চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধার মূল্যায়নগত ২৫ জুন প্রথম আলোয় ‘কোটা (৫৫) বনাম মেধা (৪৫)’ শিরোনামের জনগুরুত্বপূর্ণ লেখাটির জন্য অধ্যাপক আসিফ নজরুলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মতো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়োগের ক্ষেত্রে কোটা-ব্যবস্থার কারণে মেধাবী ও উপযুক্ত প্রার্থীরা তাঁদের মেধার যোগ্য পুরস্কার নির্মমভাবে ছিনতাই হওয়া দেখছেন, আর নিষ্ফল আবেগে চূর্ণবিচূর্ণ হচ্ছেন। ২৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে ৬৫৭ জনকে নির্বাচন করা হয়। এই ৬৫৭ জনের মধ্যে মাত্র ৩১০ জন মেধার ভিত্তিতে এবং ৩৪৭ জন বিভিন্ন কোটায় নিয়োগ পেয়েছেন। অর্থাৎ সরকারি চাকরিতে শতকরা ৪৫ জনকে মেধার ভিত্তিতে এবং ৫৫ জনকে কোটায় নিয়োগ দেওয়া হয়েছে। আসিফ নজরুলের ভাষায়, ১০০ জনের মধ্যে মেধার মূল্যায়নে ৪৬তম স্থান অধিকারীকে চাকরি থেকে বঞ্চিত করে ১০০০তম স্থান লাভকারী তুলনামূলক অমেধাবী প্রার্থীকে কোটার কারণে চাকরি দেওয়া হচ্ছে। বিষয়টি কতটা অন্যায্য ও অমানবিক, তা সবার অনুধাবন করা দরকার।বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৫৫ শতাংশ কোটার বিভাজন হলো—জেলা কোটায় ১০, নারী কোটায় ১০, উপজাতি কোটায় পাঁচ এবং মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ৩০ শতাংশ। একজন মেধাবী ছাত্র বিসিএস পরীক্ষার বিভিন্ন ধাপ দীর্ঘ সময়ে অতিক্রম করেন। তিনি একটি সরকারি চাকরির জন্য অসীম ধৈর্য আর আশায় বুক বেঁধে অপেক্ষা করেন। কিন্তু যখন তিনি দেখেন, এ কোটার কারণে কম যোগ্যতাসম্পন্ন একজন তাঁর কাঙ্ক্ষিত চাকরিতে ভাগ বসিয়েছেন, তখন সেই মেধাবীর করুণ অবস্থা এবং চরম হতাশা একবার কল্পনা করুন। এমনিতে অধুনা বিসিএস পরীক্ষায় এই দীর্ঘ কালক্ষেপণ পদ্ধতি মেধাবী ছাত্রদের বেসরকারি প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি ইত্যাদির প্রতি অধিক আগ্রহী করে তুলছে।এর ফলে সরকারি চাকরিতে মেধাসংকট এবং মেধা পাচার প্রকট হয়ে দেখা দিচ্ছে। বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তিরা সরকারের রাষ্ট্রীয় নীতিনির্ধারণ, বাস্তবায়ন ও পরিচালনার মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। দেশ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে মেধাবীদেরই তো অগ্রাধিকার থাকবে। এ কারণে বাংলাদেশ সিভিল সার্ভিসকে কোটার বাইরে রেখে অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে এই কোটা প্রয়োগ করা যেতে পারে। আসিফ নজরুল উল্লেখ করেছেন, সামরিক বাহিনীর কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এ রকম কোনো নির্দিষ্ট কোটা পদ্ধতি নেই।পরিশেষে আমাদের ভাবতে হবে, কম মেধাবীদের উপযুক্ত কর্মক্ষেত্রে নিয়োগের সুযোগ করে দিয়ে মেধাবী জনগোষ্ঠীকে দেশ ও জাতির স্বার্থে যথাস্থানে নিযুক্ত করলে দেশ এগিয়ে যাবে, বদলে যাবে আমাদের আজকের সিভিল সার্ভিসের দুর্দশাগ্রস্ত চালচিত্র।রিফাত আখতার চৌধুরীঅবসরপ্রাপ্ত অধ্যাপক, ঢাকা।অবৈধ ব্লাড ব্যাংকরোগীকে বাঁচাতে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনে আমরা ছুটে যাই বিভিন্ন ব্লাড ব্যাংকে। তড়িঘড়ি করে রক্ত সংগ্রহ করে রোগীকে বাঁচিয়ে তুলি। কিন্তু ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা রক্ত যদি জীবাণুযুক্ত হয়, তাহলে কিছুদিন পর ওই রোগী আবার অসুস্থ হয়ে পড়ে, দেখা দেয় নতুন উপসর্গ। অবাক করা ব্যাপার হলো, দেশে বিদ্যমান ব্লাড ব্যাংকগুলোর বেশির ভাগই অবৈধ। এগুলোর কোনো সরকারি অনুমোদন নেই। মানুষের জীবন-মরণ সমস্যা নিয়ে প্রতারণা দুঃখজনক। নিয়ম অনুসারে প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন করার পরই কেবল ব্লাড ব্যাংকগুলো রক্ত সরবরাহ করতে পারে। কিন্তু অপরীক্ষিত রক্তই এসব ব্লাড ব্যাংক পরীক্ষিত বলে চালিয়ে দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জরুরি ভিত্তিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। লোকবলের অভাবের কথা বলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি ধামাচাপা দিয়ে রাখেন। আসলে তাঁদের অদক্ষতা, অবহেলা ও কিছু করব না—এমন মনোভাব এসবের মূল কারণ। ব্লাড ব্যাংকগুলোর সঙ্গে কোনো ধরনের যোগসাজশ না রেখে প্রশাসনের নজরদারি এবং ঘন ঘন অভিযান পরিচালনার মাধ্যমে এর সমাধান সম্ভব।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।