চিঠিপত্র
নীতিবিদ্যাবর্তমান যুগ যান্ত্রিক যুগ। এ যুগে যন্ত্রের প্রভাবে মানুষের আচরণ যান্ত্রিক হয়েছে। যন্ত্রের যেমন নৈতিকতা ও নীতিবোধ নেই, তেমনি মানুষের মধ্যে নৈতিকতার চরম অভাব পরিলক্ষিত হচ্ছে। নৈতিকতাহীন মানুষ আজ সমাজ ও দেশকে যেভাবে পরিচালিত করছে, এতে এই দেশ, এই সমাজ একদিন কোথায় গিয়ে থামবে, তা ভাবার সময় এসেছে আমাদের।পত্রিকার পাতায় প্রতিদিন অনেক শিক্ষিত লোকের নীতিবোধহীন কর্ম আমরা জানতে পারি।উল্লেখ্য, মায়ের অপকর্ম জানতে পারায় সন্তানকে হত্যার মতো ঘটনা আমাদের দেশে ঘটছে। প্রতিদিন সংবাদপত্রের পাতায় ইভ টিজিংয়ের খবর প্রকাশিত হচ্ছে। শিক্ষকের দ্বারা ছাত্রী ইভ টিজিংয়ের শিকার হচ্ছে। তা হলে বোঝায় যাচ্ছে, ওই সব শিক্ষক নামে মাত্র শিক্ষিত। তাঁরা প্রকৃত শিক্ষা কখনো শিখতে পারেননি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওই সব শিক্ষক কখনো নীতিবিদ্যা পড়েননি; নৈতিকতা বিষয়ে জানতে চেষ্টাও করেননি।কারণ, নীতিবিদ্যা মানুষের আচরণের ভালোমন্দ, উচিত-অনুচিত নিয়ে আলোচনা করে; যা চরিত্র গঠনে খুবই কার্যকর।আর প্রায়োগিক নীতিবিদ্যা নৈতিক-তত্ত্বের মাধ্যমে জীবনের বিশেষ বিশেষ সমস্যার সমাধান করে, যা এ যুগের জন্য অত্যন্ত কার্যকর। তাই আমার দৃষ্টিতে বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় নীতিবিদ্যা প্রতিটি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কারণ, এই শিক্ষা প্রকৃত শিক্ষা। এই শিক্ষা যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিতে পারি, তাহলে আর রাজনৈতিক দলগুলো ছাত্রদের অনৈতিক পথের কাণ্ডারি হিসেবে ব্যবহার করতে পারবে না। শিক্ষাঙ্গন হবে নৈতিকতার আসল প্রতিমূর্তি। আর এই নৈতিকতার প্রয়োগ যদি আমাদের সরকারি ও বিরোধী দলের মধ্যে জাগ্রত করা সম্ভব হয়; তবে দেশ উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে চলবে।মো. হেলালুর রহমান মিঞাএমএ (শেষ পর্ব), দর্শন বিভাগঢাকা কলেজ।বৃক্ষবিনাশী উন্নয়নভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি বনের ভেতর দিয়ে পাকা রাস্তা নির্মাণের জন্য ১৫ হাজার গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩ জুলাই প্রথম আলোয় প্রকাশিত এ সংবাদটি আমাদের অপরাধী করে তোলে। সূত্রমতে, স্থানীয় জনগণ, সংবাদমাধ্যম ও পরিবেশকর্মীদের তীব্র আপত্তি এবং রাস্তা নির্মাণের বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও মাত্র ১৫ মিনিট সময় বাঁচানোর জন্য ১৫ হাজার গাছের অকাল মৃত্যুদণ্ড ঘোষণা করেছে সরকার, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জলবায়ু বিপর্যয়ের এই যুগে সরকার কীভাবে পরিবেশ, প্রতিবেশ তথা জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের ভূমিকাকে বিবেচনায় না নিয়ে এর অর্থনৈতিক মানদণ্ডের ওপর ভিত্তি করে বৃক্ষ নিধনের মতো এ রকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, তা আমাদের বোধগম্য নয়। অথচ এই বৃক্ষই হচ্ছে আমাদের সৃষ্টির ধারক ও বাহক। ১৯৭৭ সালে চর কুকরিমুকরি বনে বনায়ন কার্যক্রম শুরু করে বন বিভাগ। ফলে বর্তমানে ভোলায় একটা সবুজবেষ্টনী গড়ে উঠেছে। এই ম্যানগ্রোভ বনে আছে গেওয়া, কেওড়া, সুন্দরী, গরানের মতো মূল্যবান বৃক্ষ এবং হরিণ, বানর, বনবিভাড়, উদবিড়াল ও সাপের মতো মূল্যবান প্রাণী। এই বন আইলা, সিডর, জলোচ্ছ্বাসের সময় ভোলার মানুষের রক্ষাকবচ হিসেবে কাজ করার পাশাপাশি পরিবেশ, প্রতিবেশ তথা জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা এই ভেবে আশ্চর্য হই যে, বন বিভাগ প্রথমে আপত্তি করলেও স্থানীয় সাংসদের অপচেষ্টায় তারা সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়; অথচ এই বনকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করার বিষয়টি প্রক্রিয়াধীন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা এবং নির্বিচারে বৃক্ষ নিধনের ফলেই জলবায়ু পরিবর্তনজনিত হুমকিতে বাংলাদেশের অবস্থান শীর্ষে। নামসর্বস্ব উন্নয়নের নামে বনের ভেতর দিয়ে পাকা রাস্তা নির্মাণের আসল উদ্দেশ্য হচ্ছে, বন উজাড় করে গাছ পাচার করা এবং এর জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করা; যার প্রকৃষ্ট উদাহরণ টাঙ্গাইল ও মধুপুরের শালবন। এ রকম হঠকারী সিদ্ধান্ত শুধু বৃক্ষ নিধনকেই উৎসাহিত করে না, পাশাপাশি এটা বনের খাদ্যশৃঙ্খল তথা বাস্তুসংস্থানকেও ধ্বংসের মুখে ঢেলে দেয়। সরকারের এ রকম অবিবেচক সিদ্ধান্ত আমাদের মনে নানা প্রশ্নের উদ্রেক করে। আসলেই সরকার পরিবেশ সংরক্ষণে আন্তরিক? যদি তাই হয়, তাহলে সরকারের কাছে আমাদের দাবি, বিকল্প পথে রাস্তা নির্মাণ করা হোক এবং এই ১৫ হাজার অবুঝ গাছকে অকাল মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হোক।সুজয় সুব্রতশাবিপ্রবি, সিলেট।রাজশাহী-চট্টগ্রাম ট্রেনযাত্রী পরিবহনের সবচেয়ে নিরাপদ, আরামদায়ক এবং অর্থনৈতিক দিক দিয়েও সুবিধাজনক মাধ্যম হচ্ছে ট্রেন যোগাযোগ। সারা বিশ্বে আধুনিক রেল যোগাযোগব্যবস্থার বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, গত ৩৯ বছরে দেশের উত্তরাঞ্চলে রেল যোগাযোগ মারাত্মকভাবে অবহেলিত থাকার ফলে জনসাধারণ পরিবার-পরিজন নিয়ে সড়ক ও অন্যভাবে অবর্ণনীয় যন্ত্রণা ও কষ্টের মধ্য দিয়ে গন্তব্যস্থলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। রাজশাহী থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেন যোগাযোগ নেই। রাজশাহী থেকে বাসে যাওয়া অত্যন্ত কষ্টকর ও ব্যয়বহুল। শুধু জামালপুরের তারাকান্দি স্টেশন থেকে যমুনা সেতু পর্যন্ত মাত্র কয়েক কিলোমিটার একটি সংযোগ রেলপথ চালু করলে অতি সহজেই দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী তাদের দীর্ঘদিনের আশা পূরণে সক্ষম হবে এবং নিঃসন্দেহে এই রেল যোগাযোগ বাংলাদেশ রেলওয়ের জন্য যাত্রী ও মালামাল পরিবহনে বিরাট লাভের সুযোগ সৃষ্টি করবে। অতএব, বর্তমান সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন, জামালপুরের তারাকান্দি থেকে যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত রেললাইন সংযোগের ব্যবস্থা করে রাজশাহী যাতায়াতকারী আন্তনগর ট্রেনের একটা অংশ ময়মনসিংহ হয়ে সিলেট ও চট্টগ্রাম অভিমুখে চালু করার ব্যবস্থা করে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীকে কৃতজ্ঞতায় আবদ্ধ করবেন।জাহেদুর রহমান ইকবালতাহেরপুর পৌরসভাবাগমারা, রাজশাহী।শিক্ষকসংকটঠাকুরগাঁও সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাত্র একজন শিক্ষিকা ও একজন অতিথি শিক্ষক আছেন ক্লাস নেওয়ার জন্য। এই দুজন শিক্ষক দিয়ে সব ক্লাস নিয়মিত নেওয়া হয় না। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তার ওপর আবার শ্রেণীকক্ষের সংকট। বিভাগের জন্য নির্দিষ্ট কোনো শ্রেণীকক্ষ নেই। অন্যদের শ্রেণীকক্ষে ক্লাস করতে গেলে তারা ক্লাস চলার সময়েই এসে বের করে দিয়ে তাদের ক্লাস করে। শিক্ষকেরাও এসব বিষয়ে নীরব। অথচ এসব বিষয় দেখার কেউ নেই। কোনো দিন শ্রেণীকক্ষের অভাবে ক্লাসই নেওয়া হয় না। এতে করে শিক্ষার্থীরা কলেজে যেতে অনীহা প্রকাশ করে। ক্লাস ও পড়াশোনার প্রতি আগ্রহ কমে যায়। অনেক শিক্ষার্থী ঝরেও পড়ে। প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট শ্রেণীকক্ষ থাকলেও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নেই। অথচ এই বিভাগেই সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। শ্রেণীকক্ষের আবেদন অনেকবার করা হলেও আজও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই অবিলম্বে নির্দিষ্ট শ্রেণীকক্ষ ও শিক্ষকসংকট দূর করার জন্য কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।রেহানা রিমিপূর্ব গোয়ালপাড়া, ঠাকুরগাঁও।