চিঠিপত্র
শিক্ষাঙ্গনের চিত্রখুলনা মেডিকেল কলেজের যাত্রা শুরু ১৯৯২ সালে। ১৯ বছর পার হলেও যথাযথ শিক্ষায়তনিক উন্নয়ন হয়নি। প্রতিটি বর্ষেই শিক্ষার্থীসংখ্যা আসনের চেয়ে অনেক বেশি। আর প্রতিটি বিভাগে রয়েছে শিক্ষকসংকট। আর এতে বিঘ্নিত হচ্ছে পাঠদান ও পাঠগ্রহণ। পাশাপাশি কলেজের সঙ্গে যুক্ত হাসপাতালের প্রায় প্রতিটি বিভাগেই রয়েছে চিকিৎসকসংকট। তা ছাড়া এসব বিভাগের প্রায় প্রতিটিতে রোগীদের দরকারি সেবা দেওয়ার জন্য নেই প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ। সার্বিক পরিস্থিতি মিলিয়ে খুলনা মেডিকেল কলেজের অবস্থা অত্যন্ত নাজুক। ফলে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও হাজার হাজার শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে প্রয়োজনীয় শিক্ষাগ্রহণ থেকে। এসব সমস্যার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে বারবার বলা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার পরও আবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা উপযুক্ত শিক্ষাগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।একজন শিক্ষার্থীখুলনা মেডিকেল কলেজ।যশোরের রাস্তাপ্রতিদিনই অফিস-আদালতের নানা কাজে বাইরে বেরোতেই হয়, অথচ ঘর থেকে পথে নামতে বড় ভয় করে আজকাল। বয়স বাড়ছে। তাই শরীরের কবজাগুলো নড়বড়ে হতে শুরু করেছে। শুধু বয়স্করাই না, নবীন-প্রবীণ সবারই ভীতির কারণ হয়ে উঠেছে যশোর শহরের রাস্তাগুলোর পুকুরসমান খানাখন্দ। হেঁটে চলাটা আরও কষ্টদায়ক, বিপদের কারণ। চলতি গাড়ির ছলকে আসা সাদা-পানি পথচারীর শরীরে যে মানচিত্র এঁকে দিয়ে যায় তা বোধকরি খোলসা করে বলার অপেক্ষা রাখে না। ভুক্তভোগীরাই সেই দৃশ্যের সঙ্গে কম-বেশি পরিচিত। দীর্ঘদিন সংস্কারের অভাবে যশোর শহরের রাস্তাগুলোর বেহাল দশা। বর্ষা হলেই পানি দাঁড়িয়ে যাচ্ছে, শহরবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। ইজি-বাইকগুলোর (বর্তমানের সহজ পরিবহন) ব্যাটারির চার্জ কমে যাবে, খানাখন্দে বারবার পড়লে। তাই সেগুলো প্রধান সড়কের বাইরে গলির রাস্তাগুলোতে যেতেই চায় না। রিকশা এসব খারাপ রাস্তায় যেতে দাম যা হেঁকে বসে তা আমাদের মতো মধ্যবিত্তের কাছে রীতিমতো ভীতির কারণ। পালবাড়ী মোড় থেকে খাজুরা বাসস্ট্যান্ড, সেখান থেকে মনিহার হয়ে খুলনা যাওয়ার পথে মুড়লী পর্যন্ত এই প্রধান সড়কের অধিকাংশ জায়গাতেই পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পালবাড়ী, চাঁচড়া, খাজুরা বাসস্ট্যান্ড, মুড়লীর মোড় মূলত শহরের প্রবেশপথ। এই পথগুলোর সঙ্গে সংশ্লিষ্ট গলিপথ, যেগুলো আশ্রয় করে শহরে ঢুকতে হয়, সেই সব পথের অবস্থা আরও করুণ। খাজুরা বাসস্ট্যান্ড থেকে বেনাপোল যাওয়ার মূল সড়ক পথে আরও এক মহাফ্যাসাদ বিপজ্জনক সেতু। দীর্ঘদিন ধরে এই সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেলেও সেটি সারাবার বা দেখার মানুষ আজও পাওয়া যায়নি। বিমানবন্দর থেকে শহরে ঢুকতে ওই সড়কের মাঝামাঝি থেকে মূল শহর দড়াটানা অবধি রাস্তাগুলো চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। চাঁচড়ার মোড় থেকে বামনপাড়া পর্যন্ত, শংকরপুর বাসটার্মিনাল থেকে আশ্রম পর্যন্ত একটি রাস্তাও অক্ষত নেই। যেকোনো মুহূর্তে রিকশা, ভ্যান ইজি-বাইক উল্টে যাওয়ার ভীতি নিয়ে পথ চলতে হচ্ছে সর্বক্ষণ। প্রায়শই এ জাতীয় ঘটনার শিকার হতে হচ্ছে চলতি পথের অসংখ্য যাত্রীকে। সড়ক ও জনপদ বিভাগের রাস্তাগুলো দিয়ে মূলত পরিবহনের গাড়ি, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করে। রাস্তার পরিস্থিতির কারণে অনেক সময় চালক গাড়ি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে। হতাহত হচ্ছে যাত্রীরা। আহত যাত্রীকে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে।জনগণ যেমন সরকারকে ট্যাক্স দেয়, তেমনি পৌর করও যশোরবাসী পরিশোধ করে নিয়মিত। তবে কেন রাস্তাঘাট সংস্কার না করে জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনে নাগরিক অধিকার থেকে যশোরবাসীকে বঞ্চিত করা হচ্ছে। রাস্তাঘাটের এই দুর্দশা লাঘবের দায়িত্বটা কার?শ্রাবণী সুরঢাকা রোড, যশোর।সেশনজটআমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থী। ভর্তি হওয়ার পর আমাদের চার বছরের কোর্স সম্পন্ন করতে বর্তমানে ছয় বছর পার হতে চলেছে। কিন্তু তবু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে না। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন, অতি দ্রুত সময়সূচি প্রকাশ করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিন এবং পরীক্ষার ফলাফল তিন মাসের মধ্যে প্রকাশ করুন। হাছান জালালীফেনী সরকারি কলেজ, ফেনী।চাকরির পরীক্ষাকেন্দ্রপ্রাতিষ্ঠানিক শিক্ষার পাট চুকানোর পর পরই শুরু হয় চাকরি পাওয়ার তুমুল প্রতিযোগিতা। কিন্তু অধিকাংশ পরীক্ষা বিশেষ করে সরকারি কর্মকমিশন ও ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রায় সবগুলোতে কেন্দ্র করা হয় দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকাকে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চাকরিপ্রার্থীদের পক্ষে বারবার পরীক্ষা দিতে ঢাকায় যাওয়া একেবারেই সম্ভব নয়। প্রতিবার পরীক্ষা দিতে নিজের পয়সা খরচ করে ঢাকায় আসতে হয়। এ পরিস্থিতিতে অনেকেই বেশ কিছু পরীক্ষায় অংশ নেওয়ার উৎসাহ হারিয়ে ফেলে। শুধু অর্থনৈতিক কারণে অনেক মেধাবী হারিয়ে যায়। অথচ এ পরিস্থিতি উত্তরণের সহজ পথ আছে। সরকারের ও ব্যাংক কর্তৃপক্ষের সুবিবেচনাই এ জন্য যথেষ্ট। সামান্য একটু অবকাঠামোগত পরিবর্তন বদলে দিতে পারে সব দৃশ্যপট। যদি পরীক্ষার্থীরা সব ধরনের পরীক্ষা নিজ নিজ বিভাগে দিতে পারে, তাহলে এত খরচ আর ভোগান্তি হয় না। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মনিরুল ইসলামখুলনা।