদ্যমান কোটাপদ্ধতি এবং এর পরিধি নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে, এখনো হচ্ছে। কোটার সংখ্যা কমিয়ে কর্মক্ষেত্রে প্রকৃত মেধাবীদের সুযোগ বাড়ানোর দাবিতে আন্দোলনও হয়েছে, কিন্তু কোটাব্যবস্থার নানা অসংগতি দূর করার বদলে বিভিন্ন সময় এটি পরিবর্ধনের মাধ্যমে আরও শক্তিশালী করা হয়েছে। ২৫ জুন প্রথম আলোয় অধ্যাপক আসিফ নজরুলের ‘কোটা (৫৫) বনাম মেধা (৪৫)’ শীর্ষক নিবন্ধে প্রণিধানযোগ্য তথ্য-উপাত্ত, পরিসংখ্যান ও গবেষণার ফলাফল বিশ্লেষণের মধ্য দিয়ে তিনি কোটাব্যবস্থার সাংবিধানিক ও আইনগত ভিত্তি ব্যাখ্যা করেছেন। বৈষম্যহীনতার কথা বলে সমাজের অনগ্রসর অংশের জন্য কোটাব্যবস্থা প্রণয়ন ও অনুমোদন করা হয়। কিন্তু সাধারণ নিয়োগের (৪৫ শতাংশ) চেয়ে বেশি কোটার (৫৫ শতাংশ) ফেরে পড়ে উল্টো অধিকতর মেধাবীরাই এখন বৈষম্যের শিকার হচ্ছে। সম্প্রতি কোটায় প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী পাওয়া না গেলে ওই আসনগুলো শূন্য রাখার সরকারি সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের হতাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।‘অনগ্রসর অংশের’ জন্য কোটা প্রদান অনুমোদন করে সংবিধান। সে ক্ষেত্রে ‘নারী’ (১০ শতাংশ) এবং ‘উপজাতি’ (৫ শতাংশ) কোটার বৈধ্যতা থাকলেও জেলা কোটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। আবার মোট কোটার অর্ধেকেরও বেশি মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ। অথচ মুক্তিযোদ্ধাদের জন্য কোটার কোনো আইনগত ভিত্তি নেই। মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততির সংখ্যা দেশের মোট জনসংখ্যার অতি ক্ষুদ্র অংশ হওয়ায় তাদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণ না করে ধীরে ধীরে কমিয়ে এটিকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসাই ছিল সংগত। মুক্তিযুদ্ধে বীর সেনাদের সব ধরনের আনুকূল্য দেওয়া রাষ্ট্রের অবশ্যকর্তব্য। কিন্তু সেটি সঠিক পন্থায় হচ্ছে কি না, অভাবে-অনাহারে, বিনা চিকিৎসায় কোনো মুক্তিযোদ্ধা দিনাতিপাত করছেন কি না, রাষ্ট্রের নীতিনির্ধারকেরা তা খতিয়ে দেখেন কি?স্বাধীনতার ৩৮ বছর পর কতজন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সুফল পাচ্ছেন, তা প্রশ্নসাপেক্ষ। কারণ দেশের সরকার বদলের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধার তালিকা নবায়নের যে মহৎ উদ্যোগ (!) নেওয়া হয়, তাতে ক্ষমতাসীন দলের আধিপত্যে অমুক্তিযোদ্ধারা নিজেদের ‘বঞ্চিত মুক্তিযোদ্ধা’ দাবি করে সেই তালিকায় নাম লিখিয়ে এটিকে কলুষিত করেন। অনেকে অর্থের বিনিময়ে হলেও একখানা মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহে সর্বাত্মক চেষ্টা চালান। তাই সবার আগে নিরপেক্ষভাবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে হবে। কোটা বাতিল নয়, বরং এটি চিরস্থায়ী না করে প্রয়োজনীয় সংশোধন ও সংকোচনের মাধ্যমে বিতর্কমুক্ত করা জরুরি।সোহেল নওরোজশিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।