চিঠিপত্র
বাঁশবন রক্ষায়চট্টগ্রামের মীরসরাই রেঞ্জের অধীনে গোবানিয়া বনবিট একসময় ছিল প্রাকৃতিক বাঁশবনসমৃদ্ধ। এই বিটের পাহাড়ে মুলি, মিটংগা, রফাই, ডলু প্রভৃতি জাতের বাঁশের বন ছিল। ওই বাঁশ দিয়ে এলাকার কৃষক ও গৃহস্থরা খেত-খামারের ঘেরে বেড়া দেওয়া, খুঁটি-মাচা দেওয়াসহ ঘর-দরজা ও গৃহস্থালির বিভিন্ন কুটির শিল্পদ্রব্য লাই, খাছি, ঝাঁপন, ডোল, ঘুরি, ডালা, কুলা, মোড়া, চালুন, ধারি, চাঁটাই, বটনি প্রভৃতি নির্মাণ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করত। অত্যন্ত পরিতাপের বিষয়, ১৯৯৬ থেকে ২০০২ সালের মধ্যে এই বিটের বিস্তৃত সেগুন বাগান লুটপাটের পর বাঁশবন উজাড়ের তৎপরতাও শুরু হয়েছে। এর ফলে ঢালাওভাবে বাঁশবন কেটে, কাটা স্থানেই তা শুকিয়ে শুকনো বাঁশ লাকড়ি হিসেবে মীরসরাই-নারায়ণহাট ঢালা রাস্তা দিয়ে ট্রাকে করে পাচারের কারণে বাঁশবনও দ্রুত উজাড় হয়ে যাচ্ছে। বাঁশের বংশ বিস্তারের মাস বর্ষায় (জুন-জুলাই) এই বিটের কুমরিছড়া ব্লকের পাহাড়ে ধ্বংসাত্মক গোচারণের সুযোগ দেওয়ায় শত শত গবাদিপশু দিয়ে বনজ চারাগাছ ধ্বংসসহ বাঁশকরুল ভেঙে বাঁশবনের ধ্বংসকে ত্বরান্বিত করছে। সংরক্ষিত বনাঞ্চলে গোচারণ বন আইনে নিষিদ্ধ হলেও বিট অফিসের নাকের ডগা দিয়ে তা চলমান থাকার বিষয়টি রহস্যজনক। বর্তমানে চাহিদামতো বাঁশ না পেয়ে কৃষক ও দরিদ্র মানুষ দিশেহারা, অনেকে বেকার হয়ে পড়েছে। এ বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণের পরেও স্থানীয় কর্তৃপক্ষ উদাসীন থাকায় বাঁশবন রক্ষার্থে গোচারণ বন্ধের মতো সাধারণ বিষয়েও পরিবেশ ও বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি তিনি বিষয়টি তদন্তের নির্দেশসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বাবুল দেমীরসরাই, চট্টগ্রাম।রেশমশিল্প রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমশিল্পের সুদিন আর নেই। তার ওপর পাওয়ার লুমের ওপর ভ্যাট আরোপের ফলে এই শিল্পের অবস্থা আরও শোচনীয়। রাজশাহীর রেশমশিল্পের আগের অবস্থা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তা যথাযথ বাস্তবায়নের অভাবে সাফল্যের মুখ দেখেনি। পরবর্তী সময়ে রেশমকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার পর অবস্থার কিছুটা পরিবর্তন হয়। এই শিল্পের মাধ্যমে বিপুল সংখ্যক নারীশ্রমিক আত্মকর্মসংস্থানের পথ করে নিয়েছে। এ অবস্থায় পাওয়ার লুমের ওপর শতকরা ১৭ ভাগ হারে ভ্যাট আরোপের ফলে আবারও এই শিল্প হুমকির মুখে পড়েছে। এতে বহু শ্রমিকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। ভ্যাট আরোপের ফলে উৎপাদন ব্যয় বেড়ে গেলে পণ্যের মূল্যবৃদ্ধির ফলে কাপড়ের বাজার প্রতিবেশী দেশের দখলে চলে যাবে। এ অবস্থায় রেশমশিল্পকে টিকিয়ে রাখতে হলে এই শিল্পের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। এ ছাড়া রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে বন্ধ রিলিং স্টেশন আবার চালু করতে হবে। জাহেদুর রহমানবাগমারা, রাজশাহী।