চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র একদিন বড় হবেআমাদের দেশের ভূমিদস্যুদের কীর্তি ও ড্যাপসহ দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি ‘একটি ভয়ংকর কল্পকাহিনি অতঃপর...’ শিরোনামে তুলে ধরার জন্য সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হককে ধন্যবাদ। সত্যিই, ভূমিদস্যুরা এখন আর পানিও নয়, নকশা বিক্রি করে। অন্যের জায়গার ওপর ভিত্তি করে বানানো নকশা ওরা বাহারি ঢঙে বিজ্ঞাপনের মায়াজালে দেশের সাধারণ মানুষের কাছে বিক্রি করে। এ নকশার অনেক জমির মালিকই কোনো টাকা পায় না। আরও অনেকে পায় না ন্যায্য মূল্য। আবার সরল মানুষের এই দেশে অনেক জমির মালিকের (দেশে জমিসংক্রান্ত জটিল আইনের মানদণ্ডে এবং উত্তরাধিকারসহ নানা সূত্রে প্রাপ্ত মালিকানার মারপ্যাঁচের কারণে) সঠিক কাগজপত্রের ঘাটতি থাকার ফলে ওরা তো তাদের পাত্তাই দেয় না। ওদের কাছে দাবি, প্রার্থনা, আকুতির কোনো মূল্য নেই। ওদের বিরুদ্ধে কথা বলার শক্তি, সাহস কার? থানা প্রশাসন সবই ওদের কব্জায়। নালিশ করেও কোনো লাভ নেই। জমিহারা নিঃস্ব মালিকের তপ্ত অশ্রু একসময় বাতাসে শুকিয়ে যায়, বুকফাটা আর্তনাদ আর দীর্ঘশ্বাস দিগন্তে মিলিয়ে যায়। কেউ শোনে না ওদের কথা। যাদের শোনার কথা তারা তো ওদেরই কেনা। ওদের টাকায়ই তো তাদের বিলাসী প্রাসাদে সুখনিদ্রা হয়। ওদের পক্ষে কথা বলারও লোক আছে, আছে কলম, আছে গণমাধ্যম। ওরা কথার মারপ্যাঁচে যুক্তির বিশ্লেষণে কত বেঠিককে সঠিক করতে পারে!কিন্তু এই যে মিথ্যের দেয়াল দিনে দিনে বড় হয়েছে, যা সত্যের আলোয় পৌঁছাতে দিচ্ছে না আমার এ ভূমিতে, তা দেখে আমরা নিশ্চুপ থাকতে পারি না। আনিসুল হকের এই লেখা এবং এই আনিসুল হকদের যারা সমর্থন করে, সময়ের বৈরী স্রোতে তা হয়তো তেমন গুরুত্ব পাবে না এখনই, কিন্তু এই চেষ্টা অনেক চেষ্টার মধ্যে অন্তত ক্ষুদ্রের স্থান দখল করে থাকবে। এই ক্ষুদ্রই একদিন বড় হবে। সেদিন এই নিঃস্ব বঞ্চিতের দীর্ঘশ্বাসে ওরা পুড়ে ছাই হবে। সেদিন বঞ্চিতরা দীর্ঘশ্বাস নয়, সুস্থ পরিবেশে, নির্মল বাতাসে বুক ভরে স্বস্তির নিশ্বাস নেবে, স্বপ্ন দেখবে আরও সামনে যাওয়ার।রবিউল আউয়ালমিরপুর, ঢাকা।সঞ্চয়পত্রের মুনাফা ২০১০-১১ অর্থবছরের বাজেট পেশের প্রারম্ভে অর্থমন্ত্রী সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। সঞ্চয়পত্রের সুদের হার অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে ১.৫ শতাংশ হারে কমানো হয়েছে। এ ছাড়া ১০ শতাংশ হারে প্রাপ্ত মুনাফার ওপর উৎসে আয়কর কর্তনের জন্য বাংলাদেশ ব্যাংক পরিপত্র জারি করে বিভিন্ন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সঞ্চয় ব্যুরোতে পত্র প্রেরণ করেছে। গত ২৮ জুন সংসদে বাজেট পাসের প্রারম্ভে প্রধানমন্ত্রী সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ উৎসে আয়কর কর্তনের অর্থমন্ত্রীর প্রস্তাব শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছিলেন। ইতিপূর্বে কৃষিমন্ত্রী সঞ্চয়পত্রের মুনাফার হার না কমানোর জন্য অর্থমন্ত্রীকে সংসদে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা বাস্তবে সম্পূর্ণ উল্টো চিত্রটাই দেখতে পেল। এ ছাড়া এ বছরের ১ জুলাইয়ের আগে ক্রয়কৃত সঞ্চয়পত্রে ১০ শতাংশ উৎসে আয়কর কর্তনের কোনো প্রস্তাব ছিল না, যা বর্তমানে বিভিন্ন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তনের মাধ্যমে অনুসরণ করছে। মধ্যবিত্ত, অবসরভোগী, বিধবারা সাধারণত সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকে। পক্ষান্তরে, সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ১২ শতাংশ চক্রবৃদ্ধি হারে বহাল রাখা হয়েছে এবং সরকারি মালিকানাধীন কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের অর্থ শুধু পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগের বিধান রয়েছে। সরকারি চাকরিজীবীরা পেনশনের সুবিধা পায় কিন্তু সরকারি মালিকানাধীন কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা পেনশনের পরিবর্তে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটির সুবিধা পায়। সেখানে সুদের হার ১.৫ শতাংশ কমানো হলে প্রাতিষ্ঠানিক প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগকারীরা চাকরিজীবনের শেষে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরিশেষে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে পুনরায় সঞ্চয়পত্রের মুনাফার হার এবং উৎসে আয়কর কর্তনের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি।টি এ মমিন, সিরাজগঞ্জ।